নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে মাউশির নির্দেশনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান
নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে মাউশির নির্দেশনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭: উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু অক্টোবরে, নিবন্ধনের শেষ সময় ১০ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ক্রীড়া উন্নয়ন ও শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২) কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা আগামী অক্টোবর ২০২৬ থেকে শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ কর্মসূচিতে সহযোগিতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মাউশির স্মারক নং-৩৭.০২.০০০০.১১২.০৬.০০১.২০/৬৭৮০ অনুযায়ী, নির্দেশনাটি ২৫ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১৮ আগস্ট ২০২৬ তারিখের সংশ্লিষ্ট স্মারকের পরিপ্রেক্ষিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির কার্যক্রম সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে।
১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে
নির্দেশনা অনুযায়ী, দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা অনলাইন অথবা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
রেজিস্ট্রেশন কার্যক্রম গত ১ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ থাকবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
অনলাইনে নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা যাবে:
নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশন পোর্টাল
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যেসব পদক্ষেপ নিতে হবে
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানদের নির্দিষ্ট কিছু কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
১. শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ:
মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
২. শ্রেণিকক্ষে প্রচার:
প্রতি শ্রেণিতে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে অবহিত করতে হবে।
৩. নোটিশ বোর্ডে নির্দেশনা:
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা প্রদর্শন করতে হবে।
৪. ব্যানার প্রদর্শন:
শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
৫. সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার:
প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে কর্মসূচি সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
৬. ওয়েবসাইটে প্রচারণা:
যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেসব ওয়েবসাইটেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির বিষয়ে প্রচারণা চালাতে হবে।
অক্টোবরে শুরু উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২)-এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী অক্টোবর মাসে শুরু হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের পথ আরও সম্প্রসারিত হবে।
মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
শারীরিক শিক্ষা বিভাগ
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নং-৩৭.০২.০০০০.১১২.০৬.০০১.২০/৬৭৮0
তারিখ: ২৫ আগস্ট ২০২৬
বিষয়: 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২০২৭ (সিজন-২) কর্মসূচি-তে সহযোগিতা প্রদান।
সূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্মারক নং- ৩৪,০০,০০০০,০০০,০৮০,৯৯,০০১৬ ২৬,৩৬৮ তারিখ: ১৮ আগস্ট ২০২৬খ্রি,
উল্লিখিত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী অক্টোবর ২০২৬ এ শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের কার্যক্রম ০১ জুলাই ২০২৬ হতে শুরু হয়েছে যা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। নিম্নোক্ত লিংক ব্যবহার করে 'নতুন কুড়ি স্পোর্টস' ২০২৬-২০২৭ (সিজন-২) এ রেজিষ্ট্রেশন করা যাবে।
লিংকঃ- https://notunkurisports.gov.bd/registration.php
নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণ নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করবেন;
০১। এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন।
০২। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।
০৩। নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে।
০৪। শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ড্রপ ডাউন ব্যানার প্রদর্শন করতে হবে।
০৫) শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করতে হবে।
০৬। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইটে 'নতুন কুঁড়ি স্পোর্টস' সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(প্রফেসর মো: শহিদুল ইসলাম)
উপপরিচালক (শারীরিক শিক্ষা)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।


No comments
Your opinion here...