লাইফলাইন ও প্রথম ধাপের বিদ্যুতের মূল্যবৃদ্ধি স্থগিত, আগের হারই বহাল রাখল বিইআরসি
লাইফলাইন ও প্রথম ধাপের বিদ্যুতের মূল্যবৃদ্ধি স্থগিত, আগের হারই বহাল রাখল বিইআরসি
ঢাকা, ৪ জুন ২০২৬: আবাসিক গ্রাহকদের জন্য লাইফলাইন (০-৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন নতুন করে নির্ধারিত বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ও প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিইআরসি গত ৩ জুন বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে আদেশ জারি করেছিল।
ওই আদেশ অনুযায়ী আবাসিক লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের মূল্যহার প্রতি ইউনিট ৪ দশমিক ৬৩ টাকা থেকে ৬৯ পয়সা বাড়িয়ে ৫ দশমিক ৩২ টাকা এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের ক্ষেত্রে ৫ দশমিক ২৬ টাকা থেকে ৯২ পয়সা বাড়িয়ে ৬ দশমিক ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে পুনর্নির্ধারিত এ মূল্যহার পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো ৪ জুন কমিশনের কাছে আবেদন করে। পরে বিষয়টি শুনানি শেষে বিবেচনা করে বিইআরসি সিদ্ধান্ত নেয় যে, লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্যহার কার্যকর করা হবে না। ফলে আগের হারই বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির আবাসিক গ্রাহকদের জন্য লাইফলাইন (০-৫০ ইউনিট) ব্যবহারে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৪ দশমিক ৬৩ টাকা এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) ব্যবহারে প্রতি ইউনিট ৫ দশমিক ২৬ টাকা বহাল থাকবে। জুন ২০২৬ মাসের বিল থেকে এই হার কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, বর্ধিত মূল্যহার প্রত্যাহারের ফলে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আয় কমবে। এই ঘাটতি সরকারকে অতিরিক্ত ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করতে হবে।
কমিশনের তথ্য অনুযায়ী, লাইফলাইন ও প্রথম ধাপের মূল্যহার পূর্বের অবস্থায় বহাল রাখার ফলে ৩ জুন ঘোষিত পুনর্নির্ধারিত খুচরা বিদ্যুতের ভারিত গড় মূল্য (Weighted Average) প্রতি ইউনিট ১০ দশমিক ৬৩ টাকা থেকে ২৩ পয়সা কমে ১০ দশমিক ৪০ টাকায় নেমে আসবে।
বিইআরসি আরও জানিয়েছে, ৩ জুন ২০২৬ তারিখে জারিকৃত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত আদেশের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। কমিশনের এ আদেশ জুন ২০২৬ বিল মাস থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন
আইইবি ভবন (৬ষ্ঠ ও ৭ম তলা), রমনা, ঢাকা-১০০০।
ওয়েবসাইট: www.berc.org.bd
নং-২৮.০১.০০০০.০১২.০৪.০০৩.২৬.২৫৬৯
তারিখ: ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ০৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ
বিদ্যুতের আবাসিক গ্রাহকশ্রেণির লাইফ লাইন (০-৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) বিদ্যুতের খুচরা মূল্যহার সংশোধন বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এর ৩-৬ মে ২০২৬ তারিখের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে গণশুনানি প্রদানপূর্বক কমিশন কর্তৃক বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণপূর্বক ০৩ জুন ২০২৬ তারিখে আদেশ জারী করা হয়।
০২। ০৩ জুন ২০২৬ তারিখে কমিশনের স্মারক নম্বর: ২৮.০১.০০০০.০১২.০৪.০০৩.২৬.২৫২১ এর মাধ্যমে জারীকৃত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত আবাসিক লাইফ লাইন (০-৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) পুনর্নির্ধারিত মূল্যহার পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহের ০৪ জুন ২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিঅন্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন বিদ্যুৎ বিতরণ (খুচরা) ট্যারিফ প্রবিধানমালা, ২০১৬ এর প্রবিধান ১৩(৩) অনুসারে আবাসিক লাইফ লাইন (০-৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হলো।
০৩। সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির লাইফ লাইন (০-৫০ ইউনিট) এর এনার্জি রেট/চার্জ ৪.৬৩ টাকা/কি.ও.ঘ এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট/চার্জ ৫.২৬ টাকা/কি.ও.ঘ. বিল মাস জুন ২০২৬ থেকে বহাল থাকবে।
০৪। বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে ০৩ জুন ২০২৬ তারিখে জারীকৃত কমিশনের স্মারক নম্বর: ২৮,০১,০০০০,০১২,০৪,০০৩,২৬,২৫২১ এর অন্যান্য আদেশ অপরিবর্তিত থাকবে।
স্বাক্ষরিত
মোঃ নজরুল ইসলাম সরকার
সচিব, বিইআরসি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন
আইইবি ভবন (৬ষ্ঠ ও ৭ম তলা), রমনা, ঢাকা-১০০০।
ওয়েবসাইট: www.berc.org.bd
নম্বর: ২৮.০১.০০০০.০১২,০৪,০০৩,২৬.২৫৭০
তারিখ: ০৪ জুন ২০২৬
প্রেস রিলিজ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এর ৩-৬ মে ২০২৬ তারিখের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে গণশুনানি প্রদানপূর্বক বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণপূর্বক ০৩ জুন ২০২৬ তারিখে আদেশ জারী করা হয়। কমিশনের উক্ত আদেশে বিদ্যুতের খুচরা মূল্যহার আবাসিক গ্রাহকশ্রেণির লাইফলাইন (০-৫০ ইউনিট) এর মূল্যহার ৪.৬৩ টাকা/কি.ও.ঘ. থেকে ০.৬৯ টাকা/কি.ও.ঘ. বৃদ্ধি করে ৫.৩২ টাকা/কি, ও.ঘ. এবং প্রথম ধাপ (০-৭৫ ইউনিট) এর মূল্যহার ৫.২৬ টাকা/কি.ও.ঘ. থেকে ০.৯২ টাকা/কি.ও.ঘ. বৃদ্ধি করে ৬.১৮ টাকা/কি.ও.ঘ. করা হয়।
০২। কমিশনের ০৩ জুন ২০২৬ তারিখে জারীকৃত আদেশে অন্তর্ভুক্ত আবাসিক লাইফ লাইন (০-৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) পুনর্নির্ধারিত মূল্যহার পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহের ০৪ জুন ২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিঅন্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ বিদ্যুৎ বিতরণ (খুচরা) ট্যারিফ প্রবিধানমালা, ২০২৬ এর প্রবিধান ১৩(৩) অনুসারে আবাসিক লাইফ লাইন (০-৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হয়েছে। এতে বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহের আয় কমবে যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করতে হবে।
০৩। সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইন (০-৫০ ইউনিট) এর এনার্জি রেট/চার্জ ৪.৬৩ টাকা/কি.ও.ঘ এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট/চার্জ ৫.২৬ টাকা/কি.ও.ঘ. বিল মাস জুন ২০২৬ থেকে কার্যকর থাকবে। এর ফলে ০৩ জুন ২০২৬ তারিখে পুনর্নির্ধারিত খুচরা বিদ্যুৎ মূল্যহার ভারিত গড় (Weighted Average) ১০.৬৩ টাকা/কি.ও.ঘ. থেকে ০.২৩ টাকা/কি.ও.ঘ. হ্রাস পেয়ে ১০.৪০ টাকা/কি.ও.ঘ. এ দাঁড়াবে (বিজ্ঞপ্তি সংযুক্ত)।
০৪। কমিশনের আদেশ বিল মাস জুন ২০২৬ হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
কমিশনের আদেশক্রমে,
স্বাক্ষরিত
মোঃ নজরুল ইসলাম সরকার।
সচিব, বিইআরসি।




No comments
Your opinion here...