ad

দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে

Views

 


দের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যাশেয় উন্নীত করা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরাধীন সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৩ জুন ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত সক্ষমতা, শয্যা সংখ্যা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে পর্যায়ক্রমে এগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা স্মারক নম্বর স্বাঃ অধিঃ/প্রশাসন/বিবিধ-৩/২০০৮ (অংশ)/২০৭১ অনুযায়ী, সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর (PWD) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা প্রদান এবং প্রয়োজনীয় তথ্য ও ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শন দলের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বিদ্যমান অবকাঠামো, জনবল, চিকিৎসা সরঞ্জাম, শয্যা সংখ্যা এবং সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করবেন বলে জানা গেছে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হলে গ্রামীণ জনগোষ্ঠী আরও উন্নত ও বিস্তৃত স্বাস্থ্যসেবা পাবে। এতে উপজেলা পর্যায়ে রোগীদের চিকিৎসা গ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে এবং জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

উল্লেখ্য, এ সংক্রান্ত নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষর করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

স্বাস্থ্য অধিদপ্তর 

মহাখালী, ঢাকা।

নং-স্বাঃ অধিঃ/প্রশাসন/বিবিধ-৩/২০০৮ (অংশ)/২০৭১

তারিখ: ০৩/০৬/২০২৬

বিষয়ঃ দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করণ প্রসংগে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরাধীন সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে PWD এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর/প্রতিষ্ঠানের প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহ পরিদর্শন করবেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট পরিদর্শন টিমকে সার্বিক সহযোগীতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(অধ্যাপক ডা: জালাল উদ্দিন মোহাম্মদ রুমী) 

পরিচালক (প্রশাসন)


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.