ad

পাইকারি, সঞ্চালন ও খুচরা—তিন স্তরেই বাড়ল বিদ্যুতের দাম

Views


পাইকারি, সঞ্চালন ও খুচরা—তিন স্তরেই বাড়ল বিদ্যুতের দাম

ঢাকা, ৪ জুন ২০২৬:

দেশে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা—তিন স্তরেই মূল্যহার বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্যহার ইউনিটপ্রতি (কিলোওয়াট ঘণ্টা) ৯.১১ টাকা থেকে বাড়িয়ে ১০.৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ১.৫২ টাকা বেশি। নতুন মূল্যহার জুন ২০২৬ মাসের বিল থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩ জুন) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) গত ৩ মে বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) ৫ মে সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ বৃদ্ধির প্রস্তাব কমিশনে জমা দেয়। একই সময়ে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানি খুচরা বিদ্যুতের মূল্যহার সমন্বয়ের প্রস্তাব দাখিল করে।

এসব প্রস্তাবের ওপর ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। পরে উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয়, সঞ্চালন ও বিতরণ ব্যয়, সরকারি ভর্তুকি এবং সার্বিক বিদ্যুৎ খাতের আর্থিক অবস্থা বিবেচনা করে কমিশন নতুন মূল্যহার নির্ধারণ করে।

পাইকারি বিদ্যুতের দাম বেড়ে ৮.৩৯ টাকা

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার ইউনিটপ্রতি গড়ে ৭.০০ টাকা থেকে বাড়িয়ে ৮.৩৯ টাকা করা হয়েছে। অর্থাৎ ইউনিটপ্রতি ১.৩৯ টাকা বৃদ্ধি পেয়েছে।

কমিশন জানিয়েছে, এই মূল্যবৃদ্ধির পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) আর্থিক ঘাটতি পুরোপুরি পূরণ হবে না। অবশিষ্ট ঘাটতি মেটাতে সরকারকে বছরে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

সঞ্চালন চার্জও বৃদ্ধি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ ইউনিটপ্রতি গড়ে ০.৩১৩৫ টাকা থেকে বাড়িয়ে ০.৩৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ইউনিটপ্রতি ০.০৭৫১ টাকা বৃদ্ধি পেয়েছে।

আবাসিক গ্রাহকদের নতুন বিদ্যুৎ মূল্যহার

নিম্নচাপ (এলটি) আবাসিক গ্রাহকদের জন্য নতুন বিদ্যুৎ মূল্যহার নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে—

ব্যবহার (ইউনিট)নতুন মূল্যহার (টাকা/ইউনিট)
লাইফলাইন (০-৫০ ইউনিট)৫.৩২
০-৭৫ ইউনিট৬.১৮
৭৬-২০০ ইউনিট৮.৫০
২০১-৩০০ ইউনিট৯.১০
৩০১-৪০০ ইউনিট৯.৬২
৪০১-৬০০ ইউনিট১৫.০১
৬০০ ইউনিটের বেশি১৭.৩৫

ডিমান্ড চার্জ অপরিবর্তিত

বিইআরসি জানিয়েছে, বিভিন্ন গ্রাহকশ্রেণির জন্য বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। শুধুমাত্র এনার্জি চার্জ বা ইউনিটভিত্তিক বিদ্যুতের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।

জুন মাসের বিল থেকেই কার্যকর

কমিশনের আদেশ অনুযায়ী নতুন পাইকারি, সঞ্চালন ও খুচরা বিদ্যুৎ মূল্যহার জুন ২০২৬ মাসের বিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান উৎপাদন ও আমদানি ব্যয়, জ্বালানি ব্যয়ের চাপ এবং সরকারি ভর্তুকির বোঝা সামাল দিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে কমিশন জানিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন

আইইবি ভবন (৬ষ্ঠ ও ৭ম তলা), রমনা, ঢাকা-১০০০।

ওয়েবসাইট: www.berc.org.bd

নম্বর: ২৮.০১.০০০০,০১২,০৪,০০৩.২৬.২৫২৩

তারিখ: ০৩ জুন ২০২৬

প্রেস রিলিজ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পরিবর্তনের জন্য ০৩ মে ২০২৬ তারিখে এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার (হুইলিং চার্জ) পরিবর্তনের জন্য ০৫ মে ২০২৬ তারিখে কমিশনে প্রস্তাব দাখিল করে। বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানি হিসেবে বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য ০৩ মে ২০২৬ তারিখে বাবিউবো ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো), ০৪ মে ২০২৬ তারিখে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), ০৫ মে ২০২৬ তারিখে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং ০৬ মে ২০২৬ তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কমিশনে প্রস্তাব দাখিল করে।

০২। কমিশন বিদ্যুৎ সংস্থা/কোম্পানিসমূহের প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষান্তে ২০-২১ মে ২০২৬ তারিখসমূহে গণশুনানি গ্রহণ করে। প্রস্তাবকারী পক্ষগণের আবেদন ও তৎসঙ্গে দাখিলকৃত দলিলাদি এবং সকল পক্ষকে গণশুনানি অন্তে বিশদ পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক বিদ্যুতের উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয়; সঞ্চালন ও বিতরণ ব্যয়; পাইকারি (বাল্ক) পর্যায়ে বাবিউবো-কে সরকার কর্তৃক ভর্তুকি প্রদান এবং সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন এবং খুচরা মূল্যহার নিম্নবর্ণিতভাবে পুনর্নির্ধারণ করেছে, যথা:-

(ক) বিদ্যুতের একক ক্রেতা হিসেবে বাবিউবো এর বিদ্যুৎ উৎপাদন ও ক্রয় এবং আমদানি ব্যয়, বিদ্যুতের পাইকারি (বান্ধ) মূল্যহার বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির মাধ্যমে পূরণ বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান পাইকারি (বান্ধ) মূল্যহার ভারিত গড় (Weighted Average) ৭.০০ টাকা/কি.ও.ঘ. থেকে ১.৩৯ টাকা/কি.ও.ঘ. বৃদ্ধি করে ৮.৩৯ টাকা/কি.ও.ঘ. পুনঃনির্ধারণ করতঃ আদেশ প্রদান করা হয়েছে (বিজ্ঞপ্তি সংযুক্ত)। বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাবিউবো এর অবশিষ্ট ঘাটতি পূরণে বছরে বাবিউবোকে সরকার কর্তৃক প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে;

(খ) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) এর সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্যহার বা হইলিং চার্জ ভারিত গড় (Weighted Average) ০.৩১৩৫ টাকা/কি.ও.ঘ. থেকে ০.০৭৫১ টাকা/কি.ও.ঘ. বৃদ্ধি করে ০.৩৮৮৬ টাকা/কি.ও.ঘ. পুনর্নির্ধারণ করতঃ আদেশ প্রদান করা হয়েছে (বিজ্ঞপ্তি সংযুক্ত);

(গ) বিদ্যুতের পুনর্নির্ধারিত পাইকারি (বাক্ষ) ও সঞ্চালন মূল্যহার এবং বিতরণ ব্যয় বিবেচনায় বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ভারিত গড় (Weighted Average) ৯.১১ টাকা/কি.ও.ঘ. থেকে ১.৫২ টাকা/কি.ও.ঘ. বৃদ্ধি করে ১০.৬৩ টাকা/কি.ও.ঘ. পুনর্নির্ধারণ করতঃ আদেশ প্রদান করা হয়েছে (বিজ্ঞপ্তি সংযুক্ত) এবং

(ঘ) বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে।

০৩। কমিশনের আদেশ বিল মাস জুন ২০২৬ হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

 কমিশনের আদেশক্রমে

স্বাক্ষরিত

মোঃ নজরুল ইসলাম সরকার 

সচিব, বিইআরসি।

খুচরা বিদ্যুৎ মূল্যহার, ২০২৬

ক. নিম্নচাপ (এলটি): ২৩০/৪০০ ভোল্ট

বিদ্যুৎ সরবরাহ :

নিম্নচাপ এসি সিঙ্গেল ফেজ ২৩০ ভোল্ট এবং তিন ফেজ ৪০০ ভোল্ট

ফ্রিকোয়েন্সি :

৫০ সাইকেল/সেকেন্ড

অনুমোদিত লোড : সিঙ্গেল ফেজ ০-৭.৫ কি.ও. এবং তিন ফেজ ০-৮০ কি.ও.১

এলটি-এ: আবাসিক

এনার্জি রেট/চার্জ (টাকা/কি.ও.ঘ.)

লাইফ লাইন : ০-৫০ ইউনিট --------৫.৩২ 

প্রথম ধাপ ০-৭৫ ইউনিট------------৬.১৮

দ্বিতীয় ধাপ : ৭৬-২০০ ইউনিট----------৮.৫০

তৃতীয় ধাপ : ২০১-৩০০ ইউনিট------------৯.১০

চতুর্থ ধাপ : ৩০১-৪০০ ইউনিট-----------৯.৬২

পঞ্চম ধাপ : ৪০১-৬০০ ইউনিট--------১৫.০১

ষষ্ঠ ধাপ : ৬০০ ইউনিটের ঊর্ধ্বে----------১৭.৩৫













No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.