সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩টি নতুন বই সংরক্ষণের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩টি নতুন বই সংরক্ষণের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
ঢাকা, ৩ জুন ২০২৬: দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে তিনটি নির্ধারিত বইয়ের সমন্বয়ে একটি সেট সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ জুন ২০২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে নির্ধারিত তিনটি বই সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্মারকে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮ মে ২০২৬ তারিখের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে।
সংরক্ষণের জন্য নির্ধারিত তিনটি বই হলো—
"প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী"
"বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম"
"সবার আগে বাংলাদেশ"
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে উল্লিখিত তিনটি বইয়ের সমন্বয়ে অন্তত একটি পূর্ণাঙ্গ সেট সংরক্ষণ করতে হবে, যাতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজন অনুযায়ী বইগুলো পাঠ ও ব্যবহার করতে পারেন।
এ বিষয়ে শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, মন্ত্রণালয়ের এ নির্দেশনা বাস্তবায়িত হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর লাইব্রেরিতে নির্ধারিত বইয়ের সংগ্রহ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীদের জন্য পাঠাগারভিত্তিক পাঠচর্চার সুযোগ সম্প্রসারিত হবে।
তবে স্মারকটিতে বই সংগ্রহ, সরবরাহ, অর্থায়ন বা বিতরণ প্রক্রিয়া সম্পর্কে কোনো অতিরিক্ত নির্দেশনা উল্লেখ করা হয়নি।
(একই তারিখে ও স্মারকে প্রতিস্থাপিত)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-১ অধিশাখা
www.mopme.gov.bd
নং: ৩৮,০০,০০০০,০০৭,০৭,০০০১.২৫-১৫০
তারিখ: ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ০৩ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ
বিষয়: প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (০৩টি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ।.
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং: ৩৮,০১,০০০০,১০৭,৩৭,০০০৬.২৫.১০১২, তারিখ: ১৮ সে ২০২৬ খ্রিষ্টাব্দ
উপর্যুক্ত বিষয় ও. সূত্রের পরিপ্রেক্ষিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী", "বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম এবং "সবার আগে বাংলাদেশ" শীর্ষক ৩টি বইয়ের সমন্বয়ে ১ সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(রওশন আরা পলি)
উপসচিব


No comments
Your opinion here...