দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে দৈনিক উপস্থিতি পর্যবেক্ষণ
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে দৈনিক উপস্থিতি পর্যবেক্ষণ
ঢাকা, ১২ জুন ২০২৬: দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নতুন মনিটরিং ব্যবস্থা চালু করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী ১৫ জুন থেকে প্রতিদিন শিক্ষক উপস্থিতির তথ্য ধাপে ধাপে ক্লাস্টার, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সংগ্রহ করে জাতীয় পর্যায়ে প্রতিবেদন প্রস্তুত করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিদ্যালয়ভিত্তিক নেতৃত্বের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে উপস্থিতির তথ্য
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি উপজেলার ক্লাস্টারভিত্তিক সকল প্রধান শিক্ষককে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হবে। গ্রুপের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এইউপিইও) বা সহকারী থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিপিইও)।
প্রতিদিন কর্মদিবসে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সকাল ৯টা ২০ মিনিটের মধ্যে শিক্ষক উপস্থিতির তথ্য এসএমএস আকারে ক্লাস্টার গ্রুপে পাঠাতে হবে। ঢাকা মহানগরীতে এ সময়সীমা সকাল ৭টা ৫০ মিনিট। ভবিষ্যতে সরকারি সময়সূচি পরিবর্তন হলে বিদ্যালয় শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ধাপে ধাপে তথ্য যাবে বিভাগ ও অধিদপ্তরে
সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট ক্লাস্টারের সব বিদ্যালয়ের তথ্য একত্র করে সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন। ঢাকা মহানগরীতে এ সময়সীমা সকাল ৮টা ১৫ মিনিট।
এরপর উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তারা সব ক্লাস্টারের তথ্য সমন্বয় করে জেলা পর্যায়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে পাঠাবেন। মহানগর এলাকায় এ সময়সীমা সকাল ৮টা ৪৫ মিনিট।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জেলার সব উপজেলা ও থানার তথ্য একত্র করে সকাল ১০টা ৪৫ মিনিটের মধ্যে বিভাগীয় উপপরিচালকের গ্রুপে পাঠাবেন। বিভাগীয় উপপরিচালকরা সব জেলার তথ্য সমন্বয় করে দুপুর ১১টা ১৫ মিনিটের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন। একই সঙ্গে নির্ধারিত এক্সেল শিটে তথ্য সংযুক্ত করে নির্ধারিত ই-মেইলে প্রেরণ করতে হবে।
হাজিরা খাতার ছবি পাঠানো বাধ্যতামূলক
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রধান শিক্ষকরা শুধু উপস্থিতির তথ্য পাঠিয়েই দায়িত্ব শেষ করতে পারবেন না। তাদের শিক্ষক হাজিরা খাতার সংশ্লিষ্ট অংশের ছবি তুলে সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। এসব ছবি উপজেলা শিক্ষা অফিসে সংরক্ষণ করা হবে এবং পরবর্তী সময়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর কাজে ব্যবহার করা হবে।
অনুপস্থিত শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিনা অনুমতিতে অনুপস্থিত শিক্ষকদের নামের তালিকাও নির্ধারিত এক্সেল শিটে সংযুক্ত করে পাঠাতে হবে। তথ্য সংকলনের জন্য পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে নির্দিষ্ট এমএস এক্সেল শিট সরবরাহ করা হয়েছে।
ভুল তথ্য দিলে ব্যক্তিগত দায়
নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, শিক্ষক উপস্থিতি সংক্রান্ত সঠিক ও নির্ভুল তথ্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রধান শিক্ষককে ব্যক্তিগতভাবে দায় বহন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রতিদিন সারাদেশ থেকে প্রাপ্ত তথ্য সমন্বয় করে জাতীয় পর্যায়ে শিক্ষক উপস্থিতির দৈনিক প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং তা মহাপরিচালকের কাছে উপস্থাপন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ মনিটরিং ব্যবস্থা শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
মিরপুর-২, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০ ৩৮.০১.০০০০.৮০১.১৮.০০০১.২০২৬-৪০৮/৫৮৫
তারিখ: ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের দৈনন্দিন উপস্থিতি মনিটরিং কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা মূলত নির্ভর করে কারিকুলামের বাস্তবায়ন, শিক্ষার্থীদের জন্য শ্রেণি পাঠদান ব্যবস্থাপনার ধারাবাহিকতা ও স্থায়ীত (Consistency), বিদ্যালয়ভিত্তিক নেতৃত্বের গুণগত মান উন্নয়ন এবং নিরবিচ্ছিন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের উপর। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি কেবল একটি প্রশাসনিক দাযিত্ব নয়; বরং এটি শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীর শেখার সময় (time-on-task) এবং বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের আস্থার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত একটি মৌলিক পূর্বশর্ত। এ প্রেক্ষাপটে, প্রধান শিক্ষকের নেতৃত্বের কার্যকারিতা বৃদ্ধি, শ্রেণিকক্ষ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের স্বার্থে সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি এবং রুটিন অনুযায়ী সময়মত শ্রেণি কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি। প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নিয়মিত উপস্থিতি মনিটরিং জোরদার করার বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
২। উপরোক্ত প্রেক্ষাপটে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রতি কর্মদিবসে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে রুটিন মাফিক শ্রেণিকার্যক্রম শুরু করছেন কিনা তা নিবিড়ভাবে মনিটরিং করার জন্য আগামী ১৫ জুন ২০২৬ তারিখ থেকে নিম্নরূপে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
(ক) প্রতিটি উপজেলার ক্লাস্টার পর্যায়ে সকল প্রধান শিক্ষকগণের একটি WhatsApp গ্রুপ থাকবে এবং গ্রুপের এডমিন হবেন সংশ্লিষ্ট এইউপিইও/এটিপিইও।
(খ) প্রতি কর্মদিবসে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সকাল ৯:২০ মিনিট এর মধ্যে শিক্ষক উপস্থিতির তথ্য এসএমএস এর মাধ্যমে ক্লাস্টার গ্রুপে প্রেরণ করবেন (এসএমএস এর নমুনা সংযুক্ত)। তবে ঢাকা মহানগরীর জন্য ক্লাস্টার গ্রুপে এসএমএস প্রেরনের সময়সীমা সকাল ৭:৫০ মিনিট। কখনো সরকার কর্তৃক সময়সূচী পরিবর্তন হলে বিদ্যালয় শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে শিক্ষক উপস্থিতির তথ্য ক্লাস্টার গ্রুপে প্রেরণ করতে হবে।
(গ) সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার সংশ্লিষ্ট ক্লাস্টারের সকল বিদ্যালয়ের উপরোক্ত তথ্য সংগ্রহ করে একই ধারাবাহিকতায় সংখ্যাগুলো যোগ করবেন এবং সম্বন্বিত ফলাফল সকাল ৯:৪৫ মিনিটের মধ্যে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করবেন। ঢাকা মহানগরীতে সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার সংশ্লিষ্ট ক্লাস্টারের গ্রুপে ৮:১৫ মিনিটের মধ্যে প্রেরণ করবেন।
(ঘ) উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার সকল ক্লাস্টারের প্রাপ্ত তথ্য একত্রিত করে উপজেলা পর্যায়ের একইভাবে সারসংক্ষেপ প্রস্তুত করবেন এবং সমন্বিত ফলাফল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে পরিচালিত WhatsApp গ্রুপে সকাল ১০:১৫ মিনিটের মধ্যে প্রেরণ করবেন। ঢাকা মহানগরীতে থানা প্রাথমিক শিক্ষা অফিসার সংশ্লিষ্ট গ্রুপে ৮:৪৫ মিনিটের মধ্যে সাবমিট করবেন।
(ঙ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২(গ) অনুযায়ী জেলার সকল উপজেলা/থানার মোট উপস্থিত ও অনুপস্থিত শিক্ষকের সংখ্যা যোগ করে তা সকাল ১০:৪৫ মিনিটের মধ্যে বিভাগীয় উপপরিচালকের পরিচালিত WhatsApp গ্রুপে প্রেরণ করবেন।
(চ) বিভাগীয় উপপরিচালকগণ বিভাগের সকল জেলার তথ্য একত্রিত করে ২(গ) অনুযায়ী বিভাগীয় সারসংক্ষেপ প্রস্তুত করবেন এবং দুপুর ১১:১৫ মিনিটের মধ্যে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের WhatsApp গ্রুপে প্রেরণ করবেন এবং বিভাগের Excel Sheet এ সন্নিবেশিত তথ্য admonitoringdpe@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে।
(ছ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রতিদিন প্রাপ্ত শিক্ষক উপস্থিতির তথ্যসমূহ সমন্বিত করে জাতীয় পর্যায়ে শিক্ষক উপস্থিতির দৈনন্দিন প্রতিবেদন প্রস্তুত করে মহাপরিচালক মহোদয়ের নিকট উপস্থাপন করবেন।
(জ) উপজেলা/থানা, জেলা, বিভাগীয় পর্যায়ে তথ্য সন্নিবেশনের ক্ষেত্রে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক এতদসঙ্গে সরবরাহকৃত MS Excel Sheet ব্যবহার করতে হবে।
(ঝ) উপজেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় উপপরিচালক পর্যন্ত বিনা অনুমতিতে অনুপস্থিত শিক্ষকের নামের তালিকা এতদসঙ্গে সরবরাহকৃত Excel Sheet এ প্রেরণ করতে হবে।
(ঞ) প্রধান শিক্ষকগণ এসএমএম প্রেরণের পাশাপাশি শিক্ষক হাজিরা খাতার সংশ্লিষ্ট অংশের ছবি তুলে সহকারি উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন। শিক্ষক উপস্থিতির মাসিক প্রতিবেদন মন্ত্রণালয়ের প্রেরণ এবং পরবর্তী কার্যক্রমের উদ্দেশ্যে শিক্ষক হাজিরা খাতার ছবি উপজেলা শিক্ষা অফিসে সংরক্ষণ করতে হবে।
(ট) সঠিক এবং নির্ভুল তথ্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা/প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
৩। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষকগণের উপস্থিতির তথ্য সংযুক্ত নির্দেশনা মোতাবেক যথাসময়ে ক্লাস্টার পর্যায় থেকে উপজেলা পর্যায়, উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায় এবং জেলা পর্যায় থেকে থেকে বিভাগীয় পর্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষকগণের উপস্থিতির সঠিক তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি:
১। মনিটরিং ফ্লো-চার্ট (১ পাতা)।
২। Excel Sheet (৪ পাতা)।
স্বাক্ষরিত
মোহাম্মদ রকিব উদ্দিন
পরিচালক
পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
Pdf Download









No comments
Your opinion here...