TWTMS-এর মাধ্যমে শিক্ষক কল্যাণ ট্রাস্টের চাঁদা আদায়ের নির্দেশ
TWTMS-এর মাধ্যমে শিক্ষক কল্যাণ ট্রাস্টের চাঁদা আদায়ের নির্দেশ
১৪ মে’র মধ্যে শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা পরিশোধের নির্দেশ
ঢাকা, ৬ মে ২০২৬: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক চাঁদা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে Primary School Teachers’s Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যারের মাধ্যমে আগামী ১৪ মে ২০২৬ তারিখের মধ্যে ২০২৬ সাল পর্যন্ত সকল বকেয়া ও চলতি বছরের চাঁদা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বুধবার (৬ মে) উপপরিচালক (প্রশাসন) এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব আলেয়া ফেরদৌসী শিখা স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলার কর্মরত সকল শিক্ষকের বার্ষিক চাঁদা TWTMS সফটওয়্যারের মাধ্যমে “বিনা ব্যর্থতায়” নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জেলা পর্যায়ে প্রয়োজনীয় তদারকি ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
নির্দেশনার আওতায় থাকা জেলাগুলো হলো— জয়পুরহাট, নওগাঁ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, পিরোজপুর, ঝালকাঠি, সুনামগঞ্জ, পঞ্চগড় ও জামালপুর।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনতেই TWTMS সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের চাঁদা আদায়, তথ্য সংরক্ষণ ও কল্যাণমূলক সুবিধা ব্যবস্থাপনা সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।



No comments
Your opinion here...