ad

বদলি-পদোন্নতিতে জটিলতা এড়াতে IPEMIS তথ্য আপডেটের নির্দেশ

Views

 


বদলি-পদোন্নতিতে জটিলতা এড়াতে IPEMIS তথ্য আপডেটের নির্দেশ

IPEMIS-এ তথ্য হালনাগাদের শেষ নির্দেশনা: ১৪ মে’র মধ্যে আপডেট না করলে প্রশাসনিক ব্যবস্থা

ঢাকা, ১০ মে ২০২৬: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) দেশের সকল কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকদের ব্যক্তিগত ও চাকরিসংক্রান্ত তথ্য দ্রুত হালনাগাদের নির্দেশ দিয়েছে। আগামী ১৪ মে ২০২৬-এর মধ্যে IPEMIS (Integrated Primary Education Management Information System)-এ সকল তথ্য হালনাগাদ করার জন্য “শেষবারের মতো” অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়, IPEMIS-এর ‘ব্যক্তিগত প্রোফাইল’ মডিউলের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিসংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ করা হয়। এসব তথ্যের ভিত্তিতেই বদলি, পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ, ছুটি, পিআরএল ও অবসরসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।

ডিপিই জানায়, পূর্বেও একাধিকবার তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হলেও এখনও অনেক কর্মকর্তা-কর্মচারী তাদের চাকরি জীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত কর্মস্থলের তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে আপডেট করেননি। এর ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যদি IPEMIS-এ তথ্য হালনাগাদ না থাকে এবং এর কারণে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সমস্যা তৈরি হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকদের আগামী ১৪ মে’র মধ্যে ব্যক্তিগত প্রোফাইল মডিউলে চাকরিসংক্রান্ত যাবতীয় তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারদের তাদের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-প্রধান শিক্ষকদের তথ্য হালনাগাদ সম্পন্ন হয়েছে—এ মর্মে প্রত্যয়ন দিয়ে মহাপরিচালককে অবহিত করতে বলা হয়েছে। একই নির্দেশনা বিভাগীয় উপ-পরিচালকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.১৯.০০০২.২০.৪৮

তারিখ: ২৭ বৈশাখ ১৪৩৩ ১০ মে ২০২৬

বিষয়: IPEMIS-এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারী এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকগণের ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক IPEMIS-এর আওতায় 'ব্যক্তিগত প্রোফাইল' মডিউল-এর মাধ্যমে অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীর চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি যথাযথভাবে সংরক্ষণ করা হয়। যার মাধ্যমে বদলী, পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ, ছুটি, পিআরএল, অবসর ইত্যাদি কার্যক্রম সম্পাদন করা হয়। ইতঃপূর্বে চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য একাধিকবার তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদিসহ চাকরি জীবনের শুরু হতে বর্তমান পর্যন্ত সকল কর্মস্থলের তথ্য, এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য যথাযথভাবে হালনাগাদ করা হয় নাই। এতে উল্লেখিত কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

২। উল্লেখ্য যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকগণের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি IPEMIS-এ 'ব্যক্তিগত প্রোফাইল' মডিউল-এর মাধ্যমে যথাযথভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদকরণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। IPEMIS-এ কর্মকর্তা/কর্মচারিগণের ব্যক্তিগত তথ্য হালনাগাদ অবস্থায় না থাকলে এবং তার উপর ভিত্তিকরে সিদ্ধান্ত প্রণয়নে জটিলতা তৈরি হলে সে বিষয়ে পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

৩। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকগণের বদলি, পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ, ছুটি, পিআরএল এবং অবসরসহ সকল প্রকার দাপ্তরিক সেবা প্রদানে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি IPEMIS-এ 'ব্যক্তিগত প্রোফাইল' মডিউল-এর মাধ্যমে আগামী ১৪ মে ২০২৬ তারিখের মধ্যে যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদকরণের জন্য শেষবারের মত অনুরোধ করা হলে।

বিঃদ্রঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং পিটিআই সুপারগণ বর্ণিত ১৪ মে ২০২৬ তারিখের মধ্যে তার আওতাধীন জেলা/পিটিআই-এর সকল কর্মকর্তা/কর্মচারী, এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকগণের তথ্য হালনাগাদ করা হয়েছে মর্মে প্রত্যয়নপূর্বক মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে অবহিত করতে হবে। একইভাবে বিভাগীয় উপ-পরিচালকগণকে তাদের বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারীর তথ্য হালনাগাদ করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

স্বাক্ষরিত

মোহাম্মদ শহিদুল ইসলাম 

পরিচালক (আইএমডি)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.