ad

সহকারী শিক্ষক নিয়োগে ১৪,৩৮৪ প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও কাগজপত্র যাচাই শুরু

Views


সহকারী শিক্ষক নিয়োগে ১৪,৩৮৪ প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও কাগজপত্র যাচাই শুরু

ঢাকা, ১০ মে ২০২৬: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ ও শিক্ষাগত কাগজপত্র যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর বিরুদ্ধে পুলিশী তদন্তসহ ডকুমেন্টস যাচাই কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পলিসি ও অপারেশন বিভাগ থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারকটিতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন।

ডিপিইর স্মারক নং-৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫-১২৮ অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩ মে ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্মারকে বলা হয়েছে, “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪,৩৮৪ জন প্রার্থীর পুলিশী তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ যাচাই এবং ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা” হবে।

এতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, যাচাই কার্যক্রমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করা হবে। একই সঙ্গে প্রার্থীদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অসঙ্গতি রয়েছে কি না, তা পুলিশ প্রতিবেদনের মাধ্যমে যাচাই করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপন, জাল কাগজপত্র দাখিল বা নেতিবাচক তথ্য পাওয়া গেলে তার নিয়োগ বাতিল হতে পারে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সম্প্রতি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নং-৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫-১২৮

তারিখঃ ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ৯০মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নিয়োগযোগ্য শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণের পূর্ব কার্যকলাপ এবং ডকুমেন্টস ও কাগজপত্র যাচাইকরণ।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮,০০,০০০০,০০০,০০৮.১১.০০০২.২৫.২১২, তারিখ: ০৩ মে ২০২৬।

উপর্যুক্ত বিষয়ে ও সূত্রোক্ত স্মারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে:
সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪,৩৮৪ জন প্রার্থীর পুলিশী তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ যাচাই এবং ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা;

২। এমতাবস্থায় উপরোক্ত নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত
(আইরিন পারভীন)
সহকারী পরিচালক (নিয়োগ)
পলিসি ও অপারেশন বিভাগ।


 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.