Views
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হলো ৮ খেলা, আসছে ১১,৮৮০ ক্রীড়া শিক্ষক
৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন
১০ জুনের মধ্যে সুপারিশ জমা, নতুন কুঁড়িতে যুক্ত হচ্ছে ৮টি খেলা
ঢাকা, ১৪ মে ২০২৬: জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচিতে ৮টি খেলা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সারাদেশে উপজেলা ক্রীড়া অফিসার ও বিপুল সংখ্যক ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়েও দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত ৬ মে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে বলা হয়, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একই সঙ্গে নতুন প্রজন্মকে মোবাইল ডিভাইস ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই।
সভায় জানানো হয়, জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার জন্য সুপারিশ প্রণয়নে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে। কমিটিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বিভিন্ন শিক্ষা অধিদপ্তর এবং ক্রীড়া পরিদপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিকে আগামী ১০ জুন ২০২৬ এর মধ্যে বিস্তারিত কর্মপরিকল্পনাসহ প্রাথমিক সুপারিশ জমা দিতে বলা হয়েছে। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে—
শিক্ষাক্রমে ক্রীড়া অন্তর্ভুক্তির জন্য পাঠ্যক্রম প্রণয়ন,
খেলাধুলা বাধ্যতামূলক করতে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরি,
ক্রীড়া শিক্ষক নিয়োগ পরিকল্পনা প্রণয়ন,
ব্যক্তিগত ও দলগত খেলা নির্ধারণ।
সভায় “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচিতে ৮টি খেলা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়। খেলাগুলো হলো— ফুটবল, ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট/ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং সাঁতার।
এ বিষয়ে সভাপতির বক্তব্যে বলা হয়, পূর্বে পাঠ্যক্রমে কারাতে অন্তর্ভুক্তির প্রস্তাব থাকলেও মার্শাল আর্টের মাধ্যমে আত্মরক্ষার একাধিক কৌশল শেখানো সম্ভব। পাশাপাশি গ্রামবাংলায় ভলিবলের জনপ্রিয়তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
সভায় উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও মানবসম্পদ জোরদারের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসারের পাশাপাশি প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের জন্য ৩ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ হিসাবে সারাদেশে মোট ১১ হাজার ৮৮০টি ক্রীড়া শিক্ষক পদে নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সভা শেষে সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ক্রীড়া-১ শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.moysports.gov.bd
জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণি হতে খেলাধুলাকে বাধ্যতামূলক করার নিমিত্ত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী
সভাপতি
সভার তারিখঃ ০৬.০৫.০৩.২০২৬
সভার সময়ঃ ০৩ টায়
স্থানঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ
উপস্থিতিঃ পরিশিষ্ট-"ক"
জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ০৬.০৫.২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। সভায় নিম্নোক্ত সদস্যগণ উপস্থিত ছিলেন:
১। মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২। সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৩। সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
৪। মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
৫। মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
৬। যুগ্মসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
৭। পরিচালক (প্রশাসন), কারিগরি শিক্ষা অধিদপ্তর
৮। পরিচালক, ক্রীড়া পরিদপ্তর
৯। অধ্যক্ষ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা
০২। সভাপতি সর্বপ্রথমে উপস্থিত সম্মানিত অতিথি মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীসহ উপস্থিত অন্যান্য সদস্যগণকে সভায় স্বাগত জানান এবং সভার কার্য শুরু করেন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর। এর মাধ্যমে জনজীবনে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় ইতিবাচক আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে ডিভাইস ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। সভাপতির অনুমতিক্রমে সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়াকে ৪র্থ শ্রেণী হতে বাধ্যতামূলক করার বিষয়ে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। বিস্তারিত আলোচনা অন্তে সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়:
আলোচনার বিষয়বস্তুঃ ১) কমিটি গঠন
সিদ্ধান্তঃ জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার নিমিত্ত সুপারিশ প্রণয়নের জন্য নিম্নবর্ণিত কমিটি গঠন করা হলোঃ
১. সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- আহবায়ক
২. অতিরিক্ত সচিব, ক্রীড়া-২ অনুবিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়- সদস্য
৩. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)- সদস্য
৪. কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)- সদস্য
৫. মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর- সদস্য
৬. মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর- সদস্য
৭. মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর- সদস্য
৮. পরিচালক, ক্রীড়া পরিদপ্তর- সদস্য
৯. অধ্যক্ষ, শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা- সদস্য
কমিটি প্রয়োজনে যেকোন সদস্যকে কো-অপ্ট করতে পারবে।
কমিটির কার্য পরিধিঃ
১. ক্রীড়াকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির নিমিত্ত পাঠ্যক্রম প্রণয়ন;
২. খেলাধুলাকে বাধ্যতামূলক করার নিমিত্ত সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন;
৩. ক্রীড়া শিক্ষক নিয়োগে পরিকল্পনা প্রণয়ন;
৪. ব্যক্তিগত ও দলগত খেলা সুনির্দিষ্টকরণ;
৫. কমিটি ১০ জুন ২০২৬ এর মধ্যে বিস্তারিত কর্মপরিকল্পনাসহ প্রাথমিক সুপারিশ দাখিল করবে।
আলোচনার বিষয়বস্তুঃ ২) নতুন কুঁড়ি স্পোর্টসে ০৮টি খেলা অন্তর্ভুক্তকরণ
সিদ্ধান্তঃ সভাপতি বলেন যে, ইতিপূর্বে পাঠ্যক্রমে অন্যান্য ইভেন্টের সাথে কারাতে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আত্মরক্ষার একটি কৌশল কারাতে হলেও মার্শাল আর্টের মাধ্যমে ৪টি কৌশল শেখানো যাবে। আবার, ভলিবল গ্রাম বাংলায় ব্যাপক জনপ্রিয় বিধায় ভলিবলকেও মার্শাল আর্ট এর বিকল্প হিসেবে রাখা যেতে পারে।
উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে নতুন কুঁড়িতে অন্তর্ভুক্ত ০৮টি খেলা: ফুটবল, ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট/ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং সাঁতার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
আলোচনার বিষয়বস্তুঃ ৩) উপজেলা ক্রীড়া অফিসার ও বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ
সিদ্ধান্তঃ সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন-৪৯৫ টি উপজেলা ক্রীড়া অফিসার ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন ক্রীড়া শিক্ষক অর্থাত ৪৯৫০ x ৮০৩=১১,৮৮০ টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
০৩। সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্ত ঘোষণা করেন।
স্বাক্ষরিত
মোঃ আমিনুল হক
প্রতিমন্ত্রী

No comments
Your opinion here...