এনজিপিএসআর মডিউলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবেদন বাধ্যতামূলক অনলাইন
এনজিপিএসআর মডিউলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবেদন বাধ্যতামূলক অনলাইন
অফলাইনে নতুন আবেদন গ্রহণ বন্ধ, পুরোনো আবেদন নিষ্পত্তির সময় ৩০ জুন পর্যন্ত
ঢাকা, ১২ মে ২০২৬: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে Integrated Primary Education Management Information System (IPEMIS) সফটওয়্যারের আওতায় “Non-Government Primary School Registration (NGPSR)” নামে একটি নতুন মডিউল চালু করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিরপুর-২, ঢাকা কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপপরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল ২০২৬ থেকে IPEMIS সফটওয়্যারের লাইভ ভার্সনে এনজিপিএসআর মডিউল চালু হয়েছে এবং এখন থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়নের আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ ও অনুমোদন করতে হবে।
অফিস আদেশে আরও বলা হয়, এখন থেকে অফলাইনে কোনো নতুন আবেদন গ্রহণ বা নিষ্পত্তি করা যাবে না। তবে ইতোমধ্যে অফলাইনে জমা পড়া আবেদনসমূহ আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে নিষ্পত্তি করতে হবে।
ডিপিই জানিয়েছে, নতুন এই অনলাইন পদ্ধতির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত এবং তথ্যভিত্তিক হবে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়ায় জটিলতা ও সময়ক্ষেপণ কমবে বলে আশা করা হচ্ছে।
চিঠিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, মাঠপর্যায়ের দপ্তর এবং আওতাধীন সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিষয়টি দ্রুত অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, এনজিপিএসআর মডিউল চালুর ফলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থাপনার নতুন যুগ শুরু হলো। এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে তথ্য সংরক্ষণ ও মনিটরিং সহজ হবে এবং সেবা প্রদান আরও কার্যকর হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
স্মারক: ৩৮,০১,০০০০,০০০,৯২০,১৮,০০০১.২৫-
তারিখ: ২১ বৈশাখ ১৪৩৩ ১২ মে ২০২৬
বিষয়: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন কার্যক্রম Online-এ সম্পাদনের জন্য IPEMIS Software এর আওতায় Non-Government Primary School Registration (NGPSR) মডিউল ব্যবহার করে Online-এ আবেদন দাখিল ও অনুমোদন সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন কার্যক্রম অনলাইনে সম্পাদনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের Integrated Primary Education Management Information System (IPEMIS) সফটওয়্যারের আওতায় Non-Government Primary School Registration (NGPSR) মডিউল প্রস্তুত করা হয়েছে এবং গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ থেকে IPEMIS সফটওয়্যারের Live ভার্সনে চালু করা হয়েছে। বর্তমানে উক্ত মডিউল ব্যবহার করে মাঠ পর্যায় কর্তৃক বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়নের আবেদন গ্রহণ ও অনুমোদন করতে হবে। এখন থেকে অফলাইনে আর কোনো আবেদন গ্রহণ এবং নিষ্পত্তি করা যাবে না। তবে এ যাবত বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়নের জন্য অফলাইনে প্রাপ্ত আবেদনসমূহ আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
০২। বর্ণিতাবস্থায়, বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন কার্যক্রম Online-এ সম্পাদনের জন্য IPEMIS Software এর আওতায় Non-Government Primary School Registration (NGPSR) মডিউল ব্যবহার করে Online-এ আবেদন দাখিল ও অনুমোদন সংক্রান্ত কার্যক্রম সম্পন্নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁর আওতাধীন সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণের অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
নিখিল চন্দ্র হালদার
উপপরিচালক (উপবৃত্তি)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর



No comments
Your opinion here...