ad

২৫ থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা

Views


২৫ থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা

২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস, জরুরি সেবা ছুটির আওতার বাইরে

ঢাকা, ১৪ মে ২০২৬: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ মে ২০২৬ সোমবার থেকে ৩১ মে ২০২৬ রবিবার পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

বুধবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার সরকারি অফিস খোলা থাকবে।

সরকার জানায়, জনগুরুত্বপূর্ণ ও জরুরি সেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অফিসও ছুটির বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

অন্যদিকে, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও প্রতিষ্ঠানের সাধারণ ছুটি বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারের এ ঘোষণায় এবার ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা টানা দীর্ঘ ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 জনপ্রশাসন মন্ত্রণালয়

বিধি-৪ শাখা

www.mopa.gov.bd

স্মারক নং ০৫.০০.০০০০.০০০.১৭৩.০৮.০২০.২৫.৪৪

তারিখ:৩১ বৈশাখ, ১৪৩৩ ১৪ মে, ২০২৬

প্রজ্ঞাপন

ALLOCATION OF BUSINESS AMONG THE DIFFERENT MINISTRIS AND DIVISIONS(Schedule I of The Rules of Business, 1996) (Revised up to February 2024) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের প্রদত্ত ক্ষমতাবলে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৬ উপলক্ষে দেশব্যাপী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে, ২০২৬ সোমবার হতে ৩১ মে, ২০২৬ রবিবার পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে, ২০২৬ শনিবার ও ২৪ মে, ২০২৬ রবিবার অফিসসমূহ খোলা থাকবে।

২। (ক) জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

(খ) হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

(গ) চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বর্হিভূত থাকবে।

(ঘ) জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

৩। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

৪। আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রীম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

৫। বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

স্বাক্ষরিত

জান্নাতুল ফেরদৌস 

সিনিয়র সহকারী সচিব


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.