ad

২৫ বছরেও ভবন হয়নি অনেক বিদ্যালয়ে, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চাইল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

Views

 


২৫ বছরেও ভবন হয়নি অনেক বিদ্যালয়ে, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চাইল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ঢাকা, ১৩ মে ২০২৬: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান পরিচালিত হচ্ছে এমন বিদ্যালয় এবং দীর্ঘ ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে স্থায়ী ভবন নির্মাণ হয়নি—সেসব বিদ্যালয়ের জেলাভিত্তিক তালিকা জরুরিভিত্তিতে চেয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। যুগ্মসচিব মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা ধরনের অবকাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও সেখানে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে যেসব ভবন অতি পুরাতন, যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, কলাম-বীম বা ছাদে ফাটল দেখা দিয়েছে, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা প্লাস্টার খসে রড বের হয়ে পড়েছে—সেসব ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে।

এছাড়াও যেসব বিদ্যালয়ে এখনো টিনশেড বা অস্থায়ী টিনশেড ঘরে পাঠদান চলছে, সেসব কক্ষকেও নতুন ভবন নির্মাণের জন্য প্রতিস্থাপনযোগ্য হিসেবে তালিকাভুক্ত করতে বলা হয়েছে।

ডিপিই জানিয়েছে, দেশের যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৫ বছরেও ভবন নির্মাণ হয়নি, তাদের তথ্যও আলাদাভাবে পাঠাতে হবে। আগামী ২৪ মে ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী সফট কপি ও হার্ড কপি জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত বিদ্যালয়গুলোর বাস্তব চিত্র উঠে এলে ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ ও নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,৭০০.১৪.০০৯.২৪ (অংশ-১)-৪৩৬

তারিখ:  ৩০ বৈশাখ ১৪৩৩ ১৩ মে ২০২৬

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন এবং দীর্ঘ ২৫ বছর যাবৎ যেসব বিদ্যালয়ে ভবন হয়নি সে সকল বিদ্যালয়ের তালিকা প্রেরণ।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং: ৩৮.০০.০০০০.০০০.০১৪.৯৯.০০২.২৬.৮১/১ (৭); তারিখ: ১১ মে ২০২৬

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ পরিচালিত হয়ে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে অবকাঠামোগত নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও উক্ত ভবনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং দীর্ঘ ২৫ বছর যাবৎ যেসব বিদ্যালয়ে ভবন নির্মাণ হয়নি সে সকল বিদ্যালয়ের তথ্যসহ তালিকা জরুরিভিত্তিতে প্রেরণ করা প্রয়োজন। উল্লেখ্য ঝুঁকিপূর্ণ ভবন তালিকায় অন্তর্ভুক্তির জন্য বিবেচ্য বিষয় নিম্নরূপ:

১. বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন: বিদ্যালয়ের যে সকল ভবন অতি পুরাতন, যে কোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, ভবনের কলাম/বীমে/ছাদে ফাটল রয়েছে, ভুমিকম্প কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, ভবনের কলাম/বীমের/হাদের প্লাস্টার উঠে রড বেরিয়ে পড়েছে অথবা কমিটি কর্তৃক অকেজো ঘোষিত হয়েছে এরকম ভবন; এবং

২. টিনশেড ভবন: যেসকল বিদ্যালয়ে আলাদা টিনশেড ঘর/ভবন অথবা অস্থায়ী টিনশেড ঘর রয়েছে সে সকল ঘর/ভবনের কক্ষ নতুনভাবে নির্মাণযোগ্য (রিপ্লেসমেন্ট)।

০২। এমতাবস্থায়, অবকাঠামো উন্নয়নের নিমিত্ত যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং দীর্ঘ ২৫ বছর যাবৎ যেসব বিদ্যালয়ে ভবন নির্মাণ হয়নি সে সকল বিদ্যালয়ের জেলাভিত্তিক তথ্যসহ তালিকা জরুরিভিত্তিতে আগামী ২৪ মে ২০২৬ তারিখের মধ্যে সংযুক্ত ছক মোতাবেক সফট কপি (ইমেইল: dirplandpe@gmail.com) এবং হার্ড কপি নিম্নস্বাক্ষরকারী বরাবরে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তি: ছক ০১ (এক) পাতা।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি 

যুগ্মসচিব


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.