ad

পঁচা খাবার বিতরণে কড়াকড়ি: স্কুল ফিডিংয়ে খাদ্য যাচাইয়ে ৫ সদস্যের কমিটি বাধ্যতামূলক

Views

 


পঁচা খাবার বিতরণে কড়াকড়ি: স্কুল ফিডিংয়ে খাদ্য যাচাইয়ে ৫ সদস্যের কমিটি বাধ্যতামূলক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যের মান নিশ্চিত করতে নতুন নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত “স্কুল ফিডিং কর্মসূচি” বাস্তবায়নে পঁচা বনরুটি, নষ্ট ডিম, ছোট ও পচা কলা বিতরণের অভিযোগের প্রেক্ষিতে কঠোর নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খাদ্যের মান যাচাই ছাড়া কোনো খাবার গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিটি বিদ্যালয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি যাচাই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। উপসচিব মরিয়ম বেগম স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, নিম্নমানের খাদ্য সরবরাহের কারণে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই খাদ্যের মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

৫ সদস্যের কমিটি গঠন বাধ্যতামূলক

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী যাচাই করে গ্রহণের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। কমিটির সদস্যরা হলেন—

  1. বিদ্যালয়ের প্রধান শিক্ষক — আহ্বায়ক

  2. তৃতীয় শ্রেণির একজন অভিভাবক (মা) — সদস্য

  3. চতুর্থ শ্রেণির একজন অভিভাবক (মা) — সদস্য

  4. পঞ্চম শ্রেণির একজন অভিভাবক (মা) — সদস্য

  5. বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) একজন সদস্য — সদস্য

এছাড়া কমপক্ষে চারজন সদস্য উপস্থিত না থাকলে খাদ্য যাচাই ও গ্রহণ করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

যেসব বিষয় যাচাই করতে হবে

মন্ত্রণালয়ের নির্দেশনায় খাদ্যের মান যাচাইয়ের জন্য কয়েকটি নির্দিষ্ট বিষয় উল্লেখ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—

  1. খাদ্যের পরিমাণ ও মান নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী আছে কিনা তা নিশ্চিত করা

  2. নির্ধারিত সময় ও তারিখে খাদ্য গ্রহণ ও বিতরণ নিশ্চিত করা

  3. বিদ্যালয়ে খাদ্য সংরক্ষণ ও বিতরণের উপযুক্ত ব্যবস্থা রাখা

  4. বনরুটি তাজা, নরম, আর্দ্রতামুক্ত ও ফাঙ্গাসবিহীন কিনা পরীক্ষা করা

  5. প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ১২০ গ্রাম ওজন উল্লেখ আছে কিনা দেখা

  6. ডিমে দুর্গন্ধ, ফাটল বা দূষণ আছে কিনা পরীক্ষা করা

  7. কলা পচা, অতিরিক্ত পাকা বা পোকামুক্ত কিনা নিশ্চিত করা

  8. ইউএইচটি মিল্ক ও ফর্টিফাইড বিস্কুটের প্যাকেট অক্ষত এবং মেয়াদ উল্লেখ আছে কিনা যাচাই করা

নিম্নমানের খাবার গ্রহণে শাস্তির হুঁশিয়ারি

স্মারকে বলা হয়েছে, কোনো অবস্থাতেই নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাদ্য গ্রহণ করা যাবে না। এ বিষয়ে গাফিলতি, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের খাদ্য সরবরাহ করলে তা গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগের নির্দেশনা বাতিল

একইসঙ্গে ১৩ মে ২০২৬ তারিখে জারি করা খাবার যাচাই সংক্রান্ত পূর্বের নির্দেশনা এবং ৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ফিডিং কার্যক্রম মনিটরিং সভার সিদ্ধান্তের ৩.১ ধারা বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল ফিডিং কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

পরিকল্পনা-১ শাখা

www.mopme.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০১২.১৪.০০০৪.২৫.৭৪

তারিখ: ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ১৯ মে ২০২৬

বিষয়: "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি” শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নে প্রধান শিক্ষক কর্তৃক খাবার যাচাই অন্তে গ্রহণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি” শীর্ষক প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঁচা বনরুটি, পঁচা ডিম, আকারে ছোট ও পঁচা কলা বিতরণসহ

নানা প্রকার অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে মানসম্মত খাদ্য সরবরাহে ঘাটতির কারণে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হওয়াসহ কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে খাদ্যের মান নিশ্চিত করা জরুরী।

২। এ প্রকল্পের আওতায় সরবরাহকৃত খাদ্য সামগ্রীর মান যাচাই করে গ্রহণ করার জন্য নিম্নোক্তভাবে ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হলোঃ

১. প্রধান শিক্ষকঃ---আহবায়ক

২. ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক (মা) প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত---সদস্য

৩.৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক (মা) প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত---সদস্য

8. ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক (মা) প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত---সদস্য

৫. বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি'র যে কোনো ১জন সদস্য (এসএমসি)---সদস্য

উল্লেখ্য, কমপক্ষে কমিটির ০৪ (চার) জন সদস্যের উপস্থিতিতে খাদ্য সামগ্রী যাচাই করে গ্রহণ করতে হবে।

৩। বর্ণিত কমিটি কর্তৃক খাদ্যের মান যাচাই এর বিষয়সমূহ নিম্নরূপঃ

ক) খাদ্য গ্রহণ ও বিতরণের পূর্বে সরবরাহকারী কর্তৃক সরবরাহকৃত খাদ্যের মান ও পরিমাণ স্পেসিফিকেশন অনুযায়ী সঠিক আছে কিনা তা নিশ্চিত হতে হবে;

খ) নির্ধারিত তারিখ ও সময়ে (কল অফ/কার্যাদেশ অনুযায়ী) খাদ্য গ্রহণ ও বিতরণ নিশ্চিত করতে হবে;

গ) খাদ্যদ্রব্যের ধরণ অনুযায়ী বিদ্যালয় পর্যায়ে উপযুক্ত সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে খাদ্যেরগুণগত মান বজায় থাকে;

ঘ) বিশেষ করে বনরুটি তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত কিনা পরীক্ষা করতে হবে প্যাকেজিং অক্ষত বা আর্দ্রতা মুক্ত এবং পচন, ফাঙ্গাস বা দুর্গন্ধমুক্ত হতে হবে। প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন (১২০ গ্রাম) উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে;

ঙ) ডিম ফাটা, দুর্গন্ধযুক্ত ও পিচ্ছিলতা বা দৃশ্যমান দূষণ আছে কিনা দেখতে হবে;

চ) কলা দাগ বা পোকামুক্ত হতে হবে, বেশি পাকা বা পঁচা কলা গ্রহণ বা বিতরণ করা যাবে না;

ছ) ইউএইচটি মিল্ক ও ফর্টিফাইড বিস্কুটের ক্ষেত্রে প্যাকেজিং অক্ষত, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে।

৪। সরবরাহকৃত খাদ্য সামগ্রী যাচাই করে গ্রহণ করতে হবে এবং কোনক্রমেই নিম্নমানের ও ত্রুটিপূর্ণ খাবার সরবরাহকারীদের নিকট থেকে গ্রহণ করা যাবে না। এ বিষয়ে কোনো প্রকার গাফেলতি, শৈথল্য ও অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় মামলা ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক নিম্নমানের ত্রুটিপূর্ণ খাবার সরবরাহ করলে তা গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

৫। "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি”-শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে প্রধান শিক্ষক কর্তৃক খাবার যাচাই অন্তে গ্রহণ সংক্রান্ত ১৩ মে ২০২৬ তারিখে জারীকৃত ৩৮.০০.০০০০.০০০. ০১২.১৪.০০০৪.২৫.৬৬ স্মারকের পত্রটি এবং ০৪ মে ২০২৬ তারিখে ৩৮. ০০. ০০০০. ০০০. ১২. ১৪. ০০০৪.২৫.৫৪ স্মারকের জারীকৃত "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি" শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম মনিটরিং সংক্রান্ত সভার সিদ্ধান্ত ৩.১ বাতিল করা হলো।

৬। বিষয়টি তার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

স্বাক্ষরিত

মরিয়ম বেগম 

উপসচিব। 






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.