ad

ঈদুল আজহা উপলক্ষে ২৫-৩১ মে ব্যাংক বন্ধ, ২৩-২৪ মে খোলা থাকবে: বাংলাদেশ ব্যাংক

Views

 


ঈদুল আজহা উপলক্ষে ২৫-৩১ মে ব্যাংক বন্ধ, ২৩-২৪ মে খোলা থাকবে: বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৮ মে ২০২৬: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকসমূহের ছুটি ও সীমিত ব্যাংকিং কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত এসডিএডি সার্কুলার লেটার নং-০৭ এ বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

অন্যদিকে, ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত ব্যাংকসমূহ সাধারণ ছুটির কারণে বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাসমূহ ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব শাখায় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথসমূহে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত, ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও এসব শাখা খোলা রাখতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বন্দর-কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে জানানো হয়েছে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী কোনো অতিরিক্ত ভাতা পাবেন না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক

(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) 

প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০ বাংলাদেশ

www.bb.org.bd

সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট এন্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)

তারিখ: ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ১৮ মে ২০২৬

এসডিএডি সার্কুলার লেটার নং-০৭

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা

বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক

পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৬ উপলক্ষে তফসিলি ব্যাংকসমূহ খোলা ও বন্ধ রাখা প্রসঙ্গে।

প্রিয় মহোদয়,

১। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মে ২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০,০০০,১৭৩,০৮,০২০.২৫.৪৪ এর অনুবৃত্তিক্রমে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৬ উপলক্ষে আগামী ২৩ মে ২০২৬ তারিখ শনিবার ও ২৪ মে ২০২৬ তারিখ রবিবার তফসিলি ব্যাংকসমূহের সকল শাখা/উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এবং ২৫ মে ২০২৬ তারিখ সোমবার হতে ৩১ মে ২০২৬ তারিখ রবিবার পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে।

২। ঈদ-উল-আজহার পূর্বে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক শিল্প খাতের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে কেবল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাসমূহে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক আগামী ২৫ মে ২০২৬ তারিখ সোমবার ও ২৬ মে ২০২৬ তারিখ মঙ্গলবার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে:

অফিস সময়সূচিঃ সকাল ১০:০০ টা হতে দুপুর ৩:০০ টা পর্যন্ত

লেনদেনের সময়সূচিঃ সকাল ১০:০০ টা হতে দুপুর ১:০০ টা পর্যন্ত

৩। সমুদ্র স্থল/বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ সপ্তাহে ০৭ দিন ২৪ ঘন্টা চালু রাখার বিষয়ে ০৫ আগস্ট ২০১৯ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং ২৪ অনুসারে ২৫ মে ২০২৬ তারিখ হতে ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। তবে, এক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে ব্যাংকসমূহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

৪। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা/ কর্মচারীগণ বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেনা

৫। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।

আপনাদের বিশ্বস্ত,

স্বাক্ষরিত

(মোঃ আবদুল মান্নান)

পরিচালক (এসডিএডি) 






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.