ফেসবুকে কটূক্তি-অপপ্রচার: সরকারি প্রাথমিক শিক্ষকদের সতর্ক করল মন্ত্রণালয়
ফেসবুকে কটূক্তি-অপপ্রচার: সরকারি প্রাথমিক শিক্ষকদের সতর্ক করল মন্ত্রণালয়
সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার: প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ঢাকা, ১২ মে ২০২৬: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর সতর্কতা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট বা শেয়ার করার অভিযোগে জড়িত শিক্ষকদের চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত স্মারক নম্বর ৩৮.০০.০০০০.০০০.০০৮.৯৯.০০০১.১৬.২৩০ এ বলা হয়, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট দিচ্ছেন। তারা সরকার ও সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর মন্তব্য করছেন কিংবা সেসব পোস্ট শেয়ার করছেন, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯” সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক। নির্দেশিকা লঙ্ঘন সরকারি চাকরি বিধির সুস্পষ্ট পরিপন্থী এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে।
এ অবস্থায়, মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদের দ্রুত চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহীত ব্যবস্থার বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করতেও বলা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার সম্প্রতি আরও কঠোর অবস্থানে যাচ্ছে। বিশেষ করে সরকারি নীতি ও সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য বা অপপ্রচার বন্ধে এ ধরনের নির্দেশনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০৮.৯৯.০০০১.১৬.২৩০
তারিখ: ২৯ বৈশাখ ১৪৩৩ ১২ মে ২০২৬
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সহকারী শিক্ষকগণের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। তাঁরা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত "সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯" সকল সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকুরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।
২। এমতাবস্থায়, এ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদেরকে চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে এ মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
রাজীব কুমার সরকার
উপসচিব।

.jpg)

No comments
Your opinion here...