সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা
সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা
ঢাকা, ১১ মে ২০২৬: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১১ মে) মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছেন। অনেক বিদ্যালয়ে পরিবেশের অবনতি, অপরিচ্ছন্ন ভবন ও অযত্নে পড়ে থাকা বিদ্যালয় প্রাঙ্গণের কারণে জনমনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশও ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় বিদ্যালয়ের পরিবেশ উন্নত করা এবং সরকারি স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেছে মন্ত্রণালয়। এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা, কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণ এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ের পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।



No comments
Your opinion here...