সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার বাধ্যতামূলক: শিক্ষার মানোন্নয়নে নতুন নির্দেশনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার বাধ্যতামূলক: শিক্ষার মানোন্নয়নে নতুন নির্দেশনা
ঢাকা, ১ এপ্রিল ২০২৬:
দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ অন্যান্য ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে সম্প্রতি জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ইতোমধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৬৫ হাজার ল্যাপটপ, ৬২ হাজার মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং সমসংখ্যক স্পিকার বিতরণ করা হয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, অনেক বিদ্যালয়ে এসব ডিজিটাল উপকরণ ব্যবহার করে নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।
ডিপিই’র মতে, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ে এবং জটিল বিষয় সহজে বোঝা সম্ভব হয়। এতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ ঘটে। ফলে শিক্ষার্থীদের শিখনফল উন্নত হয় এবং সামগ্রিকভাবে শিক্ষার মান বৃদ্ধি পায়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে প্রতিটি শ্রেণিতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, IPEMIS সফটওয়্যার এবং শিক্ষক বাতায়নে বিদ্যমান ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে নিয়মিত পাঠদান পরিচালনা করতে হবে। পাশাপাশি এ সংক্রান্ত কার্যক্রম বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখতে হবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্মসচিব-পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছে, এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.২৬.০০০২.২৪.৩৫
তারিখ: ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ অন্যান্য শিক্ষা সহায়ক ডিজিটাল উপকরণ ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ল্যাপটপ, ৬২ হাজার মাল্টিমিডিয়া প্রজেক্টর, ৬২ হাজার স্পীকার বিতরণ করা হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ অন্যান্য শিক্ষা সহায়ক ডিজিটাল উপকরণ ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।
২। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল উপকরণ ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হলে শিক্ষার্থীর শেখার আগ্রহ বৃদ্ধি পায়, জটিল বিষয় সহজে বুঝতে পারে, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে ক্লাসে অংশগ্রহণ করে, সৃজনশীলতা ও কল্পনাশক্তি উন্নয়ন ঘটে এবং সর্বোপরি শিক্ষার্থীর শিখনফল অর্জনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য যে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে শিক্ষার্থী কেন্দ্রিক শিখন কার্যক্রম পরিচালনার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে।
৩। এমতাবস্থায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক শ্রেণিতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে IPEMIS সফটওয়্যার এবং শিক্ষক বাতায়নে বিদ্যমান ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে এবং তা বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করে রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ শহিদুল ইসলাম
যুগ্মসচিব-পরিচালক, আইএমডি



No comments
Your opinion here...