ad

সেন্ড (SEND) কর্মসূচির আওতায় ৫ দিনের শিক্ষক প্রশিক্ষণ শুরু: ১৭৪ উপজেলায় ৩.৯৮ কোটি টাকার বরাদ্দ

Views

 



সেন্ড (SEND) কর্মসূচির আওতায় ৫ দিনের শিক্ষক প্রশিক্ষণ শুরু: ১৭৪ উপজেলায় ৩.৯৮ কোটি টাকার বরাদ্দ

ঢাকা, ৩ এপ্রিল ২০২৬:
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় দেশব্যাপী ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ‘একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন’ শীর্ষক এই প্রশিক্ষণ ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত হচ্ছে।

ডিপিই’র ২৯ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধিতা (SEND) কম্পোনেন্টের অধীনে ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ দেশের ১৭৪টি উপজেলায় ১৭৪টি ব্যাচে আয়োজন করা হবে। এ লক্ষ্যে মোট ৩ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অংশগ্রহণকারীদের বিষয়ে নির্দেশনা

প্রশিক্ষণে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করবেন। পাশাপাশি উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মনোনীত একজন সহকারী শিক্ষকও অংশ নেবেন। সহকারী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক যোগ্যতা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আগ্রহ ও দক্ষতা এবং প্রশিক্ষণ পরিচালনায় সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। নারী শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনাও রয়েছে।

প্রশিক্ষণের সময়সূচি ও ব্যবস্থাপনা

প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত হবে। অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের প্রথম দিন প্রি-টেস্টে অংশগ্রহণ করতে হবে এবং পূর্বনির্ধারিত অনলাইন লিঙ্কের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জেনে আসতে হবে।

প্রশিক্ষণ পরিচালনা করবেন পিটিআই-তে ToT (Training of Trainers) প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকরা। প্রয়োজন হলে জেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারদের সহায়তা নেওয়া হবে। ইউপিইটিসি ইন্সট্রাক্টররা কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রশিক্ষণ বাস্তবায়নের বিশেষ দিক

প্রশিক্ষণ শুরুর আগে সংশোধিত প্রশিক্ষণ ম্যানুয়ালের উপর অনলাইন কর্মশালা সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণার্থীদের প্রথম দিনেই কোর্স ম্যাটেরিয়াল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং করবেন।

ভাতা ও মূল্যায়ন ব্যবস্থা

প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা সরকারি বিধি অনুযায়ী যাতায়াত ও অন্যান্য ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের গ্রেডভিত্তিক মূল্যায়ন করে প্রতিবেদন সংশ্লিষ্ট শিক্ষা অফিসে জমা দিতে হবে। প্রশিক্ষণ সমাপ্তির দিন সনদপত্র প্রদান করা হবে।

সময়সীমা ও প্রতিবেদন দাখিল

আগামী ১ এপ্রিল থেকে প্রশিক্ষণ শুরু হয়ে ১৫ এপ্রিল ২০২৬ এর মধ্যে শেষ করতে হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার সাত কর্মদিবসের মধ্যে ব্যয় বিবরণী, অংশগ্রহণকারীদের তথ্য এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন হার্ড কপি ও ই-মেইলের মাধ্যমে ডিপিই’র একীভূত শিক্ষা সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.১৪২.০২৫.১৯০.২৬- ২৭৬

তারিখঃ ১৫ চৈত্র ১৪৩২ ২৯ মার্চ ২০২৬

বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর কম্পোনেন্ট Special Education Needs and Disabilities (SEND) এর আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের (SEND) বিষয়ক "একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন" শীর্ষক প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)- এর সাব-কম্পোনেন্ট Special Education Needs and Disabilities (SEND) এর আওতায় ০৫ (পাঁচ) দিন ব্যাপি "একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন" বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ২০২৫-২০২৬ অর্থবছরে ইউ পি ই টি সি সমূহে আবর্তক ব্যয়ের প্রশিক্ষণ খাতের (অথনৈতিক কোড ৩২৩১৩০১) জিওবি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.৫০০.০২৯.০৭৮.২০১৯-৪৯০, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬ মোতাবেক ৩,৯৮,২৮,৬০০/ (তিন কোটি আটানব্বই লক্ষ আটাশ হাজার ছয়শত টাকা) প্রয়োজনীয় অর্থ থানা/ ইউ পি ই টি সি ইন্সট্রাক্টরগণের অনুকূলে ১৭৪ উপজেলায় ১৭৪ ব্যাচের অর্থ ছাড় করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ হতে নিম্নবর্ণিত নির্দেশনা অনুসারে এই অর্থবছর বর্ণিত শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করতে হবে;

ক) "একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন" বিষয়ক প্রশিক্ষণে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ আবশ্যিকভাবে এবং উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত ১জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করবেন।

খ) প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনীত সহকারী শিক্ষকগণের নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে:

১. সহকারী শিক্ষকগণের ক্ষেত্রে শিক্ষক হিসেবে নূন্যতম ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

২. সমাজ বিজ্ঞান/শিক্ষা বিজ্ঞান/মনোবিজ্ঞান বিষয়ে ব্যাচেলর/অনার্স/মাস্টাস ডিগ্রীধারী সহকারী শিক্ষকগণকে অগ্রাধিকার প্রদান করতে হবে;

৩. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে পাঠদানে দক্ষ ও আন্তরিক সহকারী শিক্ষককে অগ্রাধিকার প্রদান করতে হবে;

৪. প্রশিক্ষণে আগ্রহী ও প্রশিক্ষক হিসেবে দক্ষতা সম্পন্ন সহকারী শিক্ষককে অগ্রাধিকার প্রদান করতে হবে;

৫. প্রধান শিক্ষক পুরুষ হলে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন মহিলা সহকারী শিক্ষককে অগ্রাধিকার প্রদান করতে হবে এবং

৬. যদি কোন সহকারী শিক্ষকের সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন হয় তাকে উক্ত প্রশিক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।

গ) সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ নির্ধারিত যোগ্যতা অনুসারে সহকারী শিক্ষকগণের নাম, পদবী ও অন্যান্য তথ্যাদি উল্লেখপূর্বক "একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন" বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ব্যাচ ভিত্তিক মনোনয়ন প্রদান করবেন। সংশ্লিষ্ট উপজেলা/থানা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণের তথ্য প্রশিক্ষণ চলাকালীন উপজেলা/থানা শিক্ষা অফিসারের সঙ্গে সমন্বয়পূর্বক PEMIS এ এন্ট্রি করবেন। তথ্য এন্ট্রিজনিত কোন সমস্যা হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি বিভাগের সাথে ই-মেইল (helpimddpe@gmail.com) যোগাযোগ করা যেতে পারে।

ঘ) প্রশিক্ষণার্থীগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রদত্ত নির্ধারিত লিঙ্কে আবশ্যিকভাবে প্রবেশ করে একীভূত শিক্ষা বিষয়ক প্রয়োজনীয় তথ্যাদি অবহিত হয়ে প্রশিক্ষণের প্রথম দিনে প্রি-টেস্টে অংশগ্রহণ করবেন।

ঙ) পাবত্য তিন জেলার সদর উপজেলায় ০১ ব্যাচ করে বরাদ্দ প্রদান করা হয়েছে। জেলার অন্য উপজেলা হতে প্রশিক্ষণার্থী সমন্বয় পূর্বক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণার্থীগণ বিধি মোতাবেক টিএ/ডিএ প্রাপ্য হবেন। যদি বাজেট ঘাটতি থাকে সেক্ষেত্রে স্ব-স্ব কর্মস্থল হতে টিএ/ডিএ প্রাপ্য হবেন।

চ) প্রশিক্ষণার্থীদের সকাল ৮:৩০ ঘটিকায় প্রশিক্ষণ ভেন্যুতে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং প্রতিদিন সকাল ৮:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

ছ) "একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন" বিষয়ক শিক্ষক প্রশিক্ষণটি সংশ্লিষ্ট উপজেলা/থানা হতে পিটিআইতে ToT প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষকগণ দ্বারা পরিচালনা করতে হবে। ট্রেইনার হিসেবে সংশ্লিষ্ট উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারের মধ্য হতে ১ জন এবং প্রধান/সহকারী শিক্ষকের মধ্য হতে ১ জনকে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করতে হবে। এক্ষেত্রে ToT প্রশিক্ষণে প্রদত্ত গ্রেড অনুসরণ করে অগ্রাধিকার ভিত্তিতে ট্রেইনার নিযুক্ত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা/থানায় প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ToT প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক না পাওয়া গেলে কিংবা কোন কারণে প্রশিক্ষকের স্বল্পতা থাকলে সংশ্লিষ্ট জেলার বর্ণিত বিষয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক দ্বারা শিক্ষক প্রশিক্ষণ পরিচালনা করা যাবে। এ ক্ষেত্রে অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে ০১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সেখানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

জ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিমার্জিত প্রণয়নকৃত প্রশিক্ষণ ম্যানুয়ালের উপর অনলাইন কর্মশালা সম্পন্ন হওয়ার পর প্রশিক্ষণ আয়োজন করতে হবে। শিক্ষকগণ পরিমার্জিত প্রণয়নকৃত প্রশিক্ষণ ম্যানুয়াল দ্বারা প্রশিক্ষণ পরিচালনা করবেন। সংশ্লিষ্ট ইউ পি ই টিসির ইন্সট্রাক্টর প্রশিক্ষণ শুরুর পুর্বেই প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রশিক্ষকগণের চাহিদা মতো প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবেন। এছাড়া বাজেট বিভাজন মোতাবেক প্রশিক্ষণার্থীদের কোর্স ম্যাটেরিয়ালস প্রশিক্ষণের ১ম দিনে সরবরাহ করবেন।

ঝ) ইউ পি ই টিসির ইন্সট্রাক্টর/ দায়িত্ব প্রাপ্ত ইন্সট্রাক্টর এ প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর অবর্তমানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার/ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সহকারী ইন্সট্রাক্টর ইউ পি ই টিসি কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনের সময় একই ব্যক্তি অন্য কোন প্রশিক্ষণের প্রশিক্ষক/কো-অর্ডিনেটর/প্রশিক্ষণার্থী/সহায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

ঞ) প্রশিক্ষণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা/বিভাগীয় উপপরিচালক/জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা/উপজেলা শিক্ষা কর্মকর্তা রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন এবং সম্মানী ও খাবার ভাতা প্রাপ্য হবেন। এক্ষেত্রে পরিমার্জন কার্যক্রমে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাগণ প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং এ অংশগ্রহণ করবেন এবং ঐ বিভাগের ইউ পি ই টিসির ইন্সট্রাক্টর মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করবেন। প্রয়োজনে বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে ইন্সট্রাক্টর, ইউ পি ই টিসির যোগাযোগ করবেন।

ট) প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকগণ সরকারি বিধি মোতাবেক যাতায়াত ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। উল্লেখ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাজেট বিভাজন অনুযায়ী ৩৫ জনের স্থলে৩৬ জনের খাবার ভাতা রয়েছে। এক্ষেত্রে নৈশ প্রহরী/ প্রশিক্ষণ কাজের সঙ্গে সম্পৃক্ত খাবার ভাতা প্রাপ্য হবেন।

ঠ) প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীগণের গ্রেড ভিত্তিক মূল্যায়ন করে মূল্যায়ন প্রতিবেদন উপজেলা/থানা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করতে হবে। একইভাবে প্রশিক্ষকগণেরও মূল্যায়ন করতে হবে এবং তা স্থায়ীভাবে সংরক্ষনের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা শিক্ষা অফিসারসহ সকল অংশগ্রহণকারীকে প্রশিক্ষণে অংশগ্রহণ সম্পর্কিত সনদ পত্র প্রদান করতে হবে।

ড) উল্লেখ্য যে, ০১ এপ্রিল ২০২৬ থেকে প্রশিক্ষণ শুরু করে ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষকের তালিকাসহ প্রশিক্ষণের ব্যয়বিবরনী এবং PEMIS এ পুরুষ ও মহিলা আলাদা করে এন্ট্রি করে তথ্যসহ "একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন" বিষয়ক প্রশিক্ষণের সার্বিক প্রতিবেদন প্রশিক্ষণ সম্পন্নের সাত কর্মদিবসের মধ্যে হার্ড কপি উপপরিচালক একীভূত শিক্ষা সেলের বরাবর ও ই-মেইলে dpeaiec@gmail.com এ (SoE) প্রেরণ করতে হবে।

সংযুক্তি: ১। উপজেলা/থানা ওয়ারি বরাদ্দপত্রের কপি ০৪ পাতা।

২। বাজেট বিভাজনের কপি-

০১ পাতা।

স্বাক্ষরিত

মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি 

পরিচালক (পলিসি এন্ড অপারেশন, অতি: দায়িত্ব)। 

অবগতিঃ

ইন্সট্রাক্টর

ইউ পিইটিসি

(সংযুক্ত তালিকা)






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.