নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন উদ্যোগ—১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন উদ্যোগ—১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু
ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬:
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ১৮০ দিনের এই কর্মপরিকল্পনার আওতায় বিদ্যালয় পর্যায়ে ওয়াশ ব্লকের (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) নিয়মিত তদারকি, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদার করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জারি করা এক স্মারকে বলা হয়েছে, নারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে বিশেষ উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে বিদ্যালয়ের ওয়াশ ব্লক নিয়মিত পরিদর্শন এবং পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এ কার্যক্রম তদারকির জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে একজন নারী শিক্ষক মনোনীত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মনোনীত শিক্ষক বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব পালন করবেন।
এছাড়া, স্থানীয় পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV)-দের সহযোগিতা নেওয়ার জন্যও বিদ্যালয়গুলোকে অনুরোধ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং সচেতনতা তৈরির উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা বা গাইডলাইন প্রস্তুতের কাজ চলমান রয়েছে। গাইডলাইন চূড়ান্ত হলে তা দ্রুত মাঠ পর্যায়ে পাঠানো হবে।
উপপরিচালক (একীভূত শিক্ষা ও প্রাক-প্রাথমিক) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এ স্মারকে বলা হয়েছে, এই উদ্যোগ নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নং৩৮.০১.০০০০.১৪২.০২২.১৯৫.২৬-২৮৫
তারিখ ১৫ বৈশাখ ১৪৩৩ ২৮ এপ্রিল ২০২৬
বিষয়: নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে।
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নারী শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে লক্ষ্যে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নিয়মিত পরিদর্শন, পরিস্কার পরিছন্নতা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপস্থিতি এবং স্বাস্থ্য সচেতনতা ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
০২। সে প্রেক্ষিতে, উপরোল্লিখিত কার্যক্রম তত্ত্বাবধান করার জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত একজন (নারী) শিক্ষককে দায়িত্ব প্রদান করা হলো। উল্লেখ্য নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সর্ম্পকিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকার (FWV) সহযোগিতা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। বর্ণিত বিষয়ে একটি নির্দেশিকা/ গাইড লাইন প্রস্তুতের প্রক্রিয়া চলমান। গাইড লাইন প্রস্তুত হলে মাঠ পর্যায়ে প্রেরণ করা হবে।
মো: জয়নাল আবেদীন
উপপরিচালক
(একীভূত শিক্ষা ও প্রাক-প্রাথমিক)



No comments
Your opinion here...