ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসভাড়া বাড়ল: নতুন ভাড়া কার্যকর ২৩ এপ্রিল থেকে
ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসভাড়া বাড়ল: নতুন ভাড়া কার্যকর ২৩ এপ্রিল থেকে
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬: ডিজেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার দেশব্যাপী ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করেছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৪(২) অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২.৪২ টাকা থেকে বাড়িয়ে ২.৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া ২.১২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২.২৩ টাকা করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর আওতাধীন জেলা—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ২.৩২ টাকা থেকে বাড়িয়ে ২.৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এলাকায় বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য কোনো বাস বা মিনিবাসে আসন সংখ্যা কমানো হলে, সে অনুযায়ী ভাড়া আনুপাতিক হারে পুনঃনির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে বিআরটিএ বা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি প্রতিটি বাস ও মিনিবাসে নতুন ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত জারিকৃত সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই নতুন ভাড়ার হার ২৩ এপ্রিল ২০২৬ তারিখ থেকেই কার্যকর হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মোঃ জসিম উদ্দিন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
বিআরটিএ সংস্থাপন শাখা
www.rthd.govd.bd
নম্বর:৩৫.০০.০০০০.০২০.২৬.০০৫.১৬-২০৭
তারিখ: ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
প্রজ্ঞাপন
সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ধারা ৩৪(২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলের মূল্য বৃদ্ধি ও বর্তমান পরিচালনা ব্যয়জনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া নিম্নোক্তভাবে পুনঃনির্ধারণ করল:
(ক) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস এর ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ০১ এপ্রিল ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লিখিত যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২.৪২ টাকার স্থলে ২.৫৩ টাকা;
(খ) আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাস এর ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ০১ এপ্রিল ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লিখিত যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২.১২ টাকার স্থলে ২.২৩ টাকা;
(গ) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ০১ এপ্রিল ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লিখিত যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২.৩২ টাকার স্থলে ২.৪৩ টাকা;
(ঘ) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০.০০ টাকা এবং ৮.০০ টাকা; এবং
(ঙ) আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস/মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে উপর্যুক্ত অনুচ্ছেদ-খ অনুযায়ী নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনঃনির্ধারিত করতে হবে। সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ)/যাত্রী ও পণ্য পরিবহন কমিটি হতে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।
২। এ ভাড়ার হার গ্যাসচালিত বাস/মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
৩। এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।
৪। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতঃপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন/আদেশ এতদ্বারা রহিত করা হলো।
৫। জনস্বার্থে জারিকৃত এ ভাড়ার হার ২৩-০৪-২০২৬ তারিখ হতে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত
মোঃ জসিম উদ্দিন
সহকারী সচিব।

.jpg)

No comments
Your opinion here...