ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট বদলে দিতে বাধ্য সব ব্যাংক, নতুন নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট বদলে দিতে বাধ্য সব ব্যাংক, নতুন নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬:
ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং তা বিনিময় করে নতুন বা প্রচলনযোগ্য নোট দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সকল তফসিলি ব্যাংককে এ সংক্রান্ত সেবা নিয়মিতভাবে প্রদান করতে বলা হয়েছে। কোনো শাখা এতে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল প্রধান কার্যালয় থেকে জারি করা ডিসিএম পরিপত্র নং-০১/২০২৬ এ এ নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিসিএম) কে এম ইব্রাহিম স্বাক্ষরিত এ পরিপত্রটি দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, এর আগে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর জারি করা ডিসিএম পরিপত্র নং-০৪/২০২৫ এর নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন নগদ লেনদেনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নতুন করে নির্দেশ দিয়েছে, ব্যাংকগুলোকে বিশেষ কাউন্টার চালু করে জনগণের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ক্ষতিগ্রস্ত নোট গ্রহণ করতে হবে। বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট নিয়মিতভাবে সংগ্রহ করে এর বিনিময়ে ফ্রেশ বা পুনঃপ্রচলনযোগ্য নোট দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ ধরনের সেবা প্রদান থেকে কোনো শাখা বিরত থাকলে বা গড়িমসি করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিপত্রে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক বিষয়টিকে “অতীব গুরুত্বপূর্ণ” হিসেবে উল্লেখ করে ব্যাংকগুলোকে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য তাগিদ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)
প্রধান কার্যালয়
মতিঝিল, ঢাকা-১০০০
বাংলাদেশ।
ডিসিএম পরিপত্র নং-০১/২০২৬
তারিখ: ১২ এপ্রিল ২০২৬ ২৯ চৈত্র ১৪৩২
ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক
প্রিয় মহোদয়,
ছেঁড়া-ফাটা/ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং উহার বিনিময়মূল্য প্রদান প্রসঙ্গে।
শীর্ষক বিষয়ে বিগত ১৫/১২/২০২৫ তারিখের ডিসিএম পরিপত্র নং-০৪/২০২৫ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
২। জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন অব্যাহত রাখার স্বার্থে আপনাদের ব্যাংকের সকল শাখা কর্তৃক বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা/ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট সংক্রান্ত সেবা নিয়মিতভাবে প্রদান করার নির্দেশনা দেওয়া স্বত্ত্বেও বাজারে ছেঁড়া-ফাটা/ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের আধিক্য পরিলক্ষিত হচ্ছে।
৩। এক্ষণে বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা (Clean Note Policy of Bangladesh Bank) বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের নিকট হতে বিভিন্ন মূল্যমানের ছেঁড়া-ফাটা/ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট বিশেষ করে ছোট মূল্যমানের (৫/-, ১০/-, ২০/- ও ৫০/- টাকা) নোটসমূহ নিয়মিতভাবে বিশেষ কাউন্টারে গ্রহণপূর্বক ফ্রেশ/পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে বিনিময়মূল্য প্রদানের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে। এ ধরনের সেবা প্রদানে কোনো ব্যাংক শাখার অনীহা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
৫। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
আপনাদের বিশ্বস্ত,
স্বাক্ষরিত
(কে এম ইব্রাহিম)
পরিচালক (ডিসিএম)



No comments
Your opinion here...