ব্যয় সংকোচনে সরকারের কড়াকড়ি: জ্বালানি, ভ্রমণ ও কেনাকাটায় বড় কাটছাঁট
ব্যয় সংকোচনে সরকারের কড়াকড়ি: জ্বালানি, ভ্রমণ ও কেনাকাটায় বড় কাটছাঁট
পরিচালন ব্যয় কমাতে কঠোর নির্দেশনা, জ্বালানি থেকে ভ্রমণ—সব খাতে কাটছাঁট
ঢাকা, ৯ এপ্রিল ২০২৬: সরকারের পরিচালন ব্যয় হ্রাসে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এক পরিপত্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি বিভিন্ন খাতে ব্যয় কমানোর জন্য সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এ পরিপত্রে বলা হয়েছে, সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য কাটছাঁট আনতে হবে। মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয়ও কমাতে হবে। প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অন্যান্য অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সভা ও সেমিনারে আপ্যায়ন ব্যয়ও ৫০ শতাংশ কমাতে হবে এবং সেমিনার ও কনফারেন্সের মোট ব্যয় ২০ শতাংশ হ্রাস করতে হবে।
সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশনার পাশাপাশি বড় ধরনের ক্রয় কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ বন্ধ রাখার কথা বলা হয়েছে।
বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয় আনতে সরকারি কার্যালয়ে এসবের ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে বলা হয়েছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যয় সম্পূর্ণভাবে (শতভাগ) বন্ধ রাখতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়েছে, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।
সরকারের এই পদক্ষেপকে ব্যয় সাশ্রয় ও আর্থিক শৃঙ্খলা জোরদারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
সাধারণ অধিশাখা
www.cabinet.gov.bd
নম্বর: ০৪.০০.০০০০.০০০.৪১৬.০৬.০০০৩.২৬.২২৭
তারিখ:- ২৬ চৈত্র ১৪৩২ ০৯ এপ্রিল ২০২৬
পরিপত্র
বিষয়: সরকারের পরিচালন ব্যয় হ্রাস।
সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারের পরিচালন ব্যয় হ্রাসকল্পে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত,
(i) সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
(ii) সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।
(iii) প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে।
(iv) সভা/সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে এবং সেমিনার/কনফারেন্স ব্যয় ২০ শতাংশ হ্রাস করতে হবে।
(V) ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
(vi) সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ হ্রাস করতে হবে।
(vii) সরকারি কার্যালয়ে জ্বালানি/বিদ্যুৎ/গ্যাস ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
(viii) আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে।
(ix) ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ হ্রাস করতে হবে।
২। এটি অবিলম্বে কার্যকর হবে।
স্বাক্ষরিত
তানিয়া আফরোজ
উপসচিব।



No comments
Your opinion here...