এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর নির্দেশনা জারি
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর নির্দেশনা জারি
ঢাকা, ২৮ মার্চ ২০২৬: আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সভার সিদ্ধান্তের আলোকে জারি করা এ নির্দেশনায় কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
অধিদপ্তরের স্মারক নম্বর ৩৭.০২.০০০০.০০০.১০৭.২২.০০০৪.২৫.২৭ অনুযায়ী জানানো হয়, আগামী ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে।
সিসিটিভি ও নিরাপত্তায় জোর
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। যেসব কেন্দ্রে ক্যামেরা অচল রয়েছে, সেগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে। এছাড়া ধারণকৃত ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী উর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে।
মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
পরীক্ষার হলে কেন্দ্রসচিব ছাড়া কোনো শিক্ষক বা পরীক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এ বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
নকল প্রতিরোধে কড়াকড়ি ব্যবস্থা
নকল ও অসদুপায় বন্ধে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা রাখতে হবে।
পরীক্ষার পরিবেশ উন্নয়ন
প্রতিটি কক্ষে ঘড়ি টাঙানো, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের প্রধান ফটকে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
বোর্ড নির্দেশনা মেনে চলার আহ্বান
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে কেন্দ্রসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।
অবহেলায় কঠোর ব্যবস্থা
মাউশি স্পষ্টভাবে জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চিঠিতে বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করে সকল সংশ্লিষ্টকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
বেসরকারি মাধ্যমিক শাখা
www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১০৭.২২.০০০৪.২৫.২৭
তারিখ: ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমান) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি বিশেষ নির্দেশনা।
সূত্র: ২৫/০৩/২০২৬ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ২১ এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার হতে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। উক্ত পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিম্নোক্ত নির্দেশনাসমূহ
আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো:
(১) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমান) পরীক্ষা-২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপণ নিশ্চিত করতে হবে;
(২) যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সে সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূবেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে;
(৩) সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে;
(8) সকল পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাটাওয়ালা) টাঙ্গানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে;
(৫) স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে;
(৬) কেন্দ্রসচিব ব্যতিত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে;
(৭) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমান) পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে;
(৮) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমান) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে;
(۳) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিস্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে;
(১০) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে;
(১১) সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমান) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে। উপরোল্লিখিত নির্দেশনাসমূহ প্রতিপালনে কোন প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
প্রফেসর বি. এম. আব্দুল হান্নান
মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)




No comments
Your opinion here...