পিইডিপি-৪ কর্মসূচিতে ৩১ কোটি টাকার বেশি বরাদ্দ, সাব-ক্লাস্টার প্রশিক্ষণ জোরদার
পিইডিপি-৪ কর্মসূচিতে ৩১ কোটি টাকার বেশি বরাদ্দ, সাব-ক্লাস্টার প্রশিক্ষণ জোরদার
ঢাকা, ১৬ মার্চ ২০২৬:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাব-ক্লাস্টার (৩য় পর্যায়) প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে ৩১ কোটি ২২ লাখ ২০ হাজার ২৬০ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিপিই থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলা ও থানা পর্যায়ে পরিচালিত এই প্রশিক্ষণের ব্যয় নির্বাহের জন্য থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুকূলে এই অর্থ বরাদ্দ ও ব্যয় মঞ্জুর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরাদ্দকৃত অর্থের মধ্যে ৪০ শতাংশ সরকারি তহবিল (জিওবি) এবং ৬০ শতাংশ আরপিএ (জিওবি) খাত থেকে ব্যয় করতে হবে। এই অর্থ উন্নয়ন বাজেটের মঞ্জুরি নং ২১-এর আওতায় নির্ধারিত অর্থনৈতিক কোড (৩২৩১৩০১) অনুসরণ করে ব্যয় করা হবে।
ডিপিই জানায়, প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি সকল আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো অবস্থাতেই বরাদ্দের অতিরিক্ত অর্থ ব্যয় বা অগ্রিম উত্তোলন করা যাবে না। এছাড়া নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।
বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিবরণ ডিপিই-এর ওয়েবভিত্তিক হিসাব ব্যবস্থায় সাত দিনের মধ্যে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রি না হলে পরবর্তী বরাদ্দ বন্ধ থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট ও আয়কর কর্তন করতে হবে এবং প্রশিক্ষণ বিভাগের নির্দেশনা ও বাজেট বিভাজন অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়মের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
উল্লেখ্য, এই বরাদ্দ iBAS++ সিস্টেমের মাধ্যমে ডিডিও অথরাইজেশন প্রক্রিয়ায় প্রদান করা হয়েছে এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে ব্যয় নির্বাহ করা হবে।
ডিপিই-এর উপপরিচালক (অর্থ) এইচ এম আবুল বাশার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, এ বিষয়ে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
স্মারক নং ৩৮.১৫০.১৮০.০২৫.০০.০২.০১৮.২০১৮-৬৪৬
তারিখ: ২চৈত্র ১৪৩২ ১৬ মার্চ ২০২৬
বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর সাব-কম্পোনেন্ট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রম আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সাব-ক্লাস্টার (৩য় পর্যায়) প্রশিক্ষণের ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী প্রদান।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সাব-কম্পোনেন্ট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রম এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা/থানা পর্যায়ে অনুষ্ঠিত সাব-ক্লাস্টার (৩য় পর্যায়) প্রশিক্ষণের ব্যয় নির্বাহকল্পে থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুকূলে আবর্তক ব্যয় এর আওতায় প্রশিক্ষণ খাতের (অর্থনৈতিক কোড ৩২৩১৩০১) জিওবি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ হতে সর্বমোট ৩১,২২,২০,২৬০.০০ (একত্রিশ কোটি বাইশ লক্ষ বিশ হাজার দুইশত ষাট) টাকা মাত্র বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী প্রদান করা হলো।
২। এ ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটের মঞ্জুরী নং ২১, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সংস্থা কোড নং ১২৪ এবং হিসাবের খাত ২২৪২৩৭৯০০ এর আওতায় সাব-কম্পোনেন্ট" কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট "-এর বরাদ্দ থেকে আবর্তক ব্যয় খাতের ৩২৩১৩০১ অর্থনৈতিক কোড-এর আওতায় বরাদ্দকৃত টাকা থেকে নির্বাহ হবে।
৩। অর্থ ব্যয়ের শর্তাবলি:
ক) প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে মোট বিল এর জিওবি বাবদ ৪০% হিসাবে এবং আরপিএ (জিওবি) বাবদ ৬০% হিসাবে ব্যয় নির্বাহ করতে হবে।
খ) সরকারি সকল আর্থিক বিধিবিধান অনুসরণপূর্বক কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থ ব্যয় করতে হবে।
গ) কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন/ব্যয় এবং অগ্রিম অর্থ উত্তোলন করা যাবে না;
ঙ) এ ব্যয় কোন ক্রমেই নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোন কোডে ব্যয় করা যাবে না;
চ) বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিবরণী অবশ্যই ডিপিই-এর Web-based Computerized Accounting System এ ৭ (সাত) দিনের মধ্যে এন্ট্রি দিতে হবে। অন্যথায় পরবর্তী বরাদ্দ দেয়া সম্ভব হবে না;
ছ) প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট/আইটি কর্তন করতে হবে।
জ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনাবলী এবং বাজেট বিভাজন অনুসরণ করে অর্থ ব্যয় করতে হবে।
ঝ) কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
৪। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে "১২৪-১২৪০২-২২৪২৩৭৯০০-০০০০০০ প্রধান কার্যালয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি" এর আওতায় সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড এ iBAS++ সিস্টেমের মাধ্যমে DDO Authorization প্রক্রিয়ায় বরাদ্দ প্রদান করা হয়েছে এবং উক্ত খাত হতে ব্যয় নির্বাহ করা হবে।.
৫। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার-কে পৃষ্ঠাংকনপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে (প্রয়োজন অনুযায়ী) প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
৬। এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
এইচ এম আবুল বাশার
উপপরিচালক (অর্থ)।
সম্পুর্ন পিডিএফ ডাউনলোড


No comments
Your opinion here...