প্রশিক্ষণ/কর্মশালায় অংশগ্রহণে পূর্বানুমতি বাধ্যতামূলক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষণ/কর্মশালায় অংশগ্রহণে পূর্বানুমতি বাধ্যতামূলক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
ঢাকা, ৩ মার্চ ২০২৬: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মাঠপর্যায়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করেছে। এ বিষয়ে অধিদপ্তর থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক স্মারকে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ এবং মাঠপর্যায়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তারা দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের আয়োজিত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করে থাকেন। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু শিক্ষক ও কর্মকর্তা কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই এসব প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিচ্ছেন।
স্মারকে আরও উল্লেখ করা হয়, কিছু সংস্থা বা প্রতিষ্ঠান সরাসরি ব্যক্তির নামে আমন্ত্রণপত্র পাঠিয়ে থাকেন, যা কোনো অবস্থাতেই কাম্য নয়। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তা পূর্বানুমতি ছাড়াই দপ্তর ত্যাগ করেন এবং এতে প্রশাসনিক ও দাপ্তরিক কাজে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মাঠপর্যায়ে কর্মরত সকল শিক্ষক ও কর্মকর্তাকে ভবিষ্যতে কোনো প্রশিক্ষণ বা কর্মশালায় অংশগ্রহণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dpe.gov.bd) এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বরঃ ৩৮.০১.০০০০.৬০২.৯৯.০০৫.২৬-৭৭
তারিখ: ১৯ফাল্গুন ১৪৩২ ০৩ মার্চ ২০২৬
বিষয়: প্রশিক্ষণ/কর্মশালায় সরাসরি ব্যক্তির নামে আমন্ত্রণপত্র প্রেরণ ও পূর্বানুমতি ব্যতীত অংশগ্রহণ সম্পর্কিত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন এবং মাঠপর্যায়ে কর্মরত শিক্ষক/কর্মকর্তাগণ দাপ্তরিক কাজের পাশাপাশি নিজ দপ্তরের বাইরে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ/কর্মশালায় অংশগ্রহণ করে থাকেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু শিক্ষক/কর্মকর্তা কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত প্রশিক্ষণ/কর্মশালায় অংশগ্রহণ করেন। অপরপক্ষে কোনো কোনো সংস্থা/প্রতিষ্ঠান কর্তৃক সরাসরি ব্যক্তির নামে আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়ে থাকে, যা কোনো অবস্থায় কাম্য নয়। পূর্বানুমতি ব্যতীত দপ্তর ত্যাগ করায় প্রশাসনিকসহ দাপ্তরিক কাজে জটিলতা সৃষ্টি হয়।
২। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন এবং মাঠপর্যায়ে কর্মরত শিক্ষক/কর্মকর্তাগণকে বিভিন্ন প্রশিক্ষণ/কর্মশালায় অংশগ্রহণের নিমিত্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
আবু নুর মোঃ শামসুজ্জামান
মহাপরিচালক।



No comments
Your opinion here...