ad

সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে উপস্থিতি বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র

Views

 


সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে উপস্থিতি বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র

ঢাকা, ২ মার্চ ২০২৬:
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে সরকার। নাগরিক সেবা নিশ্চিত করা, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা জারি করেছে।

সোমবার (২ মার্চ ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি

পরিপত্রে বলা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন দাপ্তরিক বা ব্যক্তিগত কর্মসূচিতে সম্পৃক্ত থাকেন। যেমন—সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ, কিংবা ব্যাংক, হাসপাতাল বা বিদ্যালয়ে ব্যক্তিগত কাজে যাওয়ার কারণে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে পারেন না। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে জনসাধারণ এবং অন্যান্য দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগ ব্যাহত হয়।

সরকারের মতে, এর ফলে নাগরিক সেবা প্রদান ব্যাহত হয় এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা কমে যায়। পাশাপাশি সরকারের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

এই প্রেক্ষাপটে সরকার নির্দেশ দিয়েছে যে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে অবশ্যই নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি পরিকল্পনার সময়ও যেন এই সময়সীমা বিঘ্নিত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা বাধ্যতামূলক।

তবে কয়েকটি ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছে—শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষক বা অনুষদ সদস্য, হাসপাতাল, জেলখানা, সংবাদ বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, জরুরি গ্রাহকসেবা প্রদানকারী কর্মীরা, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এছাড়া ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, বড় ধরনের আকস্মিক দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। অফিস সময়ের মধ্যে দাপ্তরিক কাজ ছাড়া নিজের দপ্তর ত্যাগ করাও নিষিদ্ধ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ

 মাঠ প্রশাসন সংস্থাপন শাখা

পরিপত্র

স্মারক নম্বর: ০৪,০০,০০০০,০০০,৫১৩.১৮.০০০১.২৬.৭০

তারিখ: ১৭ ফাল্গুন ১৪৩২ ২ মার্চ ২০২৬

বিষয়: সরকারি/স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণের সকাল ৯:০০টা থেকে ৯:৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিক অবস্থান সংক্রান্ত নির্দেশনা।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কিছু ক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীগণ অফিসে আগমনকালে পথিমধ্যে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে (যেমন: সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ, ব্যাংক/হাসপাতাল/বিদ্যালয়ে গমন ইত্যাদি) সম্পৃক্ত হওয়ার কারণে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর সঙ্গে জনসাধারণ ও অন্যান্য দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগ ব্যাহত হয়; যা নাগরিক সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রমের গতি এবং সরকারের ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলে।

২। বর্ণিত অবস্থায়, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী প্রতিদিন সকাল ৯:০০টা থেকে ৯:৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করবেন। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও উক্ত সময়সীমা বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক থাকবেন।

৩। সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের নির্ধারিত সময়ে নিজ দপ্তরে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা বাধ্যতামূলক।

৪। নিম্নোক্ত ক্ষেত্রে উল্লিখিত বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না-

(ক) শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষক/ অনুষদ সদস্যবৃন্দ;

(খ) হাসপাতাল, জেলখানা, সংবাদ বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ;

(গ) জরুরি গ্রাহকসেবা প্রদানে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ;

(ঘ) মাঠপর্যায়ে নিয়মিত দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমরূপ সংস্থার সদস্যবৃন্দ;

(ঙ) এছাড়া ভিভিআইপি/ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বৃহৎ দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রে;

৫। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত কর্মকর্তা-কর্মচারীগণ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। কর্তৃপক্ষকে না জানিয়ে দাপ্তরিক কাজ ছাড়া অফিস সময়ে নিজ দপ্তর ত্যাগ করতে পারবেন না।

৬। এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

স্বাক্ষরিত

নাসিমুল গণি 

মন্ত্রিপরিষদ সচিব।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.