ad

সময়মতো অফিসে উপস্থিত না হলে আইনগত ব্যবস্থা—প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কড়া নির্দেশনা

Views



সময়মতো অফিসে উপস্থিত না হলে আইনগত ব্যবস্থা—প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কড়া নির্দেশনা

ঢাকা, ২ মার্চ ২০২৬: কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে আগমন ও প্রস্থান নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ সংক্রান্ত এক অফিস আদেশে বিলম্বে অফিসে আসা কিংবা নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগের বিরুদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২-৪৫৮ (তারিখ: ১৭ ফাল্গুন ১৪৩২/০২ মার্চ ২০২৬) অনুযায়ী জানানো হয়, পূর্বে ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত অফিস সময়সূচি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তবে অধিদপ্তরে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণকৃত ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ের পর কর্মস্থলে উপস্থিত হচ্ছেন।

এ প্রেক্ষিতে পুনরায় নির্দেশনা দিয়ে বলা হয়েছে, যথোপযুক্ত কারণ ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া বিলম্বে অফিসে আগমন বা নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্মারকে আরও উল্লেখ করা হয়, নিজ নিজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে আগমন ও প্রস্থান নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট লাইন ডিভিশনের পরিচালকদের ওপর ন্যস্ত থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মুহম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত এ নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্টদের অবগতির জন্য জারি করা হয়েছে।

অধিদপ্তরের এ পদক্ষেপের ফলে অফিসে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২-৪৫৮

তারিখ:১৭ ফাল্গুন ১৪৩২ ০২ মার্চ ২০২৬

বিষয়: কর্মকর্তা-কর্মচারীগণের যথাসময়ে অফিসে আগমন ও প্রস্থান

সূত্র: অত্র কার্যালয়ের ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২-৩৬৩ নম্বর স্মারক

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণকে কর্মস্থলে আগমন ও প্রস্থানের জন্য নির্ধারিত অফিস সময়সূচি মেনে চলার জন্য সূত্রোক্ত স্মারকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু অধিদপ্তরে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণকৃত ভিডিও পর্যালোচনায় দেখা যাচ্ছে যে, অনেক কর্মকর্তা-কর্মচারী বিলম্বে কর্মস্থলে আগমন করছেন।

২। বর্ণিতাবস্থায়, কর্মস্থলে যথাসময়ে আগমন ও প্রস্থানে নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণের জন্য পুনরায় নির্দেশনা প্রদান করা হলো। যথোপযুক্ত কারণ ও যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ব্যতীত অফিসে বিলম্বে আগমন ও নির্ধারিত সময়ের পূর্বে কর্মস্থল ত্যাগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণের বিরুদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজ নিজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণের কর্মস্থলে যথাসময়ে আগমন ও প্রস্থানের বিষয়টি নিজ নিজ লাইন ডিভিশনের পরিচালকগণ নিশ্চিত করবেন।

স্বাক্ষরিত

রাজা মুহম্মদ আব্দুল হাই 

অতিরিক্ত মহাপরিচালক



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.