ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ

Views



সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ

উপশিরোনাম:
বসতবাড়িতে ৮০ লাখ, বিদ্যালয় আঙ্গিনায় ২০ লাখ গাছ রোপণের কর্মপরিকল্পনা; মাসিক অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ

ঢাকা, ২ মার্চ ২০২৬:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ এর আলোকে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিরপুর-২ কার্যালয় থেকে জারি করা স্মারক নং ৩৮.০১.০০০০.০০০.১০৭.৩৭.০০৩.২৬.৪৩১ (তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬) অনুযায়ী, দেশের প্রায় ১ কোটি ৬ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে বসতবাড়িতে ৮০ লাখ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ২০ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার প্রেক্ষিতে এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্য

সরকারের নির্বাচনী ইশতেহারের দ্বিতীয় অধ্যায়ে ‘বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন’-এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে জনগণের অংশগ্রহণে ‘সবুজ বিপ্লব’-এ রূপান্তরের লক্ষ্য নিয়েছে।

চার ধাপে বাস্তবায়ন

কর্মসূচি বাস্তবায়নের জন্য চারটি ধাপ নির্ধারণ করা হয়েছে—

ধাপ-১: প্রস্তুতি পর্যায় (ফেব্রুয়ারি–মার্চ)

  • অধিদপ্তরে প্রস্তুতিমূলক সভা

  • নির্দেশনাপত্র প্রণয়ন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • বিভাগ, জেলা ও উপজেলায় প্রস্তুতিমূলক সভা আয়োজন

ধাপ-২: দপ্তরভিত্তিক পরিকল্পনা (মার্চ)

  • এসএমসি, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা

  • শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ

  • স্থান নির্বাচন ও বৃক্ষের ধরন নির্ধারণ

  • কৃষি ও বন বিভাগের সহযোগিতায় বিনামূল্যে চারা সংগ্রহের সমন্বয়

ধাপ-৩: উদ্বোধন ও বৃক্ষরোপণ (মে–জুন)

  • মে মাসে চারা সংগ্রহ

  • মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের পর দপ্তরভিত্তিক বৃক্ষরোপণ

  • জুন মাসে রোপণ ও সুরক্ষা কার্যক্রম

ধাপ-৪: পরিচর্যা ও সুরক্ষা (সারাবছর)

  • রোপিত চারার নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিতকরণ

শিক্ষাক্রমে অন্তর্ভুক্তি ও মূল্যায়ন

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম পাঠদানে ও সহপাঠক্রমিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে রোপিত বৃক্ষের অবস্থা পর্যালোচনা করা হবে। এছাড়া ‘শ্রেষ্ঠ সবুজ বিদ্যালয়’ নির্বাচন করে পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ সেল গঠন ও বরাদ্দ

কর্মসূচির কার্যকর বাস্তবায়নের জন্য অধিদপ্তরে একটি ‘বৃক্ষরোপণ সেল’ গঠন করা হবে। পাশাপাশি বিদ্যালয় পর্যায়ে বৃক্ষরোপণ, পরিচর্যা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

জরুরি নির্দেশনা

বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংযুক্ত কর্মপরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে হবে। এছাড়া বিদ্যমান সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কত সংখ্যক বৃক্ষরোপণ করা হবে, তার তালিকা আগামী ৭ দিনের মধ্যে অধিদপ্তরে প্রেরণ নিশ্চিত করতে বলা হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মোঃ মাসুদ হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনায় আশা প্রকাশ করা হয়েছে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এক কোটি বৃক্ষরোপণ ও সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।



মাননীয় প্রধানমন্ত্রীর 
অগ্রাধিকার কর্মসূচি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 মিরপুর-২, ঢাকা-১২১৬ 
www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.০০০.১০৭.৩৭.০০৩.২৬.৪৩১

তারিখ: ১৩ ফাল্গুন ১৪৩২ ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বিষয়: সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ এর আলোকে গৃহীত বৃক্ষরোপন কর্মপরিকল্পনা বাস্তবায়ন
সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ৫৪ নম্বর স্মারক

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে বসতবাড়ি ৮০ লাখ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় ২০ লাখ মোট ০১ (এক) কোটি বৃক্ষরোপনের কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে (কপি সংযুক্ত)।

এমতাবস্থায়, এসঙ্গে সংযুক্ত কর্মপরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসের ০৫ তারিখের মধ্যে এবং বিদ্যমান সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কতো সংখ্যক বৃক্ষরোপন করা হবে তার তালিকা আগামী ০৭(সাত) দিনের মধ্যে এ দপ্তরে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরী।

অবগতিঃ
বিভাগীয় উপপরিচালক
প্রাথমিক শিক্ষা
ঢাকা/চট্টগ্রাম/সিলেট/খুলনা/বরিশাল/ময়মনসিংহ/রাজশাহী/
রংপুর বিভাগ

স্বাক্ষরিত

মোঃ মাসুদ হোসেন
যুগ্মসচিব পরিচালক (প্রশাসন) 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি, ২০২৬ বাস্তবায়নের সম্ভাব্য কর্মপরিকল্পনা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের দ্বিতীয় অধ্যায় বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন-এর অন্তর্ভুক্ত পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ করা হবে মর্মে উল্লেখ আছে। উদ্দেশ্য বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচীর মধ্যে না রেখে, বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রুপান্তর করা।

০২। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১.০৬ (১ কোটি ৬ লক্ষ) শিক্ষার্থী রয়েছে।

০৩।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের সবুজ বিপ্লবের অংশীদার হওয়ার লক্ষ্যে নিম্নরূপ "বৃক্ষরোপণ কর্মপরিকল্পনা" (সম্ভাব্য) গ্রহণ করেছে।

ধাপ-১প্রস্তুতি  পর্যায়
কার্যক্রম ও বাস্তবায়নকালঃ  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রস্তুতিমূলক সভা আয়োজন
নির্দেশনাপত্র প্রস্তুত লক্ষ্যমাত্রা নির্ধারণ---ফেব্রুয়ারী 
বিভাগ/জেলা/উপজেলায় প্রস্তুতিমূলক সভা---মার্চ

ধাপ-২ দপ্তরভিত্তিক পরিকল্পনা
কার্যক্রম ও বাস্তবায়নকালঃ এসএমসি, অভিভাবক, স্থানীয় প্রশাসনসহ সঙ্গলের সঙ্গে সভা---মার্চ
শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ---মার্চ
স্থান নির্বাচন ও বৃক্ষের ধরণ ঠিক করা---মার্চ
বিনামূল্যে ঢারা সংগ্রহের জন্য স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ ও বন বিভাগের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়---মার্চ

ধাপ-৩ উদবোধোন ও বৃক্ষ রোপণ
কার্যক্রম ও বাস্তবায়নকালঃ চারা সংগ্রহ---মে 
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির শুভউদ্বোধনের পর দপ্তরভিত্তিক
বৃক্ষরোপন ও সুরক্ষা---জুন

ধাপ-৪ পরিচর্যা ও সুরক্ষা
কার্যক্রম ও বাস্তবায়নকালঃ রোপিত চারার পরিচর্যা ও সুরক্ষা---বৃক্ষরোপণের পর হতে সারাবছর ব্যাপী

৪। বৃক্ষরোপণ ও গাছের যত্ন সম্পর্কে শিশুদের উৎসাহিতকরণ ও পাঠদানে সম্পৃক্ত করা হবে।

০৫। সহপাঠক্রমিক কার্যাবলীতে বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে এবং ধারাবাহিক মূল্যায়নের মধ্যে রোপিত বৃক্ষের অবস্থা পর্যালোচনা করা হবে।

০৬। শ্রেষ্ঠ সবুজ বিদ্যালয় ও প্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কার প্রদান করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির সমস্যা চিহ্নিত করে সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

০৮।অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচর্যা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।

০৯।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বৃক্ষরোপণ সেল গঠন করা হবে।

আশা করা যায়, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ১ম থেকে ৫ম শ্রেণিব শিক্ষার্থীদের সহায়তায় বসবাড়িতে ৮০ লক্ষ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ লক্ষ সর্বমোট ১ কোটি বৃক্ষরোপণ ও সংরক্ষণ সম্ভব হবে।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.