১ মার্চ থেকে ৩২,৯০১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব বাজেটে ইন্টারনেট চালু রাখার নির্দেশ
১ মার্চ থেকে ৩২,৯০১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব বাজেটে ইন্টারনেট চালু রাখার নির্দেশ
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬:
দেশের ৩২ হাজার ৯০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১ মার্চ ২০২৬ তারিখ থেকে নিজস্ব পরিচালন বাজেটের আওতায় ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি সেবা সচল রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
অধিদপ্তরের স্মারক নম্বর ৩৮.০১.০০০০.০০০.৯০০.০৭.০০০১.২৫.২১ অনুযায়ী জানানো হয়, চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ ৩২,৯০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেষ হচ্ছে। ফলে ১ মার্চ থেকে নতুন ব্যবস্থাপনায় ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই চালু রাখাসহ ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি নিরবচ্ছিন্নভাবে চালু রাখা বাধ্যতামূলক। এজন্য বিদ্যমান রাউটার ব্যবহার করে ‘আনলিমিটেড মান্থলি প্যাকেজ’ গ্রহণের মাধ্যমে সেবা সচল রাখতে হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, পরিচালন বাজেটের আওতায় প্রতিটি বিদ্যালয়ের জন্য মাসে এক হাজার টাকা হারে ইন্টারনেট খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বরাদ্দ থেকেই আনলিমিটেড মাসিক প্যাকেজের ব্যয় নির্বাহ করতে হবে।
অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, সংযুক্ত বিদ্যালয়ের তালিকা অনুযায়ী ৩২,৯০১টি বিদ্যালয়ে আগামী ১ মার্চ ২০২৬ থেকে নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ডিজিটাল শিক্ষা কার্যক্রম জোরদার করা এবং শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ অব্যাহত রাখা হচ্ছে। বিদ্যালয়গুলোতে অনলাইনভিত্তিক বিভিন্ন শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক যোগাযোগ ও ডিজিটাল কনটেন্ট ব্যবহারে ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.০৭.০০০১.২৫.২১
তারিখ: ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: ১লা মার্চ ২০২৬ তারিখ হতে ৩২,৯০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি সার্ভিস সচল রাখা প্রসঙ্গে।
উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় গ্রামীনফোনের সাথে চুক্তিকৃত ৩২৯০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ শেষ হবে। উক্ত বিদ্যালয়সমূহে সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রতিটি বিদ্যালয়ে ওয়াইফাই চালু রাখাসহ ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি সেবা বিদ্যমান রাউটার দিয়ে Unlimited Monthly Package ব্যবহারের মাধ্যমে নিরবিচ্ছিন্ন রাখতে হবে। নিজ নিজ দপ্তরের পরিচালন বাজেট হতে নিজ উদ্যোগে উক্ত ওয়াইফাই চালু রাখাসহ ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি সচল রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, পরিচালন বাজেটের আওতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিটি বিদ্যালয়ের জন্য মাসে ১০০০/- টাকা হারে ইন্টারনেট খাতে বরাদ্দ প্রদান করা হয়েছে। উক্ত বরাদ্দ হতে Unlimited Monthly Package ব্যবহারের ব্যয় বহন করতে হবে।
২। এমতাবস্থায়, সংযুক্ত বিদ্যালয়ের তালিকা অনুসারে ৩২,৯০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াইফাই চালু রাখাসহ ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি সেবা আগামী ০১ মার্চ ২০২৬ তারিখ থেকে পরিচালন বাজেটের বরাদ্দ (১০০০/- টাকা) হতে নিজ উদ্যোগে বিদ্যমান রাউটার দিয়ে Unlimited Monthly Package ব্যবহারের মাধ্যমে সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: বিদ্যালয়ের তালিকা;
স্বাক্ষরিত
মোহাম্মদ শহিদুল ইসলাম
পরিচালক (আইএমডি)



No comments
Your opinion here...