নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান বাধ্যতামূলক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা
নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান বাধ্যতামূলক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা
ঢাকা, ৫ মার্চ ২০২৬:
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার জন্য নির্দেশনা জারি করেছে সরকার। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মাঠ পর্যায়ের সকল অফিসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ.এস.এম. সিরাজুদ্দোহী স্বাক্ষরিত ৫ মার্চ ২০২৬ তারিখের এক স্মারকে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশ অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান করা বাধ্যতামূলক।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখা থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে একই নির্দেশনা প্রদান করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত ওই স্মারকে বলা হয়, সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং তাদের অধীনস্থ অফিসগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিতে হবে।
এছাড়া মাঠ পর্যায়ের সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণের বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে।
পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের ওই নির্দেশনার আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি স্মারক জারি করা হয়। এতে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি অফিসসমূহে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতেও এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২-৪৭৬
তারিখ: ২০ ফাল্গুন ১৪৩২ ০৫ মার্চ ২০২৬
বিষয়: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীগণের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ৩৮.০০.০০০০.০০০.০০২.৯৯.০০০৬.২১.৩২৬ নম্বর স্মারক
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কর্মকর্তা/কর্মচারীগণের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত পত্রের মর্মানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্ত: বর্ণনা মোতাবেক ০২ (দুই) ফর্দ
স্বাক্ষরিত
এ.এস.এম. সিরাজুদ্দোহী
উপপরিচালক (সংস্থাপন)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রশাসন-২ অধিশাখা
www.mopme.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০২.৯৯.০০০৬.২১.৩২৬
তারিখ: ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীগণের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান।
সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং: ০৪.০০.০০০০.০০০.৪১১.৯৯.০০০৩.১৭.৮২; তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীগণের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।
০২। এমতাবস্থায়, মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রাপ্ত পত্রের মর্মানুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণকে নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত ও প্রস্থান এবং মাঠ পর্যায়ের সকল অফিসের কর্মকর্তা/কর্মচারীগণকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে কর্মস্থল ত্যাগ করার নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোঃ শামছুল আরিফ
উপসচিব।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
সংস্থাপন অধিশাখা
www.cabinet.gov.bd
স্মারক নম্বর: ০৪.০০.০০০০.০০০.৪১১.৯৯.০০০৩.১৭.৮২
তারিখ: ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীগণের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত।
সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।
২। উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁর অধীন দপ্তর/সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, মাঠ পর্যায়ের সকল অফিসের কর্মকর্তা/কর্মচারীগণকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে কর্মস্থল ত্যাগ করতে হবে।
স্বাক্ষরিত
খন্দকার মনোয়ার মোর্শেদ
উপসচিব





No comments
Your opinion here...