মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বিদ্যালয় পরিদর্শন জোরদারের নির্দেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বিদ্যালয় পরিদর্শন জোরদারের নির্দেশ
ঢাকা, ৯ মার্চ ২০২৬: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিয়মিত পরিদর্শন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
রবিবার (৯ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (শিক্ষাক্রম ও গবেষণা শাখা) মোঃ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিখন-শেখানো কার্যক্রমসহ বিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়ন নিশ্চিত করতে উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিটিসি)-এর ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের প্রতি মাসে কমপক্ষে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। পরিদর্শন শেষে প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ) বরাবর পাঠাতে হবে।
তবে অধিদপ্তর জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসের অধিকাংশ পরিদর্শন প্রতিবেদন এখনো দপ্তরে পৌঁছেনি। প্রাপ্ত কিছু প্রতিবেদনে নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী পরিদর্শন না করার বিষয়টিও লক্ষ্য করা গেছে।
এছাড়া প্রতিবেদনে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম, শ্রেণি কার্যক্রম পরিচালনায় ঘাটতি এবং মাঝে মাঝে পাঠ পরিকল্পনা ব্যবহারের মতো মন্তব্য করা হলেও তা যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলে উল্লেখ করা হয়। অনেক প্রতিবেদনে বাংলা বানানের ক্ষেত্রেও অসচেতনতার প্রমাণ পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে পূর্বে জারি করা নির্দেশনার আলোকে সঠিকভাবে বিদ্যালয় পরিদর্শন সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুত করে হার্ডকপি আকারে পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়মিত এ ধরনের নির্দেশনা প্রদান করে থাকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
স্মারক- ৩৮.০১.০০০০.৬০১.৯৯.০৫৪.২৫.৮২
তারিখ: ২৪ ফাল্গুন, ০৯ মার্চ ১৪৩২ ২০২৬
বিষয়: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন প্রতিবেদন প্রেরণ।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের ৩৮.০১.০০০০.৬০১.৯৯০৫৪.২৫.৮৬ নং স্মারক
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিখন শেখানো কার্যক্রমসহ বিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদার করার নিমিত্ত উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর/সহকারী ইন্সট্রাক্টরগণকে প্রতিমাসে কমপক্ষে ১০ (দশ) টি বিদ্যালয় নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী পরিদর্শন করে পরবর্তী মাসের ০৭ (সাত) তারিখের মধ্যে পরিচালক প্রশিক্ষণ বরাবর প্রেরণ করার নির্দেশনা প্রদান করা হয়।
২। অধিকাংশ কর্মকর্তার জানুয়ারি/ ২০২৬ মাসের পরিদর্শন প্রতিবেদন অদ্যাবধি অত্র দপ্তরে পাওয়া যায়নি। প্রাপ্ত প্রতিবেদনে লক্ষ্য করা যায় যে, কিছু ক্ষেত্রে পরিদর্শন নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী করা হয়নি। এছাড়া প্রতিবেদনে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম, শ্রেণি কার্যক্রম পরিচালনায় ঘাটতি, মাঝে মাঝে পাঠ পরিকল্পনার ব্যবহার ইত্যাদি শব্দ প্রয়োগ করা হয়েছে যা যথার্থ নয়। তাছাড়াও প্রতিবেদনে বাংলা বানানের ব্যবহারেও সচেতনতার অভাব পরিলক্ষিত হয়েছে।
৩। এমতাবস্থায় সূত্রোক্ত পত্রের আলোকে সঠিকভাবে বিদ্যালয় পরিদর্শন করে প্রতিবেদনের হার্ডকপি পরবর্তী মাসের ০৭(সাত) কর্মদিবসের মধ্যে অত্র শাখায় প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোঃ শহীদুল ইসলাম
সহকারী পরিচালক (শিক্ষাক্রম ও গবেষণা শাখা)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



No comments
Your opinion here...