ad

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণের নির্দেশ নির্বাচন কমিশনের

Views


ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণের নির্দেশ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ভবিষ্যতে প্রয়োজন হলে প্রমাণ হিসেবে ব্যবহারের লক্ষ্যে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব ফুটেজ সংরক্ষণ করা হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠির নম্বর ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০০২.২৬-২২১।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেসব কেন্দ্রের ভোটগ্রহণের আগের দিন এবং ভোটগ্রহণের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো অভিযোগ, তদন্ত বা আইনগত প্রয়োজনে ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে এ সংরক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের এ পদক্ষেপকে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।

 বাংলাদেশ নির্বাচন কমিশন

 নির্বাচন কমিশন সচিবালয়

নম্বর- ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০০২.২৬-২২১

তারিখ: ০৬ ফাল্গুন ১৪৩২ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণ প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিগত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রসমূহের ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহনের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

২। বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহনের পূর্বের দিন ও ভোটগ্রহনের দিন সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(মোহাম্মদ মনির হোসেন)

উপসচিব

নির্বাচন পরিচালনা-২ অধিশাখা



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.