ad

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১২,৫৩১ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ১২৩ কোটির বেশি বরাদ্দ, ব্যয়ের সঠিকতা যাচাইয়ের নির্দেশ

Views

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১২,৫৩১ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ১২৩ কোটির বেশি বরাদ্দ, ব্যয়ের সঠিকতা যাচাইয়ের নির্দেশ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের মেরামত ও সংস্কার কার্যক্রমে বরাদ্দকৃত অর্থের ব্যয়ের সঠিকতা যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মিরপুর-২, ঢাকাস্থ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, দেশের ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এসব বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় মেরামত ও সংস্কারকাজ সম্পাদনের জন্য মাঠপর্যায় থেকে প্রাপ্ত চাহিদার ভিত্তিতে দুই কিস্তিতে মোট ১২৩ কোটি ৩৫ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্মারক নং-৩৮.০১.০০০০.৭০০.০৯.০০০১.২৫-২১৩(৭৫), তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ (১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ প্রাক্কলন অনুযায়ী যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রতিটি জেলার আওতাধীন উপজেলাসমূহে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত অর্থের ব্যয়ের সঠিকতা উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যাচাই করতে হবে। কাজের মান, ব্যয়ের খাত ও বাস্তব অগ্রগতি বিবেচনায় একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে পরিচালক বরাবর প্রেরণ করতে হবে।

এছাড়া জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ উদ্যোগে দৈবচয়নের ভিত্তিতে অন্তত পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করে সংস্কারকাজের মান যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন প্রেরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ, স্যানিটেশন ব্যবস্থা, ছাদ মেরামত, বৈদ্যুতিক সংযোগ ও সীমানাপ্রাচীর সংস্কারসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ পরিচালিত হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে বরাদ্দকৃত এই বিপুল অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করার অংশ হিসেবেই এই নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 মিরপুর-২, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং-৩৮.০১.০০০০.৭০০.০৯.০০০১.২৫-২১৩(৭৫)

তারিখ: ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ

বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের নিমিত্ত ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রথমিক বিদ্যালয় মেরামত/সংস্কার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয়ের সঠিকতা যাচাইপূর্বক প্রতিবেদন প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের নিমিত্ত ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত ১২,৫৩১টি সরকারি প্রথমিক বিদ্যালয় মেরামত/সংস্কারের জন্য মাঠপর্যায় থেকে প্রাপ্ত চাহিদার ভিত্তিতে দুই কিস্তিতে মোট ১২৩,৩৫,২৮,০০০ (একশত তেইশ কোটি পঁয়ত্রিশ লক্ষ আটাশ হাজার) টাকা বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দকৃত অর্থের ব্যয় প্রাক্কলন অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন হওয়া বাঞ্ছনীয়।

এমতাবস্থায়, তাঁর জেলার অধীনে প্রতিটি উপজেলায় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত সকল সরকারি প্রথমিক বিদ্যালয়ের অনুকুলে মেরামত/সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের ব্যয়ের সঠিকতা সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সরেজমিন কাজের মান সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়ন করে ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর ই-মেইল মারফত প্রেরণের জন্য অনুরোধ করা হলো। একই সাথে তিনি নিজে দৈব চয়নের ভিত্তিতে বরাদ্দপ্রাপ্ত ০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরেজমিন কাজের মান যাচাই করবেন।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি 

পরিচালক (যুগ্মসচিব)

পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.