ad

জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রাথমিক বিদ্যালয়ের বাইরে স্থাপিত সিসি ক্যামেরা খুলে সংরক্ষণের নির্দেশ

Views

 


জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রাথমিক বিদ্যালয়ের বাইরে স্থাপিত সিসি ক্যামেরা খুলে সংরক্ষণের নির্দেশ

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সংরক্ষণ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন শেষে এসব ক্যামেরার নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের জারি করা স্মারক অনুযায়ী, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে, সেসব বিদ্যালয়ের বাহিরে স্থাপিত সিসি ক্যামেরাগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণকে নিজ দায়িত্বে খুলে নিরাপদে সংরক্ষণ করতে বলা হয়েছে। তবে ভোট কক্ষের ভেতরে স্থাপিত সিসি ক্যামেরাগুলো যথাস্থানে সংরক্ষিত থাকবে এবং সেগুলো অপসারণ করা যাবে না।

এ সংক্রান্ত নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ক্যামেরাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিদ্যালয়ের বাইরে স্থাপিত ক্যামেরাগুলো খুলে সংরক্ষণের বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) ও যুগ্মসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ, নির্বাচন কমিশন এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা একাধিক চিঠির আলোকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারি সম্পদের সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এসব প্রযুক্তি পুনঃব্যবহারের সুযোগও তৈরি হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.০৮.০০০২.২৫.১৭

তারিখ: ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়েসমূহে স্থাপনকৃত সিসি ক্যামেরাসমূহ সংরক্ষণ প্রসঙ্গে।

সূত্র: (১) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ (বাজেট শাখা)

৪৬,০০,০০০০,০২৩,২২০,০০১,২০২৫ (অংশ-১)-১৫০নম্বর পত্র। ২২/০১/২০২৬ তারিখের

(২) অর্থ বিভাগের ১৮/০১/২০২৬ তারিখের ০৭.১০৪.০২০,০৬২,২২.২০২৫-৫৮৫ নম্বর পত্র।

(৩) নির্বাচন কমিশনের ২১/০১/২০১৬ তারিখের ১৭,০০,০০০০.০৩৭,০৬,০১০.৬৫ ১৬ নম্বর পত্র।

(৪) মন্ত্রিপরিষদ বিভাগের ১৫/০১/২০২৬ তারিখের ০৪,০০,০০০০,০০০,৬১২৯৯ ০০০১.২০.১৫ নম্বর পত্র।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়েসমূহে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা অনুযায়ী ইতোমধ্য সিসি ক্যামেরা স্থাপনের করা হয়েছে। নির্বাচন শেষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়েসমূহে স্থাপনকৃত ক্যামেরাসমূহের মধ্যে যেসকল ক্যামরা বিদ্যালয়ের বাহিরে স্থাপন করা হয়েছে ক্যামেরাসমূহের নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠান প্রাধানগণকে শুধুমাত্র ঐসকল ক্যামেরাগুলো খুলে নিজ দায়িত্বে সংরক্ষণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য ভোট কক্ষের ভিতরে স্থাপনকৃত সিসি ক্যামেরাসমূহ যথাস্থানে সংরক্ষিত থাকবে।

২। বিষয়টি অতীব জুরুরী।

স্বাক্ষরিত

মোহাম্মদ শহিদুল ইসলাম যুগ্মসচিব, 

পরিচালক (আইএমডি) 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.