সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৬: প্রাথমিক শিক্ষকদের জন্য যা জানা জরুরি
সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৬: প্রাথমিক শিক্ষকদের জন্য যা জানা জরুরি
📅 প্রকাশের তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬
📌 প্রকাশকারী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
📄 স্মারক নং: ৩৮.০০৮.০২২.০০.০০২.২০১১-৬৩
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৩ সালের নির্দেশিকা সংশোধন করে নতুনভাবে “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৬” জারি করেছে। এই নির্দেশিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য।
এই ব্লগে সহজ ভাষায় পুরো নির্দেশিকার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো।
🔹 ১. বদলির সময়কাল
👩🏫 শিক্ষকদের জন্য
সাধারণ বদলি: ফেব্রুয়ারি থেকে অক্টোবর
অনলাইন সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন হবে।
বদলির ধরন:
একই উপজেলা/থানা
আন্তঃউপজেলা
আন্তঃজেলা
আন্তঃবিভাগ
সারাদেশব্যাপী (বিশেষ ক্ষেত্রে)
👨💼 মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য
সাধারণ বদলি: জানুয়ারি থেকে নভেম্বর
জনস্বার্থ/প্রশাসনিক কারণে বছরের যেকোনো সময় বদলি সম্ভব।
🔹 ২. বদলির কর্তৃপক্ষ কারা?
বদলির ধরন অনুযায়ী কর্তৃপক্ষ নির্ধারিত:
| বদলির ধরন | কর্তৃপক্ষ |
|---|---|
| একই উপজেলা | জেলা প্রাথমিক শিক্ষা অফিসার |
| আন্তঃউপজেলা | জেলা প্রাথমিক শিক্ষা অফিসার |
| আন্তঃজেলা | বিভাগীয় উপপরিচালক |
| আন্তঃবিভাগ | মহাপরিচালক |
| সিটি কর্পোরেশন বদলি | নির্ধারিত কমিটির সুপারিশক্রমে মহাপরিচালক |
🔹 ৩. সাধারণ বদলির শর্তাবলী
✅ সহকারী শিক্ষক: কমপক্ষে ২ বছর চাকরি পূর্ণ হতে হবে।
✅ বদলির পর ৩ বছর পূর্ণ না হলে পুনরায় বদলি নয়।
✅ প্রধান শিক্ষক পদোন্নতির পর ২ বছর পূর্ণ হতে হবে।
❗ বিশেষ শর্ত:
যে বিদ্যালয়ে ৫ জন বা কম শিক্ষক আছে, সেখান থেকে সাধারণভাবে বদলি হবে না (প্রতিস্থাপন ছাড়া)।
শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর বেশি হলে বদলি সীমিত।
উপজেলা/থানার মোট পদের সর্বোচ্চ ১০% বাইরের বদলি করা যাবে।
🔹 ৪. স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি
বিবাহিত শিক্ষকরা স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির আবেদন করতে পারবেন।
📌 প্রয়োজনীয় কাগজপত্র:
কাবিননামা/বিবাহ সনদ
স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন
জমির দলিল
খতিয়ান/ওয়ারিশান সনদ
⚠️ এই সুবিধা চাকরিজীবনে সর্বোচ্চ ১ বার গ্রহণযোগ্য।
🔹 ৫. বিধবা/তালাকপ্রাপ্ত শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা
পিতা বা পরিবর্তিত স্থায়ী ঠিকানায় বদলি সম্ভব।
পুনরায় বিবাহ করলে স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি আবেদন করা যাবে।
প্রয়োজনীয় প্রত্যয়ন ও আইনি কাগজপত্র দাখিল করতে হবে।
সুযোগ: সর্বোচ্চ ১ বার।
🔹 ৬. স্বাস্থ্যগত কারণে বদলি
নিম্নোক্ত দুরারোগ্য রোগে আক্রান্ত হলে বছরের যেকোনো সময় বদলি সম্ভব:
ক্যান্সার
কিডনি রোগ
লিভার সিরোসিস
স্ট্রোকজনিত প্যারালাইসিস
জন্মগত হৃদরোগ
থ্যালাসেমিয়া
📌 সিভিল সার্জনের প্রত্যয়ন আবশ্যক।
🔹 ৭. পারস্পরিক বদলি
একই উপজেলার মধ্যে পারস্পরিক আবেদনের ভিত্তিতে বদলি সম্ভব।
পিআরএল-এর আগে কমপক্ষে ১ বছর চাকরি থাকতে হবে।
🔹 ৮. সংযুক্তি (Attachment)
বিশেষ পরিস্থিতিতে (প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, সাময়িক বরখাস্ত ইত্যাদি কারণে) একই উপজেলার মধ্যে সর্বোচ্চ ১ বছরের জন্য সংযুক্তি দেওয়া যাবে।
একই শিক্ষককে একাধিকবার সংযুক্তি দেওয়া যাবে না।
মেয়াদ শেষে সংযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
🔹 ৯. প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত বদলি
আচরণবিধি লঙ্ঘন করলে বিভাগীয় ব্যবস্থা শেষে প্রশাসনিক বদলি।
প্রশাসনিক বদলির পর ৩ বছর পুনর্বদলি আবেদন করা যাবে না।
🔹 ১০. গুরুত্বপূর্ণ বিশেষ নির্দেশনা
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জন্য এই নির্দেশিকা সরাসরি প্রযোজ্য নয়।
প্রশিক্ষণকালীন, দীর্ঘ শিক্ষা ছুটিকালীন বা সাময়িক বরখাস্ত অবস্থায় বদলির আবেদন করা যাবে না।
অনলাইন সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত অফলাইনে বদলি করা যাবে (মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে)।
🔹 ১১. ২০২৩ সালের নির্দেশিকা বাতিল
১০ অক্টোবর ২০২৩ সালের নির্দেশিকা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে পূর্বে সম্পন্ন কার্যক্রম বৈধ থাকবে।
✍️ উপসংহার
“সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৬” প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে অনলাইন আবেদন ব্যবস্থা, অগ্রাধিকার নির্ধারণের স্পষ্ট মানদণ্ড এবং স্বাস্থ্য/পারিবারিক বিবেচনায় বিশেষ সুযোগ — এগুলো শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন।
যারা বদলির আবেদন করতে ইচ্ছুক, তাদের উচিত নির্দেশিকাটি ভালোভাবে পড়া এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নং- ৩৮.০০৮.০২২.০০.০০২.২০১১-৬৩
তারিখঃ ২২ মাঘ ১৪৩২ ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৬
গত ১০/১০/২০২৩ তারিখের ৩৮.০০৮.০২২.০০.০০.০০২.২০১১-৪২২ নং স্মারকে জারীকৃত সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ অধিকতর সংশোধনপূর্বক এ নির্দেশিকা জারী করা হলো। এ নির্দেশিকাটি 'সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৬' নামে অভিহিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে এ নির্দেশিকাটি প্রযোজ্য হবে।
ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক বদলি:
১.০ বদলির সময়কাল:
১.১ সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণকে প্রতি শিক্ষা বছরের ফেব্রুয়ারি-অক্টোবর মাসের মধ্যে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে একই উপজেলা/থানা, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এবং সারাদেশব্যাপী বদলি করা যাবে।
২.০ বদলির কর্তৃপক্ষ:
২.১ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার নিজ অধিক্ষেত্রে একই উপজেলা/থানার মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারের সুপারিশক্রমে সহকারী শিক্ষকদের অন্তঃউপজেলা/থানায় অনলাইনে বদলির অনুমোদন প্রদান করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদন গ্রহণপূর্বক উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার এরূপ বদলির আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন;
২.২ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার নিজ অধিক্ষেত্রে আন্তঃউপজেলা/থানার মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশক্রমে অনলাইনে সহকারী শিক্ষকদের বদলি অনুমোদনপূর্বক আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন;
২.৩ একই সিটি কর্পোরেশনের আওতাধীন আন্তঃথানা বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশক্রমে সহকারী শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুমোদনপূর্বক বদলির আদেশ জারির ব্যবস্থা নিবেন এবং প্রধান শিক্ষকদের সংশ্লিষ্ট থানা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশক্রমে বিভাগীয় উপপরিচালক অনুমোদনপূর্বক বদলির আদেশ জারির ব্যবস্থা নিবেন;
২.৪ বিভাগীয় উপ-পরিচালক তার নিজ অধিক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশক্রমে সহকারী শিক্ষকদের আন্তঃজেলা বদলি অনুমোদনপূর্বক বদলির আদেশ জারির ব্যবস্থা নিবেন;
২.৫ বিভাগীয় উপ-পরিচালক তার নিজ অধিক্ষেত্রে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশক্রমে প্রধান শিক্ষকদের একই উপজেলা/থানা, আন্তঃউপজেলা এবং আন্তঃজেলা বদলি অনুমোদনপূর্বক বদলির আদেশ জারির ব্যবস্থা নিবেন;
২.৬ আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনুমোদনপূর্বক বদলির আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন;
২.৭ স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় সারাদেশব্যাপী বদলির ক্ষেত্রে প্রয়োজনীয়তা বিবেচনায় মহাপরিচালক বদলির কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবেন;
২.৮ অন্যত্র হতে সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি কর্পোরেশন বদলি/সংযুক্তির ক্ষেত্রে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিম্নবর্ণিত কমিটির সুপারিশক্রমে বদলি/ সংযুক্তির আদেশ জারির ব্যবস্থা নিবেন;
কমিটি:
(১) অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর---আহবায়ক
(২) অতিরিক্ত বিভাগীয় কমিশনার---সদস্য
(৩) যুগ্মসচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়---সদস্য
(৪) পরিচালক (প্রশাসন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর---সদস্য
(৫) পরিচালক (পলিসি ও অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর---সদস্য সচিব
২.৯ শিক্ষক বদলির ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ও বহির্ভূত এলাকা (সদর উপজেলা) সিটি কর্পোরেশন এর একক ইউনিট হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ কোনো উপজেলার অংশবিশেষ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে সম্পূর্ণ উপজেলাই সিটি কর্পোরেশন হিসেবে গণ্য হবে।
৩.০ বদলির সাধারণ শর্তাবলী:
৩.১ বদলির ক্ষেত্রে উপজেলা/থানা (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে) একক ইউনিট হিসেবে গণ্য হবে;
৩.২ সহকারী শিক্ষক পদে চাকরির মেয়াদ ন্যূনতম ২ (দুই) বছর পূর্ণ হলে এবং পদ শূন্য থাকলে অন্তঃউপজেলা/ থানা, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা ও আন্তঃবিভাগ বদলি করা যাবে। যে কোনো বদলির পর ০৩ (তিন) বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক পুনঃবদলির জন্য বিবেচিত হবেন না;
৩.৩ প্রধান শিক্ষক বা কোনো সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতিপ্রাপ্ত হলে, উক্ত পদে তার চাকরির মেয়াদ ২ (দুই) বছর পূর্ণ হলে, অন্তঃউপজেলা/থানা, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা এবং আন্তঃবিভাগ বদলি করা যাবে। এক্ষেত্রে বদলির পর ৩ (তিন) বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক পুনঃবদলির জন্য বিবেচিত হবেন না;
৩.৪ যে সকল বিদ্যালয়ে ৫ (পাঁচ) জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর বেশি রয়েছে, সে সকল বিদ্যালয় থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না। তবে প্রতিস্থাপন/নিয়োগ সাপেক্ষে বদলি করা যাবে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নির্ধারণের ক্ষেত্রে ডাবল শিফটে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী বিদ্যালয়সমূহের ক্ষেত্রে যে কোনো এক শিফটের শিক্ষার্থী যথা-প্রাক-প্রাথমিক, ১ম ও ২য় অথবা ৩য় হতে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশী হবে তা ১:৪০ অনুপাত হিসেবে বিবেচিত হবে। প্রতিস্থাপন সাপেক্ষে বদলিকৃত শিক্ষকের স্থলে নতুন নিয়োগের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। প্রতিস্থাপন নিয়োগ/পদায়নের মাধ্যমে না পাওয়া গেলে ০৬ (ছয়) মাস পর উক্ত বদলির আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। উল্লিখিত ০৬ (ছয়) মাসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অন্য বিদ্যালয় থেকে বদলির (যে সকল বিদ্যালয়ে আনুপাতিক হারে বেশি শিক্ষক রয়েছে) মাধ্যমে প্রতিস্থাপন বদলির বিষয়টি আবশ্যিকভাবে কার্যকর করবেন;
৩.৫ নদী ভাঙ্গন/ অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে কোনো শিক্ষকের বসতভিটা বিলীন হওয়ার ফলে স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে বা কোনো উপজেলা/ থানা/ পৌরসভা/ সিটি কর্পোরেশন প্রশাসনিক পুনর্গঠনের কারণে কোনো শিক্ষকের স্থায়ী ঠিকানা এবং কর্মস্থলের ঠিকানা পরিবর্তিত হয়ে দুটো ভিন্ন উপজেলা/থানা পৌরসভার অন্তর্ভুক্ত হলে উক্ত শিক্ষককে নিজ স্থায়ী ঠিকানায় বদলি করা যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র, স্থায়ী ঠিকানার জমির দলিল, খতিয়ানসহ আবেদন করতে হবে;
৩.৬ উপজেলা/থানায় কোনো পদ শূন্য হলে প্রথমত: সংশ্লিষ্ট উপজেলা/থানার অধিবাসী প্রার্থীগণ যারা নিজ উপজেলা/থানায় শূন্যপদ না থাকায় অন্য উপজেলা/থানায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, দ্বিতীয়ত: সংশ্লিষ্ট উপজেলা/থানার অধিবাসী প্রার্থীগণ সেই পদে বদলির জন্য অগ্রাধিকার পাবেন। তবে একাধিক পদ শূন্য থাকলে অন্য উপজেলা/থানা/জেলা/বিভাগের শিক্ষকগণও একইভাবে বদলির জন্য বিবেচিত হতে পারবেন। তবে আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা কিংবা আন্তঃ বিভাগ বদলির ক্ষেত্রে বদলিকৃত শিক্ষকের জ্যেষ্ঠতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ নীতিমালা দ্বারা নির্ধারিত হবে;
৩.৭ উপজেলা বা থানার মধ্যে একই পদে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে তাদের মধ্যে যথাক্রমে (১) স্বামীর মৃত্যু, (২) বিবাহ বিচ্ছেদ (নারী), (৩) প্রতিবন্ধিতা, (৪) কর্মরত বিদ্যালয়ের কর্মকাল, (৫) লিঙ্গ, (৬) চাকুরির আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানা/স্বামীর স্থায়ী ঠিকানা (অন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে প্রযোজ্য নয়), (৭) চাকুরির আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানা/স্বামীর স্থায়ী ঠিকানা হতে দূরত্ব (অন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে প্রযোজ্য) ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন সাপেক্ষে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। প্রতিবন্ধিতার ক্ষেত্রে শিক্ষকের সন্তান কিংবা স্বামী/স্ত্রী প্রতিবন্ধী হলেও তিনি অগ্রাধিকার পাবেন; তবে এক্ষেত্রে প্রতিবন্ধিতার ধরন ও মাত্রার বিষয়ে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার প্রত্যয়ন প্রমাণক হিসেবে দাখিল করতে হবে;
৩.৮ উপজেলা/থানার সহকারী শিক্ষকের মোট পদের সর্বাধিক ১০% পদে সংশ্লিষ্ট উপজেলা/থানার বাইরে থেকে উপযুক্ত শিক্ষক পদ শূন্য সাপেক্ষে বদলি করা যাবে;
৩.৯ চাকরি লাভের পূর্বে এবং চাকরি লাভের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন শিক্ষক স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক হলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে বদলি করা যাবে। এ ধরনের বদলির ক্ষেত্রে বিবাহের সময় স্বামী/স্ত্রীর যে স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়েছে ঐ ঠিকানায় বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ ৩.৮ এ বর্ণিত ১০% পূরণের শর্তটি প্রযোজ্য হবে না। এরূপ বদলির ক্ষেত্রে
স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানার স্বপক্ষে বিয়ের কাবিন নামা/প্রত্যয়ন পত্র, সংশ্লিষ্ট পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর এর প্রত্যয়ন পত্র, স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল (কাবিন নামায় উল্লিখিত স্থায়ী ঠিকানা ও দলিলে উল্লিখিত স্থায়ী ঠিকানা একই হতে হবে), খতিয়ান/ওয়ারিশান সনদসহ আবেদন করতে হবে। তবে এ সুযোগ তাঁরা সমগ্র চাকরিকালে সর্বোচ্চ ০১ (এক) বার গ্রহণ করতে পারবেন;
৩.১০.১ বিধবা বা তালাকপ্রাপ্তা শিক্ষককে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে পিতা/তার স্থায়ী ঠিকানায় অথবা তাঁর পরিবর্তিত স্থায়ী ঠিকানায় বদলি করা যাবে। এক্ষেত্রে পিতার বা তাঁর পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সংশ্লিষ্ট পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর প্রত্যয়ন পত্র, পিতার স্থায়ী ঠিকানার জমির দলিল, খতিয়ানসহ আবেদন করতে হবে; তবে এ সুযোগ তাঁরা সমগ্র চাকরিকালে সর্বোচ্চ ০১ (এক) বার গ্রহণ করতে পারবেন;
৩.১০.২ ভিন্ন ধর্মাবলম্বী তালাকপ্রাপ্তদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের সার্টিফিকেট, নোটারী পাবলিক কর্তৃক প্রত্যয়নসহ আবেদন করতে হবে;
৩.১১ বিধবা/তালাকপ্রাপ্ত শিক্ষক পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছা পোষণ করলে কাবিননামা/প্রত্যয়নসহ আবেদনের ভিত্তিতে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলি করা যাবে। এরুপ বদলির ক্ষেত্রে নিজের স্থায়ী ঠিকানার স্বপক্ষে এবং স্বামীর স্থায়ী ঠিকানার স্বপক্ষে সংশ্লিষ্ট পৌর মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর এর প্রত্যয়ন পত্র, স্বামীর স্থায়ী ঠিকানার জমির দলিল, খতিয়ানসহ আবেদন করতে হবে;
৩.১২ চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ শুধুমাত্র কর্মরত উপজেলা/থানার মধ্যে বদলি হতে পারবেন;
৩.১৩ প্রধান শিক্ষকের আন্তঃউপজেলা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত পদোন্নতির বিধিবিধানের আলোকে পদোন্নতিযোগ্য মোট পদের সর্বাধিক ১০% পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সরাসরি নিয়োগযোগ্য মোট পদের সর্বাধিক ১০% পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষককে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলি করা যাবে;
৩.১৪ কোনো উপজেলা/থানার অধিবাসী প্রার্থীগণ যারা নিজ উপজেলা/থানায় শূন্য পদ না থাকায় কিংবা অন্য কোন কারণে অন্য উপজেলা/থানায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, এরূপ বদলি প্রার্থী শিক্ষককে আবশ্যিকভাবে নিজ উপজেলা/থানায় শূন্য পদ থাকা সাপেক্ষে বদলি করতে হবে। এক্ষেত্রে এ নির্দেশিকার অনুচ্ছেদ ১.০ প্রযোজ্য হবে না।
৪.০ স্বাস্থ্য/প্রশাসনিক কারণে বদলি:
৪.১ দুরারোগ্য/প্রাণঘাতি (ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া) রোগে আক্রান্তের কারণে অপরিহার্যতা বিবেচনায় নিয়মিত বদলির পাশাপাশি বছরের যে কোনো সময় জনস্বার্থে বদলি অথবা নির্দিষ্ট সময়ের জন্য সংযুক্তি প্রদান করা যাবে। দুরারোগ্য/ প্রাণঘাতি রোগে আক্রান্তের কারণে বদলির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জনের প্রত্যয়ন দাখিল করতে হবে;
৪.২ আচরণবিধি লংঘন বা শৃঙ্খলাজনিত কারণে বদলি প্রদানের ক্ষেত্রে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রস্তাবের প্রেক্ষিতে সহকারী শিক্ষককে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকের ক্ষেত্রে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রস্তাবের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক প্রশাসনিক বদলি করবেন; তবে এ ধরনের বদলির আদেশ প্রদানকারী সংশ্লিষ্ট কর্মকর্তা মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন;
৪.৩ প্রশাসনিক কারণে বদলি হওয়ার ৩ (তিন) বছরের মধ্যে কোনো শিক্ষক পুনঃবদলির জন্য আবেদন করতে পারবেন না;
৪.৪.১ শিক্ষকগণকে পারস্পরিক আবেদনের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বদলি করা যাবে (একই উপজেলা/থানার অভ্যন্তরে)। উল্লেখ্য যে, পারস্পরিক বদলির ক্ষেত্রে পিআরএল গমনের পূর্বে কমপক্ষে ০১ (এক) বছর চাকুরীকাল থাকতে হবে;
৪.৪.২ নিম্নোক্ত কারণে জনস্বার্থে অপরিহার্যতা বিবেচনায় মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বছরের যে কোনো সময় বদলির আদেশ জারি করতে পারবেন।
(ক) দুরারোগ্য ব্যাধি (ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া)
(খ) তালাকপ্রাপ্তা অথবা বিধবা।
৪.৫ একই উপজেলা/থানার মধ্যে বিদ্যালয়সমূহের মধ্যে শ্রেণিকক্ষ/ শিক্ষক-শিক্ষার্থী সংখ্যার অনুপাতে শিক্ষকদের সুষম বন্টন নিশ্চিত করার প্রয়োজনে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রস্তাবের প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ভিত্তিক শিক্ষকের শূন্য পদ সমন্বয় করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সমন্বয়ের ফলে যে বিদ্যালয় হতে পদ কর্তন করা হয়েছে সে বিদ্যালয়ের কর্তন পরবর্তী অনুমোদিত শিক্ষক সংখ্যা ০৫ (পাঁচ) এর নিচে নেমে না যায়। তবে, বিশেষ প্রয়োজনে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকসহ পদ সমন্বয় করতে পারবেন। be
৫.০ সংযুক্তি:
৫.১ প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি), প্রযোজ্য ক্ষেত্রে, ডিপিএড/সিইনএড প্রশিক্ষণে এক বা একাধিক শিক্ষকের যোগদানের কারণে কিংবা কোনো শিক্ষকের সাময়িক বরখাস্তজনিত শূন্য পদের বা মাতৃত্বজনিত ছুটির বা উদ্ভুত পরিস্থিতির কারণে শিক্ষক স্বল্পতা হেতু কোনো বিদ্যালয়ে পাঠদান বিঘ্নিত হলে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার এর প্রস্তাবের ভিত্তিতে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত রেখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখপূর্বক (সর্বোচ্চ ০১ বছরের জন্য) একই উপজেলার অভ্যন্তরে সংযুক্তির আদেশ প্রদান করতে পারবেন। মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্তির আদেশ বাতিল হবে। একই শিক্ষককে একাধিক বার সংযুক্তি দেয়া যাবে না। সংযুক্তির আদেশকারী কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্তৃপক্ষ জনস্বার্থে বা প্রশাসনিক কারণে উক্ত সংযুক্তির আদেশ বাতিল করতে পারবেন;
৫.২ জনস্বার্থে/প্রশাসনিক কারণে বা আবেদনের প্রেক্ষিতে অপরিহার্য বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বছরের যে কোনো সময় যে কোনো শিক্ষকের বদলি/সংযুক্তির আদেশ জারি করতে পারবেন;
৫.৩ প্রধান শিক্ষকদের অন্তঃউপজেলা, আন্তঃউপজেলা এবং আন্তঃজেলা বিভাগীয় উপপরিচালক এবং আন্তঃ বিভাগ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আদেশ কারি করবেন;
খ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মচারী বদলি:
৬.০ বদলির সময়কাল:
৬.১ সাধারণভাবে আবেদনের প্রেক্ষিতে প্রতি বছর জানুয়ারি থেকে নভেম্বর মাসে বদলি করা যাবে;
৬.২ জনস্বার্থে। প্রশাসনিক কারণে। আবেদনের প্রেক্ষিতে অপরিহার্যতা বিবেচনায় মন্ত্রণালয় ও অধিদপ্তর অনুচ্ছেদ ৯ এর বিধানাবলী অনুসরণপূর্বক যে কোনো সময় যে কোনো কর্মচারীকে অনলাইনে/অফলাইনে বদলি করতে পারবে। তবে অফলাইনে আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধমে আবেদন প্রেরণ করতে হবে।
৭.০ বদলির কর্তৃপক্ষ:
৭.১ ৬ষ্ঠ গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীর বদলির আদেশ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জারি করবেন;
৭.২ ৯ম থেকে ৭ম গ্রেডের (মূল গ্রেড) কর্মচারীর বদলির আদেশ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জারি করবেন। ১০ম গ্রেডভুক্ত কর্মচারীদের আন্তঃবিভাগ বদলির আদেশ মহাপরিচালক এবং ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতিত) আন্তঃবিভাগ বদলির আদেশ অতিরিক্ত মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জারি করবেন;
৭.৩ ১০ম গ্রেডভুক্ত কর্মচারীদের আন্তঃজেলা এবং আন্তঃউপজেলা বদলির আদেশ বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা জারি করবেন;
৭.৪ ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতিত) আন্তঃজেলা বদলির আদেশ বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা জারী করবেন;
৭.৫ ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতিত) আন্তঃউপজেলা বদলির আদেশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (আওতাধীন অফিসসমূহ) এবং পিটিআই সুপারিনটেনডেন্ট (আওতাধীন অফিসসমূহ) জারি করবেন।
৮.০ বদলির শর্তাবলী:
৮.১ ইন্সট্রাক্টর, ইউপিইটিসি/টিপিইটিসি, পিটিআই ইন্সট্রাক্টর, উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী সুপারিনটেনডেন্ট, পিটিআই এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নিজ জেলায় পদায়ন/বদলি এবং একই পদে অব্যবহিত পূর্ববর্তী কর্মস্থলে বদলি করা যাবে না। তবে, উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী ইন্সট্রাক্টর, ইউপিইটিসি/ টিপিইটিসি, সহকারী মনিটরিং অফিসারকে নিজ উপজেলা এবং অব্যবহিত পূর্ববর্তী কর্মস্থল ব্যতীত অন্যত্র বদলি করা যাবে;
৮.২ কোন কর্মস্থলে চাকরির মেয়াদ ন্যূনতম ০২ (দুই) বছর পূর্ণ হলে এবং পদ শূন্য থাকলে বদলি করা যাবে। বদলির পর ০২ (দুই) বছর অতিক্রান্ত না হলে কোনো কর্মচারী পুন: বদলির জন্য বিবেচিত হবেন না;
৮.৩ অবসর উত্তর ছুটি (পিআরএল) তে গমনের এক বছর এক মাস পূর্বে কোন কর্মচারী বদলির জন্য আবেদন করলে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করতে পারেন।
৯.০ অপরিহার্যতা বিবেচনায় জনস্বার্থে/প্রশাসনিক কারণে বদলি:
৯.১ আচরণবিধি লঙ্ঘন বা শৃঙ্খলাজনিত কারণে বদলির পাশাপাশি অপরিহার্যতা বিবেচনায় জনস্বার্থে। প্রশাসনিক কারণে বদলি করা যাবে;
৯.১.১ এ ক্ষেত্রে ৬ষ্ঠ গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীর বদলির আদেশ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জারি করবেন;
৯.১.২ ৭ম থেকে ৯ম গ্রেডের (মূল গ্রেড) কর্মচারীর বদলির আদেশ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জারি করবেন। ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর আন্তঃবিভাগ বদলির আদেশ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জারি করবেন;
৯.১.৩ উপরোল্লিখিত কারণে ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর কোনো বিভাগের অভ্যন্তরীণ বদলির ক্ষেত্রে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদনক্রমে বিভাগীয় উপপরিচালক বদলির আদেশ জারি করবেন;
৯.১.৪ ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর আন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা অনুমোদনক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অথবা সুপারিনটেনডেন্ট, পিটিআই স্ব স্ব অধিক্ষেত্রে বদলির আদেশ জারি করবেন;
৯.২ একই পদে ও একই কর্মস্থলে ০৩ (তিন) বছর অতিক্রান্ত হওয়ার পর কর্মচারীদের জনস্বার্থে নতুন পদে/কর্মস্থলে বদলি করতে হবে। এরূপ বদলির ক্ষেত্রে কর্মচারীর যথাসম্ভব যোগাযোগ ও অন্যান্য সুবিধা এবং আন্তঃদপ্তর জনবলের ভারসাম্য বিবেচনায় কর্মস্থল নির্ধারণ করতে হবে।
১০.০ বদলির ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ:
১০.১ যে সকল কর্মচারী এবং তাঁদের স্ত্রী/স্বামী সরকারি/স্বায়ত্বশাষিত সংস্থায় চাকরি করেন এ সকল কর্মচারীর বদলি/পদায়নের ক্ষেত্রে যেন স্বামী-স্ত্রী উভয়ই পাশাপাশি অথবা যথাসম্ভব পরস্পরের নিকটবর্তী কর্মস্থলে অবস্থান করতে পারেন সে বিষয়ে সর্বোচ্চ বিবেচনা করা যেতে পারে;
১০.২ সরকার কর্তৃক স্বীকৃত দুর্গম ও পাহাড়ী এলাকায় কর্মরত কর্মচারীর চাকরিকাল ০১ (এক) বছর পূর্ণ হলে এবং তিনি বদলির আবেদন করলে কর্তৃপক্ষ তা বিবেচনা করতে পারবেন;
১০.৩ উপজেলা/ থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণকে জনস্বার্থে এবং আবেদনের প্রেক্ষিতে বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মস্থলে ন্যূনতম ৫০% উপজেলা/ থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদ পূরণ থাকতে হবে। অনিবার্য কারণে ৫০% পদ পুরণ সম্ভব না হলে প্রতিস্থাপন নিশ্চিতকরণ সাপেক্ষে বদলি করা যাবে। একই উপজেলা/থানা শিক্ষা অফিস হতে একাধিক কর্মকর্তা অন্যত্র বদলির আবেদন করলে অথবা, একই কর্মস্থলে একাধিক প্রার্থী আবেদন করলে যথাক্রমে-নারী কর্মচারী এবং জ্যেষ্ঠ কর্মচারীগণ অগ্রাধিকার পাবেন;
১০.৪ যে কোনো পর্যায়ের কর্তৃপক্ষ বদলির আদেশ জারী করে অনতিবিলম্বে তা সকল পর্যায়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই পদের বিপরীতে একাধিক আদেশ জারী হলে প্রথম জারীকৃত আদেশ বহাল থাকবে;
১০.৫ যে কোনো পর্যায়ের কর্তৃপক্ষ বদলির আদেশ জারী করে অনতিবিলম্বে তা সকল পর্যায়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
১১.০ বিবিধ:
১১.১ এ নির্দেশিকার কোনো অনুচ্ছেদে বর্ণিত শর্তাদি স্পষ্টীকরণের প্রয়োজন হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে পারবে;
১১.২ এ নির্দেশিকাটির শিক্ষক বদলির অংশটুকু রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলাসমূহের জন্য অনুসৃত হবে না। তবে এই নির্দেশিকার আলোকে সংশ্লিষ্ট জেলার উপযোগী নির্দেশিকা প্রণয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করবে;
১১.৩ পিটিআই প্রশিক্ষণকালীন বিটিপিটি, উচ্চতর ডিগ্রী অর্জনের শিক্ষা ছুটিকালীন (এক বছরের অধিক) অথবা সাময়িক বরখাস্তকালীন সময়ে বদলির আবেদন করা যাবে না;
১১.৪ এ নির্দেশিকা জারির তারিখ হতে গত ১০ অক্টোবর ২০২৩ তারিখের ৩৮.০০৮.০২২.০০.০০.০০২. ২০১১-৪২২ নং স্মারকে জারিকৃত সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩ বাতিল বলে গণ্য হবে; তবে উক্ত নির্দেশিকার অধীন যে সকল কার্যক্রম নিষ্পন্ন হয়েছে তা এ নির্দেশিকার অধীন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে এবং এ নির্দেশিকা জারির তারিখে অনিষ্পন্ন কার্যাদি যতদূর সম্ভব এ নির্দেশিকার অধীন নিষ্পন্ন করতে হবে;
১১.৫ এ নির্দেশিকার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত অনলাইন সফ্টওয়্যার/এ্যাপস্ এর মাধ্যমে বদলির কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে প্রয়োজনীয়তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমোদনক্রমে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে কোনো সময় যে কোনো বদলি অনলাইনে করতে পারবেন;
১১.৬ এ নির্দেশিকার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনলাইন সফটওয়্যার/এ্যাপস্ প্রস্তুত হওয়ার পূর্ব পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে অফলাইনে বদলির কার্যক্রম সম্পন্ন হবে।
১১.৭ কর্মকর্তাগণকে পারস্পরিক আবেদনের ভিত্তিতে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বদলি করা যাবে।
স্বাক্ষরিত
(আবু তাহের মোঃ মাসুদ রানা)
সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments
Your opinion here...