গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রধান শিক্ষকদের ব্রিফিংয়ের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রধান শিক্ষকদের ব্রিফিংয়ের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬:
গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে দেশের সকল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, অধিদপ্তর কর্তৃক গৃহীত গণভোট সংক্রান্ত কর্মপরিকল্পনার আলোকে এই ব্রিফিং কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে গণভোটের বিষয়বস্তু, উদ্দেশ্য এবং গুরুত্ব সম্পর্কে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক সমাজকে অবহিত করা হবে, যাতে তারা পরবর্তীতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন।
নির্দেশনায় আরও বলা হয়, আগামী ১৫ জানুয়ারি ২০২৬, অফিস চলাকালীন সময়ে প্রত্যেক উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে সংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করতে হবে। এ দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ব্রিফিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্যাদি এবং গণভোট সংক্রান্ত গৃহীত কর্মপরিকল্পনা সংযুক্ত করা হয়েছে, যাতে ব্রিফিং প্রদানকারীরা অভিন্ন ও সঠিক তথ্য উপস্থাপন করতে পারেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই উদ্যোগ গণভোট বিষয়ে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ, দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সমাজে একটি বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী অবস্থান তৈরি করে রেখেছেন।
উল্লেখ্য, উক্ত অফিস আদেশে সহকারী পরিচালক (সাধারণ প্রাথমিক) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষর করেছেন।
এই ব্রিফিং কার্যক্রমের মাধ্যমে গণভোটের লক্ষ্য ও তাৎপর্য সম্পর্কে শিক্ষক সমাজের সুস্পষ্ট ধারণা তৈরি হবে এবং তার প্রভাব সাধারণ জনগণের মধ্যেও প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.৩৭.০০৪.২৫.৮৫
তারিখ: ২৯ পৌষ ১৪৩২ ১৩ জানুয়ারি ২০২৬
বিষয়: গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষে গৃহিত কর্মপরিকল্পনা অনুযায়ী প্রধান শিক্ষকগণকে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গৃহিত গণভোট সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুযায়ী
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গৃহিত গণভোট সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুযায়ী গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষে প্রত্যেকটি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদানের সিদ্ধান্ত রয়েছে।
২। আগামী ১৫ জানুয়ারি ২০২৬ অফিস চলাকালীন সময়ে তার উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: গণভোট সংক্রান্ত গৃহিত কর্মপরিকল্পনা ও
ব্রিফিং প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্যাদি
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সা.প্র.)



No comments
Your opinion here...