মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল জাতীয় রাজস্ব বোর্ড
মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল জাতীয় রাজস্ব বোর্ড
দাম কমছে আমদানিকৃত ও দেশে সংযোজিত উভয় ধরনের মোবাইল ফোনের
ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬:
মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য শুল্ক প্রায় ৬০ শতাংশ কমলো।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপনটি হলো এস.আর.ও. নং ১৫-আইন/২০২৬/কাস্টমস। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, ক্রেতা সাধারণের জন্য মোবাইল ফোনের মূল্য সহনীয় রাখাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
এদিকে, দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে এবং আমদানিকৃত পূর্ণাঙ্গ ফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে আলাদা আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এস.আর.ও. নং ১৬-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী, মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে এসব উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেল।
কতটা কমবে মোবাইল ফোনের দাম
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, এই দুইটি প্রজ্ঞাপন কার্যকর হলে—
৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫,৫০০ টাকা পর্যন্ত কমবে।
৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১,৫০০ টাকা কমবে।
এনবিআর আশা করছে, শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্যভাবে কমবে এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।
ডিজিটাল সেবা গ্রহণ হবে আরও সহজ
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইল ফোনের দাম কমলে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ ও বিস্তৃত হবে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, ই-গভর্ন্যান্সসহ নানা ডিজিটাল সেবায় জনগণের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড আরও জানিয়েছে, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের মূল্য ধরে রাখতে সরকারের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন, প্লট-এফ ১/এ, আগারগাঁও
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
তারিখ: ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সংবাদ বিজ্ঞপ্তি
মোবাইল ফোন আমদানিতে ৬০% শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড
মোবাইল ফোনের মূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫% হতে কমিয়ে ১০% করে আজ একটি প্রজ্ঞাপণ (এস. আর.ও. নং ১৫-আইন/২০২৬/কাস্টমস) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০% কমেছে। কাস্টমস ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০% থেকে হ্রাস করে ৫% ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ১৬-আইন/২০২৬/কাস্টমস) জারি করা হয়েছে। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৫০% কমেছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২টি জারীর ফলে-
(ক) ৩০ হাজার টাকার অধিক মূল্যের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫,৫০০ টাকা হ্রাস পাবে;
(খ) ৩০ হাজার টাকার অধিক মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১,৫০০ ঢাকা হ্রাস পাবে;
সরকার কর্তৃক মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমান শুদ্ধ হ্রাসের ফলে সকল ধরণের মোবাইল ফোনের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকগণের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হবে মর্মে সরকার আশা করে। মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ড



No comments
Your opinion here...