ad

সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ, ২৮ জানুয়ারি থেকে শুরু জেলা পর্যায়ে ইন্টারভিউ

Views

 


সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ, ২৮ জানুয়ারি থেকে শুরু জেলা পর্যায়ে ইন্টারভিউ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫-৩৫, তারিখ ২২ জানুয়ারি ২০২৬ (০৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ) অনুযায়ী জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব জেলায় একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি, আবেদনের কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এছাড়া কোটা আবেদনকারীদের ক্ষেত্রে—

  1. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত গেজেট ও সম্পর্ক সনদের সত্যায়িত কপি।

  2. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ।

  3. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য: উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সিটি কর্পোরেশন এলাকায় হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত পরিচিতি সনদ।

জমা দেওয়ার সময়সীমা

সব কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। জমা দেওয়ার সময় মূল কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে।

মৌখিক পরীক্ষার দিন যা সঙ্গে আনতে হবে

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই জমা দেওয়া সব সনদের মূল কপি, প্রাপ্তি স্বীকারপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

সময়সূচি জানার উপায়

মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান

প্রার্থীদের যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও জমা দেওয়ার পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ নিয়মিত দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫-৩৫

তারিখ: ০৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ২২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

এতদ্দ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর ০৫.০০.০০০০.০০০.১৭২. ২২.০০১৫.২৫-১৩, তারিখ: ২২ জানুয়ারি ২০২৬ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৩৮.০০.০০০০.০০০.০০৮. ১১.০০০২.২৫-৪৬, তারিখ: ২২ জানুয়ারি ২০২৬ মোতাবেক যে সকল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি সে সকল জেলায় একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ; জাতীয় পরিচয়পত্র; লিখিত পরীক্ষার প্রবেশপত্র; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি; শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ; ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদ; এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি (সত্যায়িত) জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূলকপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে।

২। মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

স্বাক্ষরিত

(আবু নূর মোঃ শামসুজ্জামান)

মহাপরিচালক



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.