প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৫টি ক্ষুদ্র গবেষণার প্রস্তাব আহ্বান নেপের
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৫টি ক্ষুদ্র গবেষণার প্রস্তাব আহ্বান নেপের
নেপে ক্ষুদ্র গবেষণা প্রস্তাব আহ্বান: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পরীক্ষামূলক গবেষণায় বিশেষ গুরুত্ব
নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়নের লক্ষ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ ২০২৬-২৭ অর্থবছরের রাজস্বখাত থেকে ৫টি ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট গবেষকদের কাছ থেকে নির্ধারিত বিষয়ে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
নেপের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী গবেষকদের একজন টিম লিডার এবং এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করে নির্ধারিত কাঠামো অনুযায়ী গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবের হার্ড কপি আগামী ১৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনুষদ প্রধান, গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ ঠিকানায় এবং সফট কপি (PDF ও Word) nape.research@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
যেসব বিষয়ে গবেষণা করা যাবে
বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নোক্ত পাঁচটি বিষয়ে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে—
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষার মৌলিক সাক্ষরতা উন্নয়নে বিভিন্ন পদ্ধতি, কৌশল, এক্টিভিটি বা মডেলের কার্যকারিতা নির্ণয়।
প্রাথমিক স্তরের গণিতের চ্যালেঞ্জিং বিষয় শেখানোর কার্যকর পদ্ধতি, কৌশল বা মডেলের মূল্যায়ন।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি)/ডিপিএড প্রশিক্ষণের তথ্যপুস্তক, ম্যানুয়াল ও শিক্ষাক্রমের কার্যকারিতা ও সামঞ্জস্যতা বিষয়ক গবেষণা।
প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রম, পাঠ্যবই এবং শিক্ষক সহায়িকার কার্যকারিতা ও সামঞ্জস্যতা মূল্যায়ন।
প্রাথমিক শিক্ষা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সহজীকরণে বিশেষ উদ্যোগ বা উদ্ভাবনী কার্যক্রমের কার্যকারিতা নির্ণয়।
নেপ জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে পরীক্ষামূলক (Experimental Research) গবেষণাকে বিশেষভাবে উৎসাহ প্রদান করা হবে, যা এ বছরের গবেষণা কার্যক্রমের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য।
কারা গবেষক হতে পারবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী—
পিটিআই-এর কর্মকর্তা,
ইউপিইটিসির কর্মকর্তা,
শিক্ষা প্রশাসনের কর্মকর্তা,
পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
গবেষণা দল গঠন করে গবেষণা কার্যক্রমে অংশ নিতে পারবেন।
গবেষণা প্রস্তাবের কাঠামো
গবেষণা প্রস্তাবে অন্তর্ভুক্ত করতে হবে—
গবেষণার শিরোনাম
ভূমিকা ও প্রেক্ষাপট
গবেষণা সমস্যা
যৌক্তিকতা
উদ্দেশ্য বা গবেষণা প্রশ্ন
গবেষণা এলাকা
গবেষণা পদ্ধতি
গবেষণা ডিজাইন
নমুনায়ন
গবেষণা টুলস
তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি
প্রত্যাশিত ফলাফল
APA-7 অনুসারে রেফারেন্স
সময়াবদ্ধ কর্মপরিকল্পনা
বাজেট বিভাজন
উপসংহার
যেভাবে মূল্যায়ন করা হবে
নেপ জানিয়েছে, গবেষণা প্রস্তাব পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হবে—
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বাস্তবতায় গবেষণার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব।
গবেষণা সমস্যা ও উদ্দেশ্যের স্পষ্টতা এবং SMART ভিত্তিক উপস্থাপন।
গবেষণা পদ্ধতির বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা ও গবেষণা প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য।
নির্ধারিত সময়ের মধ্যে গবেষণা বাস্তবায়নের সক্ষমতা।
বাজেটের বাস্তবসম্মত ও যৌক্তিক ব্যবহার।
প্রতিটি গবেষণায় সর্বোচ্চ ২ লাখ টাকা
প্রতিটি অনুমোদিত ক্ষুদ্র গবেষণার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ নেপের রাজস্বখাতের গবেষণা উপখাত থেকে প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গবেষণার মোট বাজেটের সর্বোচ্চ ৪০ শতাংশ প্রধান গবেষক ও সহযোগী গবেষকরা সম্মানী হিসেবে গ্রহণ করতে পারবেন। অবশিষ্ট অর্থ গবেষণা পরিচালনা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন প্রস্তুত, যাতায়াত, স্টেশনারি ও অন্যান্য গবেষণা সহায়ক কাজে ব্যয় করা যাবে।
অর্থ প্রদান হবে দুই কিস্তিতে
গবেষণার অর্থ দুই ধাপে প্রদান করা হবে।
প্রথম কিস্তিতে অনুমোদিত বাজেটের ৪০ শতাংশ অগ্রিম দেওয়া হবে।
গবেষণার খসড়া প্রতিবেদন উপস্থাপন, সংশোধন ও চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর অবশিষ্ট ৬০ শতাংশ প্রদান করা হবে।
প্রধান গবেষককে সকল ব্যয়ের বিল-ভাউচার ও হিসাব যথাযথভাবে জমা দিয়ে অর্থ সমন্বয় করতে হবে।
গবেষণার সম্ভাব্য সময়সূচি
নেপের নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
১৫ আগস্ট ২০২৬ : গবেষণা প্রস্তাব জমাদানের শেষ সময়।
১০ সেপ্টেম্বর ২০২৬ : প্রাথমিক যাচাই-বাছাই।
০৫ অক্টোবর ২০২৬ : গবেষণা কমিটির মাধ্যমে অনুমোদন ও পরামর্শ।
১০ অক্টোবর ২০২৬ : অফিস আদেশ জারি।
৩০ নভেম্বর ২০২৬ : প্রথম কিস্তির অর্থ ছাড়।
জুলাই ২০২৬ থেকে এপ্রিল ২০২৭ : গবেষণা কার্যক্রম বাস্তবায়ন।
এ ছাড়া প্রধান গবেষককে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে এবং গবেষণার খসড়া প্রতিবেদন নেপ আয়োজিত সেমিনারে উপস্থাপন করতে হবে। সেমিনারের সুপারিশ অনুযায়ী সংশোধন শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।
গবেষণা প্রতিবেদনের স্বত্ব থাকবে নেপের
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে পরিচালিত গবেষণা প্রতিবেদনের স্বত্ব জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীনে সংরক্ষিত থাকবে। তবে নেপের পূর্বানুমতি সাপেক্ষে গবেষকগণ তা অন্য কোনো জার্নালে প্রকাশ করতে পারবেন।
যোগাযোগের ঠিকানা
বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নেপের বিশেষজ্ঞ এ. কে. এম. রাফেজ আলম (মোবাইল: ০১৭২১-৮৬৮০৫৮) অথবা সহকারী বিশেষজ্ঞ সোনিয়া ইয়াসমিন (মোবাইল: ০১৭৯০-০৩৮৮৯৯)-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অনুমোদনক্রমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন মো. জহরুল হক, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ ও অনুষদ প্রধান, গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
ময়মনসিংহ
www.nape.gov.bd
বিজ্ঞপ্তি
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ২০২৬-২৭ অর্থবছরে রাজস্বখাতে প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকগণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের সাথে সম্পর্কিত ৫টি ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। সে লক্ষ্যে আগ্রহী গবেষকগণের কাছ থেকে নিম্নোক্ত বিষয়/থিমসমূহে গবেষণা প্রস্তাবনা আহ্বান করা যাচ্ছে।
ক) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা (বাংলা ও ইংরেজি) উন্নয়নে কোনো পদ্ধতি, কৌশল, এক্টিভিটি বা মডেলের কার্যকারিতা নির্ণয় বিষয়ক গবেষণা।
খ) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিতের চ্যালেঞ্জিং কোনো বিষয়বস্তু উপস্থাপনার জন্য কোনো পদ্ধতি, কৌশল, এক্টিভিটি বা মডেলের কার্যকারিতা নির্ণয় বিষয়ক গবেষণা।
গ) পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি)/ ডিপিএড প্রশিক্ষণের তথ্যপুস্তক, ম্যানুয়াল, শিক্ষাক্রম ইত্যাদির কার্যকারিতা (Effectiveness), সামঞ্জস্যতা (Alignment) ইত্যাদি বিষয়ক গবেষণা।
ঘ) প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রম, পাঠ্যবই, শিক্ষক সহায়িকার কার্যকারিতা (Effectiveness), সামঞ্জস্যতা (Alignment) ইত্যাদি বিষয়ক গবেষণা।
ঙ) প্রাথমিক শিক্ষা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের সহজীকরণে বিশেষ কোনো উদ্যোগ/ কার্যক্রমের কার্যকারিতা নির্ণয় বিষয়ক গবেষণা।
উল্লেখ্য, এ বছর পরীক্ষামূলক গবেষণা (Experimental Research)-কে অধিকতর উৎসাহ প্রদান করা হচ্ছে।
গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একজন টিম লিডার এবং এক বা একাধিক সহযোগী গবেষকের সমন্বয়ে 'গবেষণা দল' গঠন করতে হবে। পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ এবং পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ গবেষক হিসেবে গবেষণা দল গঠন করতে পারবেন। গবেষণাদল গঠনপূর্বক নির্ধারিত কাঠামো অনুযায়ী 'গবেষণা প্রস্তাবনা' আগামী ১৫ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে হার্ড কপি "অনুষদ প্রধান, গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ" ঠিকানায় এবং সফট কপি (পিডিএফ এবং ওয়ার্ড ফাইল) nape.research@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। প্রতিটি ক্ষুদ্র গবেষণা কার্যক্রমের জন্য সর্বোচ্চ বরাদ্দকৃত বাজেট ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা মাত্র) টাকা, যা নেপ এর রাজস্বখাতের আওতাভুক্ত গবেষণা উপখাতে বরাদ্দ অর্থ থেকে পরিশোধ করা হবে।
গবেষণা প্রস্তাবনা কাঠামো:
১. গবেষণার শিরোনাম (Research Title)
২. ভূমিকা/প্রেক্ষাপট (Introduction/Background)
৩. গবেষণার সমস্যা (Research Problem)
৪. গবেষণার যৌক্তিকতা (Rationale of the Research)
৫. গবেষণার উদ্দেশ্য/গবেষণা প্রশ্ন (Objective/Research Question)
৬. গবেষণা পরিধি (Research Area)
৭. গবেষণার পদ্ধতি (Research Methodology)
গবেষণার ডিজাইন (Research Design/Paradigm of the Research)
নমুনায়ন (Sampling)
গবেষণার টুলস (Research Tools)
তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি (Data Collection and Analysis Method)
প্রত্যাশিত ফলাফল (Expected Deliverables)
রেফারেন্স (Reference- APA7 System)
৮. গবেষণার সময়াবদ্ধ পরিকল্পনা (Research Action Plan)
৯. বাজেট বিভাজন (Budget Breakup)
১০. উপসংহার (Conclusion)
নিম্নোক্ত নির্দেশকের আলোকে গবেষণা প্রস্তাবনাসমূহ মূল্যায়ন করে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে-
1. Relevance and Significance (How well is the proposal relevant and significant in Bangladesh's primary education context?)
2. Research Problem and Objectives (How clearly is the research problem stated and how specific, measurable, achievable, relevant, and time-bound (SMART) are the objectives/RQs?)
3. Methodology (How well do the research design, sampling, data collection, and analysis plan align and scientifically sound with the RQs/objectives?)
4. Feasibility and Consistency (How feasible is the proposal within the given timeline?)
5. Consistency with budget (How realistic and consistent is the budget with the research plan?)
গবেষণা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে সংযুক্তি-১ অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন হলে জনাব এ, কে, এম, রাফেজ আলম, বিশেষজ্ঞ (মোবাইল: ০১৭২১-৮৬৮০৫৮) অথবা জনাব সোনিয়া ইয়াসমিন, সহকারী বিশেষজ্ঞ (মোবাইল: ০১৭৯০-০৩৮৮৯৯)-এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
মহাপরিচালক, নেপ মহোদয়ের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
স্বাক্ষরিত
(মোঃ জহরুল হক)
ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অনুষদ প্রধান গবেষণা
ও
শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ।
সংযুক্তি-১
গবেষণা কার্যক্রম প্রক্রিয়া:
প্রস্তাবনা জমাদান
↓
প্রস্তাবনা যাচাই
↓
প্রস্তাবনা অনুমোদন
↓
অফিস আদেশ প্রদান
↓
গবেষণা পরিচালনা
↓
ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন প্রদান
↓
গবেষণার খসড়া প্রতিবেদন জমাদান
↓
খসড়ার উপর ফিডব্যাক প্রদান
↓
গবেষণা প্রতিবেদন চূড়ান্তকরণ
↓
চূড়ান্ত প্রতিবেদন জমাদান
গবেষণা অনুমোদন প্রক্রিয়া ও সম্ভ্যাব্য সময়সীমা
ক) প্রস্তাবনা আহ্বান: গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদের অনুষদ প্রধান কর্তৃক গবেষণা প্রস্তাবনা আহ্বান: পত্রে বর্ণিত সময় মোতাবেক।
খ) প্রস্তাবনা উপস্থাপন ও যাচাই: গবেষণা প্রস্তাবনা পাওয়ার পর গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ কর্তৃক প্রাথমিকভাবে বাছাই। সময়সীমা ১০ সেপ্টেম্বর, ২০২৬।
গ) প্রস্তাবনা অনুমোদন: প্রাথমিকভাবে নির্বাচিত গবেষণা প্রস্তাবনাসমূহ 'নেপ গবেষণা কমিটি' এর নিকট চূড়ান্ত বাছাই ও অনুমোদনের জন্য উপস্থাপন এবং কমিটির সুপারিশের প্রেক্ষিতে গবেষণা প্রস্তাবনাসমূহ পরিমার্জনের জন্য সংশ্লিষ্ট গবেষক (গণ)-কে পরামর্শ প্রদান: সময়সীমা ০৫ অক্টোবর, ২০২৬।
ঘ) পত্র জারি: গবেষণা প্রস্তাবনা/প্রস্তাবনাসমূহের অনুমোদন ও এর অনুকূলে দপ্তরাদেশ জারিকরণ: সময়সীমা ১০ অক্টোবর, ২০২৬।
ঙ) অর্থ ছাড়: অনুমোদিত গবেষণা প্রস্তাবনা/ প্রস্তাবনাসমূহের অনুকূলে ১ম কিস্তির অগ্রিম অর্থ প্রদান: সময়সীমা ৩০ নভেম্বর ২০২৬।
চ) গবেষণা কার্যক্রমের মেয়াদ: ২০২৬-২৭ অর্থবছরে রাজস্বখাতে পরিচালিত ৫টি ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার সময়সীমা জুলাই ২০২৬ হতে এপ্রিল ২০২৭।
ছ) গবেষণা কার্যক্রম আরম্ভ: নেপ গবেষণা কমিটি কর্তৃক অনুমোদনের পর অফিস আদেশ জারির তারিখ থেকে গবেষণা কার্যক্রম শুরু হয়েছে মর্মে গণ্য হবে।
গবেষণা অগ্রগতি পর্যালোচনা
প্রধান গবেষক তিন মাস পর পর গবেষণা কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত ছকে মহাপরিচালক, নেপ বরাবর পেশ করবেন।
ক) সংশ্লিষ্ট মূল্যায়নকারীগণের (নেপ কর্তৃক দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ) মতামত অনুসারে গবেষণার খসড়া প্রতিবেদন তৈরি করা হবে।
খ) খসড়া প্রতিবেদন নেপ কর্তৃক আয়োজিত গবেষণা সেমিনারে উপস্থাপন করা হবে।
গ) সেমিনারের সুপারিশের ভিত্তিতে খসড়া প্রতিবেদন চূড়ান্ত করা হবে।
ঘ) চূড়ান্ত গবেষণা প্রতিবেদনের সফট কপি এবং প্রিন্টেড কপি নেপ-এর গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ প্রধানের নিকট জমা প্রদান করা হবে।
ঙ) গবেষণার প্রিন্টেড কপি নেপ এর গ্রন্থাগার ও গবেষণা অনুষদের নিকট সংরক্ষিত থাকবে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গ্রন্থাগারে সংরক্ষণের জন্য কপি পাঠানো হবে।
তহবিলের উৎস
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর রাজস্ব বাজেটের গবেষণা উপখাতে বরাদ্দকৃত অর্থ হতে গবেষণার ব্যয়ভার বহন করা হবে।
প্রধান গবেষক ও গবেষকগণের সম্মানী
ক) প্রতিটি অনুমোদিত গবেষণা কার্যক্রমের অনুকূলে নেপ এর রাজস্ব থেকে বরাদ্দকৃত বাজেটের সর্বোচ্চ শতকরা ৪০ ভাগ অর্থ প্রধান গবেষক ও গবেষকগণ সম্মানী হিসেবে গ্রহণ করতে পারবেন;
খ) প্রধান গবেষক এবং গবেষকগণ গবেষণার প্রয়োজনে করা ভ্রমণ ভাতা সংশ্লিষ্ট গবেষণার বাজেট হতে গ্রহণ করবেন। নেপ হতে আলাদাভাবে ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না।
গবেষণার বাজেট বিভাজন
গবেষণার বাজেট বিভাজনে নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত থাকবে:
গবেষণা পরিচালনা বাজেট (গবেষক কর্তৃক)
ক) প্রধান গবেষক ও গবেষকের সম্মানী;
খ) গবেষণা সহায়তা ব্যয় (যাতায়াত ও দৈনিক ভাতা, গবেষণার টুলস মুদ্রণ, তথ্যসংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং খসড়া ও চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত, স্টেশনারি ও প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় ইত্যাদি);
গ) অনুমোদিত গবেষণা প্রস্তাবনার আলোকে সংশ্লিষ্ট প্রধান গবেষক গবেষণার বাজেট বিভাজন (সম্মানী ও গবেষণা সহায়তা ব্যয়ের উপখাতসমূহ) অনুষদ প্রধান (গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ)-এর নিকট পেশ করবেন। প্রতিটি অনুমোদিত গবেষণার বাজেট বিভাজন মহাপরিচালক, নেপ কর্তৃক অনুমোদিত হতে হবে।
গবেষণা সহায়তা বাজেট (গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ কর্তৃক)
ক) খসড়া প্রতিবেদন বিবেচনার উদ্দেশ্যে আয়োজিত সেমিনারে সভাপতি, আলোচক ও র্যাপোর্টিয়ার বিধিমোতাবেক সম্মানী প্রাপ্য হবেন, যা নেপের গবেষণা বাজেট থেকে মেটানো হবে;
খ) গবেষণা সংশ্লিষ্ট সেমিনার নেপের গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ কর্তৃক আয়োজন করা হবে এবং এ সংক্রান্ত ব্যয়ভার নেপের গবেষণা খাত হতে মেটানো হবে;
গ) চূড়ান্ত গবেষণা প্রতিবেদন মুদ্রণ ও বিতরণ ব্যয় নেপের গবেষণা খাত থেকে নির্বাহ করা হবে।
গবেষণা কার্যক্রমে অর্থ প্রদান, হিসাব সংরক্ষণ ও সমন্বয়করণ
ক) প্রতিটি অনুমোদিত গবেষণা কার্যক্রমের অর্থ দুই কিস্তিতে প্রদান করা হবে। গবেষণা কার্যক্রমের সময়সীমা ও কর্মপরিকল্পনার প্রেক্ষিতের প্রথম কিস্তিতে অনুমোদিত গবেষণা বাজেটের শতকরা ৪০ ভাগ অর্থ প্রধান গবেষক অনুকূলে অগ্রিম হিসেবে প্রদান করা হবে এবং প্রধান গবেষক ব্যয়ের বিল-ভাউচার মহাপরিচালক, নেপ বরাবর জমা দিয়ে প্রথম কিস্তিতে গৃহীত অগ্রিম সমন্বয় করবেন।
খ) খসড়া গবেষণা প্রতিবেদন কর্মশালা/সেমিনারে উপস্থাপন, কর্মশালা/সেমিনারে প্রদত্ত সুপারিশের ভিত্তিতে সংশোধন এবং গবেষণা মূল্যায়ন কমিটির ইতিবাচক মতামত প্রাপ্তি সাপেক্ষে এবং চূড়ান্ত প্রতিবেদন (হার্ড কপি এবং সফট কপি) গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদের নিকট জমা দেয়ার পর হিসাব শাখা দ্বিতীয় কিস্তিতে বাকি শতকরা ৬০ ভাগ অর্থ প্রধান গবেষক এর অনুকূলে প্রদান করবে। প্রধান গবেষক চূড়ান্ত হিসাব, বিল, ভাউচার, রশিদ, ব্যয়-বিবরণীসহ মহাপরিচালক, নেপ বরাবর জমা দিয়ে গবেষণার হিসাব সমন্বয় করবেন।
গবেষণা কার্যক্রমে নিয়োজিত গবেষকদের (প্রধান গবেষক এবং গবেষক) লিখিত সম্মতি জ্ঞাপনপত্র
ক) গবেষণা কার্যক্রমে নিয়োজিত প্রধান গবেষক এবং গবেষকগণ প্রত্যেকে নেপকে এই মর্মে লিখিত সম্মতি প্রদান করবেন যে, তারা নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট গবেষণার কাজ সম্পন্ন করবেন। কোন কারণে গবেষণা অসম্পূর্ণ রেখে কোন গবেষক গবেষণা কার্যক্রম হতে অব্যাহতি নিলে গৃহীত সম্মানী (যদি গ্রহণ করে থাকেন) ফেরত প্রদানে বাধ্য থাকবেন।
খ) কোনো গবেষক গবেষণা অসম্পূর্ণ রেখে গবেষণা থেকে অব্যাহতি নিলে গৃহীত সম্মানী (যদি গ্রহণ করে থাকেন) নেপ-এর হিসাব শাখায় ফেরত না দিলে প্রচলিত আইন PDR Act, 1913 অনুযায়ী তা আদায় করা যাবে।
গ) অনুমোদিত গবেষণায় নিয়োজিত গবেষকগণের পরিবর্তন বা প্রতিস্থাপনের ক্ষেত্রে মহাপরিচালক, নেপ-এর অনুমোদন নিতে হবে।
গবেষণা কার্যক্রমে গৃহীত অর্থের জবাবদিহিতা
গবেষণা কমিটি কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো গবেষণা প্রতিবেদন যথানিয়মে জমা না দিলে কিংবা প্রধান গবেষক/গবেষকগণ কর্তৃক গবেষণা পরিত্যাজ্য হলে অথবা দায়িত্ব পালনে অসমর্থ হলে উক্ত গবেষণা বাতিল বলে গণ্য করা হবে এবং গৃহীত সমুদয় অর্থ প্রধান গবেষক/গবেষকগণ নেপের হিসাব শাখায় ফেরত দিতে বাধ্য থাকবেন। যদি কোনো গবেষণার ব্যয়ভার মেটানোর পর অর্থ উদ্বৃত্ত থেকে যায়, তবে তা প্রধান গবেষক/গবেষকগণ নেপ-এ ফেরত প্রদান করবেন।
বিবিধ
ক) ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতে পরিচালিত ৫টি ক্ষুদ্র 'গবেষণা প্রতিবেদন'-এর স্বত্ব নেপ কর্তৃক সংরক্ষিত থাকবে। তবে গবেষক নেপের পূর্বানুমতি সাপেক্ষে তা অন্য কোনো জার্নালে প্রকাশ করতে পারবেন।
খ) গবেষণা ফলাফলের ও সুপারিশের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিতকরণে গবেষণালব্ধ ফলাফল/তথ্য/প্রতিবেদন বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে, যেমন- সেমিনার ও ওয়ার্কশপ, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, প্রশিক্ষণ, ওয়েবসাইটে প্রকাশ ইত্যাদি।
গ) গ্রন্থপঞ্জির/রেফারেন্সিং এর ক্ষেত্রে American Psychological Association (APA) রেফারেন্সিং সিস্টেমের (সর্বশেষ ভার্সন) অনুসরণ করা হবে।
(মোঃ জহুরুল হক)
ঊর্ধ্বতন বিশেষজ্ঞ
ও
অনুষদ প্রধান
গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ।
pdf download

_1.jpg)
_2.jpg)
_3.jpg)
_4.jpg)
_5.jpg)
No comments
Your opinion here...