৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্ম? ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা
৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্ম? ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা
ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া তালিকা ৯ আগস্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
ঢাকা, ১০ জুলাই ২০২৬: বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ, সংশোধন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখা থেকে ৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এ সিদ্ধান্ত অনুযায়ী, যেসব নাগরিকের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত জাতীয় ভোটার ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা নিবন্ধিত হবেন, তাদের হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
যেভাবে চলবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম
নির্বাচন কমিশনের অনুমোদিত সময়সূচি অনুযায়ী—
৪ আগস্ট ২০২৬: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারদের কাছে লিংক পাঠানোর শেষ দিন।
৯ আগস্ট ২০২৬: খসড়া ভোটার তালিকা মুদ্রণ ও প্রকাশ।
২৪ আগস্ট ২০২৬: দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ দিন।
২৭ আগস্ট ২০২৬: সংশোধনকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন নিষ্পত্তির শেষ দিন।
২৮ আগস্ট ২০২৬: গৃহীত সিদ্ধান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রম সম্পন্ন।
৩১ আগস্ট ২০২৬: হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
জনসচেতনতা বাড়াতে বিশেষ নির্দেশনা
নির্দেশনায় নির্বাচন কমিশন মাঠ প্রশাসনকে জনসচেতনতা বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।
এর মধ্যে রয়েছে—
মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা।
মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতাদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের বিষয়ে ঘোষণা প্রদান।
স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে ব্যাপক প্রচারণার ব্যবস্থা গ্রহণ।
ভুল থাকলে আবেদন করার আহ্বান
নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকায় যদি কোনো ভুল বা অসঙ্গতি থাকে, তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন করতে হবে।
বিশেষ করে—
পুরুষ তালিকায় ভুলবশত মহিলা ভোটারের নাম অন্তর্ভুক্ত হওয়া,
মহিলা তালিকায় পুরুষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হওয়া,
ধর্ম সংক্রান্ত তথ্যের ভুল,
নাম, জন্মতারিখ বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের ত্রুটি
এসব ক্ষেত্রে প্রয়োজনীয় আবেদন করে সংশোধনের সুযোগ থাকবে।
জরুরি ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশ
চিঠিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও মাঠ প্রশাসনকে নির্ধারিত সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বিষয়টিকে 'অতীব জরুরি' উল্লেখ করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ও সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-২) মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষর করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন সচিবালয়
নির্বাচন ভবন, আগারগাঁও,
ঢাকা নির্বাচন সহায়তা-২ শাখা
নং-১৭,০০,০০০০,০২৬.৩২.০২৪.২২-১৬৯
তারিখঃ ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিষয়ঃ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে খসড়া প্রকাশ ও চূড়ান্তকরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ (জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ মাননীয় কমিশন নির্ধারণ করেছে। সেপ্রেক্ষিতে, ভোটার তালিকা ডাটাবেইজে ৩১/০৭/২০০৮ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন ব্যক্তিদের মধ্যে ৩১/০৭/২০২৬ তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরত: চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তিকরত: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সংক্রান্তে বিস্তারিত সময়সূচী মাননীয় কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। সময়সূচি নিম্নরুপ:
বিবরণঃ
১। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট লিংক প্রেরণের শেষ তারিখ
প্রস্তাবিত সময়সূচিঃ ০৪ আগষ্ট ২০২৬
২। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণপূর্বক প্রকাশ
প্রস্তাবিত সময়সূচিঃ ০৯ আগষ্ট ২০২৬
৩.১। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল এর শেষ তারিখ
প্রস্তাবিত সময়সূচিঃ ২৪ আগষ্ট ২০২৬
৩.২। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ
প্রস্তাবিত সময়সূচিঃ ২৭ আগষ্ট ২০২৬
৩.৩। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ
প্রস্তাবিত সময়সূচিঃ ২৮ আগষ্ট ২০২৬
8। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
প্রস্তাবিত সময়সূচিঃ ৩১ আগষ্ট ২০২৬
০২। উক্ত কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহবান জানিয়ে মসজিদ/মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে ইমাম/পুরোহিতগণের মাধ্যমে নামাজ/প্রার্থনার আগে বা পরে ঘোষণা প্রদান, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার অন্তর্ভুক্তি ও মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
০৩। এমতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
০৪। বিষয়টি অতীব জরুরী।
স্বাক্ষরিত
(মোঃ নাসির উদ্দিন চৌধুরী)
সিনিয়র সহকারী সচিব (নি:স:-২)


No comments
Your opinion here...