মন্ত্রীদের সফরে নতুন প্রোটোকল নির্দেশনা জারি, আগের নির্দেশনা বাতিল
মন্ত্রীদের সফরে নতুন প্রোটোকল নির্দেশনা জারি, আগের নির্দেশনা বাতিল
ঢাকা, ২০ এপ্রিল ২০২৬: রাষ্ট্রীয় ও সরকারি কাজে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণের বিদেশ ও দেশীয় সফর সংক্রান্ত রাষ্ট্রাচার (প্রোটোকল) বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এ প্রজ্ঞাপনে সফরকালীন বিদায় সংবর্ধনা, অভ্যর্থনা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা পূর্ববর্তী নির্দেশনা বাতিল করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ যাত্রা ও দেশে প্রত্যাবর্তনের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। অন্যদিকে, দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে মন্ত্রীর ইচ্ছানুযায়ী তাঁর একান্ত সচিব ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনের সময় উপস্থিত থাকবেন।
জেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। তবে প্রয়োজন না হলে ডিসি বা এসপিকে নিজ সফরসূচি পরিবর্তন করতে হবে না; সে ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। মন্ত্রীর বিশেষ নির্দেশ থাকলে ডিসি বা এসপি তাঁদের কর্মসূচি পরিবর্তন করতে পারবেন।
উপজেলা পর্যায়ের সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অপ্রয়োজনে বিমানবন্দর বা রেলস্টেশনে ডিসি বা পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার প্রয়োজন নেই। তবে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত স্থানে সংশ্লিষ্ট জেলার উপযুক্ত প্রতিনিধি উপস্থিত থাকবেন।
নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট স্টেশনগুলোকে দ্রুত অবহিত করবেন এবং নির্দিষ্ট স্টেশনগুলোতে পুলিশ কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করবেন।
সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে। সরকারি ও ব্যক্তিগত সফরের পার্থক্যও স্পষ্টভাবে জানাতে হবে। সরকারি সফরে যানবাহন ও আবাসনের ব্যবস্থা সরকার করবে, তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে খরচ প্রযোজ্য নিয়ম অনুযায়ী বহন করতে হবে।
এছাড়া সার্কিট হাউজ বা সরকারি রেস্ট হাউজের বাইরে অবস্থান করলেও রাষ্ট্রাচার সংক্রান্ত বিধান প্রযোজ্য থাকবে এবং নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন গ্রহণ করবে।
নতুন এই নির্দেশনা কার্যকর হওয়ার ফলে মন্ত্রীদের সফর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সমন্বয় আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
নম্বর: ০৪,০০,০০০০,০০০,৪২৩.২২.০০০২.২৬-৫১
তারিখ:- ০৩ বৈশাখ ১৪৩৩ ১৬ এপ্রিল ২০২৬
বিষয়: রাষ্ট্রীয়/সরকারি কাজে মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রিগণের বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে এবং দেশের অভ্যন্তরে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (Protocol) সংক্রান্ত নির্দেশাবলি।
রাষ্ট্রীয়/সরকারি কাজে মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রিগণের বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে এবং দেশের অভ্যন্তরে সফরকালীন বিদায় সংবর্ধনা ও স্বাগত জানানোর জন্য নিম্নরূপ নির্দেশাবলি পালন করতে হবে:
(ক) মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রিগণের বিদেশ গমন ও স্বদেশে প্রত্যাবর্তনকালে মন্ত্রণালয়/বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব/যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
(খ) দেশের অভ্যন্তরে সফরকালে মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাঁর ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনস্থলে মন্ত্রণালয়/বিভাগের মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর একান্ত সচিব উপস্থিত থাকবেন।
(গ) জেলা সদরে যথাসম্ভব জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর আগমন ও বিদায়ের স্থানে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন।
(ঘ) জেলা সদরে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসক অথবা পুলিশ সুপারের নিজের সরকারি সফর বাতিল বা পরিবর্তন করার প্রয়োজন হবে না। এরূপ ক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক/অতিরিক্ত পুলিশ সুপার অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী ইচ্ছা প্রকাশ করলে জেলা প্রশাসক অথবা পুলিশ সুপার তাঁর সফরসূচি বাতিল করবেন।
(৩) উপজেলা সদর অথবা উপজেলার অন্য কোনো স্থানে মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর সফরকালে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীকে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। আবশ্যক না হলে জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপার-এর এক্ষেত্রে উপস্থিত থাকার প্রয়োজন নেই।
(চ) আগমন ও প্রস্থানের সময় আবশ্যক না হলে বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসক, ঢাকা/চট্টগ্রাম/কক্সবাজার/যশোর-এর উপস্থিত থাকার প্রয়োজন নেই। পুলিশ সুপার, যশোর ও কক্সবাজার/মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।
(ছ) কোনো জেলা/উপজেলায় আগমন/প্রস্থানের সময় আশেপাশের জেলার বিমানবন্দর/রেলস্টেশন ট্রানজিট হিসেবে ব্যবহৃত হলে ট্রানজিট স্থানে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের উপযুক্ত প্রতিনিধি উপস্থিত থাকবেন।
(জ) বিভাগীয় কমিশনার সদরদপ্তরে উপস্থিত থাকলে মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর আগমনের পর সৌজন্যমূলক সাক্ষাৎ করতে পারেন।
(ঝ) মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
(ঞ) রেলযোগে ভ্রমণের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ সুপার তৎক্ষণাৎ সংশ্লিষ্ট রুটের সকল পুলিশ স্টেশন/ফাঁড়িকে অবহিত করবেন।
(ট) যে স্টেশনে ট্রেন হতে অবতরণ এবং ট্রেনে পুনরায় আরোহণ করবেন অথবা কোনো জংশনে যে স্থানে ট্রেন বদলের প্রয়োজন হবে সে সকল স্থানে পুলিশের একজন পরিদর্শক/উপপরিদর্শক উপস্থিত থাকবেন। এছাড়াও রেলযোগে চট্টগ্রামে গমন ও প্রস্থানের সময় সেখানে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার উপস্থিত থাকবেন।
২। সাধারণ নির্দেশাবলি:
(ক) মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রিগণের সফরসূচি সংশ্লিষ্ট কর্মকর্তাগণের নিকট যথাসময়ে প্রেরণ করতে হবে। সফরসূচিতে কোনো পরিবর্তন হলে তাও যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে হবে।
(খ) সার্কিট হাউজ/সরকারি রেস্ট হাউজ ব্যতীত নিজ বাড়ি কিংবা অন্যত্র অবস্থানের ক্ষেত্রেও রাষ্ট্রাচার সংক্রান্ত বিদ্যমান নির্দেশাবলি প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
(গ) সফরসূচি প্রণয়নের সময় সফরটি সরকারি, না ব্যক্তিগত তা মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রিগণের দপ্তর হতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে অবহিত করতে হবে। সরকারি সফরের সময় মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রিগণের জন্য যানবাহন ও বাসস্থানের ব্যবস্থা করা হবে। ব্যক্তিগত সফরের জন্য যানবাহন ও বাসস্থানের ব্যবস্থা করা হলে এ সংক্রান্ত সেবার মূল্য পরিশোধের প্রচলিত নিয়ম প্রযোজ্য হবে।
(ঘ) মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর একান্ত সচিব/সহকারী একান্ত সচিবগণ মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী এতদসংক্রান্ত দায়িত্ব পালন করবেন।
৩। উপর্যুক্ত বিষয়ে এ বিভাগের ২৭ আগস্ট ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪২৩.২২.০০১.২৪.৬১ নম্বর স্মারকে জারিকৃত নির্দেশাবলি এতদ্দ্বারা প্রতিস্থাপিত হলো।
স্বাক্ষরিত
(নাসিমুল গনি)
মন্ত্রিপরিষদ সচিব।




No comments
Your opinion here...