স্বচ্ছতা ও দ্রুততায় ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ: তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়
স্বচ্ছতা ও দ্রুততায় ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ: তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়
সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগকে সামনে রেখে দেশের সকল মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে ১২ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মোসাদ্দেক মেহদী ইমাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করে প্রেরণ করেছে। সেই কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিপুল সংখ্যক সরকারি কর্মচারী নিয়োগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়, বিভাগ, অধীন দপ্তর ও সংস্থাসহ মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে বিদ্যমান শূন্য পদ—যেগুলো সরকারি কর্ম কমিশন (পিএসসি) কিংবা সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য—তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে চিঠি প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, নিয়মিতভাবে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে হালনাগাদ প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগেও পাঠাতে হবে। প্রতিবেদনটি পিডিএফ ও ওয়ার্ড ফরম্যাটে সফটকপিসহ নির্দিষ্ট ইমেইল ঠিকানায় প্রেরণের কথাও বলা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে সরকারি দপ্তরগুলোতে দীর্ঘদিনের শূন্য পদ দ্রুত পূরণ করে জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশাসন-২ শাখা
www.mopa.gov.bd
স্মারক নম্বর: ০৫.০০.০০০০.০০০.১১১.১৬.০০০৬.২৬.৮৬
তারিখ: ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত কর্মপরিকল্পনা এবং কর্মপরিকল্পনায় বর্ণিত "স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ" এর বিষয়ে তথ্য প্রেরণ
সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারক নং-০৩.০০.০০০০.০০০.০৬৬.৯৯.০০০১.২৫ (অংশ-১)-৩৮; তারিখ: ০৭ মার্চ ২০২৬
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগসমূহের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। নির্বাচনী ইশতাহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো "স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ"। নির্বাচনী ইশতাহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
০২। সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত উল্লিখিত ইশতেহার অনুযায়ী তাঁর মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক তাঁর মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসসমূহের শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন।
০৩। এমতাবস্থায়, সংযুক্ত ছক মোতাবেক উল্লিখিত বিষয়ে প্রতিবেদন পত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ admincord@mopa.gov.bd ঠিকানায়/ডিনথিতে) প্রেরণ, পিএসসির মাধ্যমে পরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে প্রেরণ এবং বর্ণিত প্রতিবেদন প্রতিমাসের ০৫ (পাঁচ) তারিখের মধ্যে প্রেরণ (মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ) নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তিঃ (১) সংযুক্ত ছক
মোসাদ্দেক মেহদী ইমাম
উপসচিব।



No comments
Your opinion here...