১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে
১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে
নিজস্ব প্রতিবেদন:
আসন্ন শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ ২০২৬ (বুধবার) তারিখে এক দিনের সাধারণ সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের বিধি-৬ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, Rules of Business, 1996 এর Schedule-1 অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কাজ বণ্টন সংক্রান্ত বিধির ৩৭ নম্বর ক্রমিকের আলোকে সরকার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে।
তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবা। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত সরকারি অফিসগুলোও প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে জানানো হয়েছে। অন্যদিকে আদালতের কার্যক্রম সম্পর্কে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ক্ষেত্রে সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
বিধি অনুবিভাগ বিধি-৬ শাখা
www.mopa.gov.bd
নং-০৫.০০.০০০০.০০০.১৭৫.০৮.০০২০.২৫-২৮
তারিখ: ২৩ ফাল্গুন, ১৪৩২ ০৮ মার্চ, ২০২৬
Allocation of Business Among The Different Ministries and Divisions (Schedule 1 of the Rules of Business, 1996) (Revised up to April 2017) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ ২০২৬ তারিখ বুধবার নির্বাহী আদেশে ০১ (এক) দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
২। (ক) জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
(খ) হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
(গ) চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বর্হিভূত থাকবে।
(ঘ) জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
৩। ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
৪। আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রীম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
৫। বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত
(এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক)
সহকারী সচিব।



No comments
Your opinion here...