ad

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুদান আবেদন শুরু, সময়সীমা বৃদ্ধি

Views

 


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুদান আবেদন শুরু, সময়সীমা বৃদ্ধি

শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান: আবেদন সময় ১৬ এপ্রিল পর্যন্ত বাড়লো

ঢাকা, ১৭ মার্চ ২০২৬: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান প্রদানের লক্ষ্যে পুনঃবিজ্ঞপ্তি জারি করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুদানের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ১৬ এপ্রিল ২০২৬ (বিকাল ৫টা পর্যন্ত) বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ ২০২৬) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা (সংশোধিত-২০২৫)” অনুযায়ী আবেদন গ্রহণ করা হবে।

কারা আবেদন করতে পারবেন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—

  1. দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিওভুক্ত ও নন-এমপিও) অবকাঠামো উন্নয়ন, সংস্কার, আসবাবপত্র, পাঠাগার স্থাপন, খেলাধুলার সামগ্রী সংগ্রহ এবং প্রতিবন্ধীবান্ধব পরিবেশ তৈরির জন্য অনুদান পাবে।

  2. শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি ও দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

  3. শিক্ষার্থীরা চিকিৎসা, দুর্ঘটনা এবং শিক্ষাব্যয় মেটাতে অনুদানের জন্য আবেদন করতে পারবে।

এ ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, গরীব, মেধাবী ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে মাইগভ (www.mygov.bd) প্ল্যাটফর্মের মাধ্যমে।

  1. শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা রেজিস্ট্রারকে আগে নিবন্ধন করতে হবে

  2. EIIN নম্বর দিয়ে প্রোফাইল যাচাই করতে হবে

  3. এরপর নির্ধারিত সেবায় গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে

গুরুত্বপূর্ণ শর্ত

  1. শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদন প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে করতে হবে

  2. শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/রেজিস্ট্রারের মাধ্যমে জমা দিতে হবে

  3. অসম্পূর্ণ আবেদন বা হার্ডকপি গ্রহণযোগ্য হবে না

প্রয়োজনীয় কাগজপত্র

  1. শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, চিকিৎসা সনদ ও প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র

  2. শিক্ষার্থীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র ও প্রত্যয়নপত্র

  3. প্রতিবন্ধী হলে সমাজসেবা অফিসের সনদ, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে চিকিৎসকের সনদ

অর্থ প্রদানের পদ্ধতি

  1. শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান সরাসরি ব্যাংক হিসাবে প্রদান করা হবে

  2. শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে

বিশেষ বিধান

  1. একই প্রতিষ্ঠান বা শিক্ষক-কর্মচারী একবারই এ সুবিধা নিতে পারবেন

  2. শিক্ষার্থীরা তিন বছর পরপর একবার আবেদন করতে পারবে

যাচাই-বাছাই প্রক্রিয়া

জেলা পর্যায়ের কমিটি আবেদন যাচাই করে ০৬ মে ২০২৬-এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে।

নির্দেশনা

বিজ্ঞপ্তিতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনকারীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রেজিস্ট্রারদেরও সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।

উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয়

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ 

বাজেট শাখা

www.shed.gov.bd

নম্বর: ৩৭.০০.০০০০.০৬৪,০৯৯.০০৩.২৩.৩৫৫

পুনঃবিজ্ঞপ্তি

তারিখ: ০১ চৈত্র ১৪৩২ ১৫ মার্চ ২০২৬

পুনঃবিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় "বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা (সংশোধিত-২০২৫)" এর আলোকে নিম্নোক্ত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে (নীতিমালা www.shed.gov.bd তে পাওয়া যাবে)।

(ক) দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও ভুক্ত ও নন এম.পি.ও. ভুক্ত) মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধিবান্ধব করার লক্ষ্যে অনুদান প্রাপ্তির জন্য আবেদন করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মান ভালো এরূপ প্রতিষ্ঠান-কে অগ্রাধিকার প্রদান করা হবে;

(খ) বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও ভুক্ত ও নন এম.পি.ও. ভুক্ত) শিক্ষক কর্মচারীগণ তাঁদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার জন্য অনুদানের আবেদন করতে পারবেন;

(গ) সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। এ অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগগ্রস্থ, গরীব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়, অনগ্রসর এলাকার ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে;

(ঘ) শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান প্রাপ্তির জন্য স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে অনুদান প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এবং স্নাতক/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/রেজিস্ট্রার এর মাধ্যমে আবেদন করতে হবে;

(ঙ) আবেদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/রেজিস্ট্রার কর্তৃক মাইগভ প্লাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রদত্ত মোবাইল নম্বরটি ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫ এর তথ্যানুযায়ী প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান/রেজিস্ট্রার এর প্রোফাইল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে প্রোফাইল ভেরিফাই/যাচাই করতে হবে। প্রোফাইল সম্পন্ন করার পর মাইগভ এর হোম পেইজ (https://www.mygov.bd) এ 'শিক্ষা প্রতিষ্ঠান/শিক্ষক-কর্মচারী/শিক্ষার্থীদের আর্থিক অনুদান' অংশে ক্লিক করলে সেবার তালিকা পাওয়া যাবে। সেবার তালিকা থেকে সেবা বাছাই করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণপূর্বক প্রতিষ্ঠান প্রধান/রেজিস্ট্রার এর মাধ্যমে আবেদন করতে হবে;

(চ) আবেদন গ্রহণের সময় ১৭ মার্চ ২০২৬ তারিখের পরিবর্তে ১৬ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। সেক্ষেত্রে আগামী ১৬ এপ্রিল ২০২৬ তারিখ (বিকাল ৫.০০ টা অফিস চলাকালীন) সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। প্রাপ্ত আবেদনসমূহ জেলা পর্যায়ে গঠিত কমিটি যাচাই-বাছাই করে ০৬ মে ২০২৬ (বিকাল ৫ ঘটিকা অফিস চলাকালীন) সময়ের মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর প্রেরণ করবে;

(ছ) শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে অনুদানের প্রয়োজনীয়তার বিষয়ে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/ এডহক কমিটি এর সভাপতি কর্তৃক প্রদত্ত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রতিপাদিত প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;

(জ) শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রদানসহ জাতীয় পরিচয়পত্রের কপি, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারি সনদ এবং দৈব দুর্ঘটনার স্বপক্ষে সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন ও চিকিৎসা সংক্রান্ত সনদ অবশ্যই সংযুক্ত করতে হবে;

(ঝ)আবেদনের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (সাধারণ) পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং স্নাতক/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ও জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;

(ঞ) শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইন এর মাধ্যমে প্রদান করা হবে। সুতরাং অনলাইন আবেদনকালে ব্যাংক হিসাবের তথ্য যথাযথভাবে পূরণ করে উক্ত হিসাবের প্রমাণক হিসেবে MICR চেক বই এর ১টি চেক পাতার PDF কপি সংযুক্ত করতে হবে: (ব্যাংক হিসাব অনলাইন না হলে এবং MICR চেক বই এর ১টি চেক পাতা আবেদনের সময় সংযুক্ত করা না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে);

(ট) শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং (আবেদন ফরমে উল্লেখিত) এর মাধ্যমে প্রদান করা হবে। সুতরাং অনলাইনে আবেদনকালে রেজিস্ট্রেশনকৃত (KYC আপডেটসহ) ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করতে হবে। এজেন্ট নম্বর বা মার্চেন্ট নম্বর গ্রহণযোগ্য নয়:

(ঠ) শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক-কর্মচারী একবার এ সুবিধা ভোগ করতে পারবেন। ইতোপূর্বে এ খাতের আওতায় সুবিধা প্রাপ্ত হলে পুনরায় আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না;

(ড) ছাত্র/ছাত্রী ক্যাটাগরিতে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে ০৩ (তিন) বছর পরপর আবেদন করতে পারবে;

(ঢ) প্রতিবন্ধীতার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা/উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রদত্ত 'প্রতিবন্ধী সনদ' ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক প্রদত্ত সনদ সংযুক্ত করতে হবে;

(ণ) অসম্পূর্ণ আবেদন বা আবেদনের হার্ডকপি গ্রহণযোগ্য নয়;

(ত) বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনের শর্তাবলী অমান্যকারী/অসুদপায় অবলম্বনকারীর বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে;

(থ) সকল জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাঁর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের (সরকারি-বেসরকারি) সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে আবেদনকারীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করবেন;

(দ) স্নাতক ও তদুর্দ্ধ/সমমান পর্যায়ের সকল (সাধারণ) শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/রেজিস্ট্রার মহোদয়গণকে আবেদনকারীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(লিউজা-উল-জান্নাহ)

উপসচিব। 


pdf download

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.