Views
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাব-ক্লাস্টার প্রশিক্ষণের নির্দেশনা
স্টাফ রিপোর্টার, ঢাকা:
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর নীতিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে শিক্ষক-কর্মকর্তাদের অবহিত করা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে দেশব্যাপী সাব-ক্লাস্টার প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. বায়েজীদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে দেশের সকল উপজেলায় তৃতীয় পর্যায়ের চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার জন্য অর্থ ছাড়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, পূর্বে জারি করা নীতিমালা অনুযায়ী ইউপিইটিসি/টিপিইটিসি ইন্সট্রাক্টরদের উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে সভা করে বিদ্যালয় থেকে প্রাপ্ত প্রশিক্ষণ চাহিদা পর্যালোচনা করে প্রশিক্ষণের বিষয় নির্বাচন ও তথ্যপত্র প্রণয়ন করার কথা ছিল। তবে বিশেষ প্রয়োজনে তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণের জন্য তথ্যপত্রের বিষয়বস্তু এবার সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ডিপিইর নির্দেশনা অনুযায়ী, সাব-ক্লাস্টার প্রশিক্ষণে প্রশাসন বিভাগের প্রণীত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর নীতিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম সংক্রান্ত নির্দেশিকা তথ্যপত্র হিসেবে ব্যবহার করতে হবে। পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়েও প্রশিক্ষণের অধিবেশন পরিচালনা করা হবে।
প্রশিক্ষণে আরও যেসব বিষয় গুরুত্ব দিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেগুলো হলো—
প্রতিটি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করা;
বিদ্যালয় ও অফিসে নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করা;
২০২৫-২৬ অর্থবছরে বিদ্যালয়সমূহে ক্ষুদ্র মেরামত, প্লেয়িং অ্যাক্সেসরিজ, সিসি টিভি ক্যামেরা এবং নির্বাচন উপলক্ষে প্রেরিত বিভিন্ন বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করতে হবে।
এছাড়া তথ্যপত্র প্রণয়নের বিধি অনুসরণ করে দেশের সব উপজেলায় তৃতীয় পর্যায়ের চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২৬ এর মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রশিক্ষণ শেষে পরিদর্শনকারী কর্মকর্তাদের তিন কর্মদিবসের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ) বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ইউপিইটিসি কর্মকর্তাদের সভার হাজিরাশীটও প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, উপরোক্ত কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষণ বিভাগ সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৬০০.২৫.২৪.১৯.২৯৬
০১ চৈত্র ফাল্গুন ১৪৩২ তারিখ: ১৫ মার্চ ২০২৬
বিষয়: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর নীতিমালাসহ সকল কার্যক্রম অবহিতকরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে ২০২৫-২৬ অর্থবছরের ৩য় পর্যায়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার নির্দেশনা।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২৫- ২৬ অর্থবছরের সকল উপজেলায় ৩য় পর্যায়ের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ পরিচালনার অর্থ ছাড়করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতোপূর্বে প্রেরিত নীতিমালা অনুসারে ইউপিইটিসি/টিপিইটিসি ইন্সট্রাক্টরগণ উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে সভার মাধ্যমে বিদ্যালয় হতে প্রাপ্ত প্রশিক্ষণ চাহিদা পর্যালোচনা করে প্রশিক্ষণের বিষয় নির্বাচন পূর্বক তথ্যপত্র প্রণয়ন করার নির্দেশনা রয়েছে। তবে বিশেষ প্রয়োজনে ৩য় পর্যায়ে প্রশিক্ষণের তথ্যপত্র প্রণয়নের বিষয়বস্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে নির্ধারিত হয়েছে যা এতদসঙ্গে প্রেরণ করা হলো।
২। ৩য় পর্যায়ের সাব-ক্লাস্টার প্রশিক্ষণে বর্ণিত বিষয়সমূহ আলোচনার নিমিত্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা নিম্নরূপঃ
(ক) প্রশাসন বিভাগ হতে প্রণীত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর নীতিমালাসহ সকল কার্যক্রম অবহিতকরণ সংক্রান্ত নির্দেশিকাটি সাব-ক্লাস্টার প্রশিক্ষণের তথ্যপত্র হিসেবে ব্যবহৃত হবে;
(খ) নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের অধিবেশন পরিচালিত হবে;
(গ) প্রতিটি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত অফিস ব্যবস্থাপনা নিশ্চিতকরণের বিষয় আলোচনা করতে হবে;
(ঘ) নির্ধারিত সময়ে বিদ্যালয় ও অফিসে উপস্থিতি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব সহকারে উপস্থাপন করতে হবে;
(ঙ) ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যালয়সমূহে ক্ষুদ্র মেরামত, Playing Accessories, সিসি টিভি ক্যামেরা ও নির্বাচন উপলক্ষ্যে প্রেরিত বরাদ্দস অদ্যাবধি প্রেরিত সকল বরাদ্দের যথাযথভাবে ব্যয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে হবে;
(চ) যথারীতি সকাল ৯ টা হতে বিকেল ৫.০০ টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করতে হবে;
(ছ) তথ্যপত্র প্রণয়নের বিধি বিধান অনুসরণ পূর্বক সকল উপজেলায় ৩য় পর্যায়ের চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ আয়োজনের প্রস্তুতি গ্রহণ করতে হবে;
(জ) প্রশিক্ষণটি ২৫ মার্চ ২০২৬ তারিখ হতে ০৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে শেষ করতে হবে;
(ঝ) বর্ণিত কার্যক্রমসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরবরাহকৃত তথ্যপত্রটি চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত পরবর্তীতে উদাহরণ হিসেবে ব্যবহার বিবেচনাযোগ্য নয়;
(ঞ) প্রশিক্ষণ পরিদর্শনকারী কর্মকর্তাগণ প্রশিক্ষণ সমাপনান্তে ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরিচালক (প্রশিক্ষণ) বরাবর প্রেরণ করবেন। উল্লেখ্য ইউপিইটিসি এর কর্মকর্তাগণ এ বিষয়ে আয়োজিত সভার হাজিরাশীট প্রতিবেদনের সাথে সংযুক্ত করবেন।
৩। এমতাবস্থায় উপরোল্লিখিত নির্দেশনা অনুসরণে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
৪। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
মোঃ বায়েজীদ খান
সহকারী পরিচালক (প্রশিক্ষণ)

No comments
Your opinion here...