আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর
ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক:
স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার (HUF) করদাতাদের জন্য ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পূর্বনির্ধারিত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) এনবিআরের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন-১) মোঃ একরামুল হক। আদেশে উল্লেখ করা হয়, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) তারিখে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সময়সীমা বৃদ্ধির ফলে ব্যক্তি শ্রেণির করদাতারা রিটার্ন প্রস্তুত ও দাখিলের জন্য অতিরিক্ত সময় পাবেন, যা কর পরিপালনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে যারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি বা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতে বিলম্ব হয়েছে, তারা এই বাড়তি সময়ের সুবিধা নিতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট (www.nbr.gov.bd) এ আদেশটি প্রকাশ করা হয়েছে। করদাতাদের নির্ধারিত নতুন সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন
www.nbr.gov.bd
পত্র নম্বর-০৮.০১.০০০০.০৩০.০১১.০০৩.১২-২৪
তারিখ: ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
আদেশ
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ তারিখ নির্ধারণ করিল।
স্বাক্ষরিত
(মোঃ একরামুল হক)
দ্বিতীয় সচিব (কর আইন-১)
জাতীয় রাজস্ব বোর্ড



No comments
Your opinion here...