১৬ ও ১৭ বছর পূর্ণ করলেই জাতীয় পরিচয় নিবন্ধন: নির্বাচন কমিশনের পরিপত্র জারি
১৬ ও ১৭ বছর পূর্ণ করলেই জাতীয় পরিচয় নিবন্ধন: নির্বাচন কমিশনের পরিপত্র জারি
নিজস্ব প্রতিবেদক:
১৬ ও ১৭ বছর বয়স পূর্ণ হওয়া বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬ / ০৯ ফাল্গুন ১৪৩২) জারি করা পরিপত্রে (স্মারক নং-১৭,০০,০০০০,০৮৭,৩২,০০১,২৪-১২০৯) বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যে সকল বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে অথবা হবে, তাদের নিবন্ধন (Registration) কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে, যাতে নির্ধারিত বয়সসীমার নাগরিকদের নিবন্ধন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা যায়।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত পরিপত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্তের ফলে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকরা আগাম জাতীয় পরিচয় নিবন্ধনের আওতায় আসতে পারবেন, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ, শিক্ষাবিষয়ক কার্যক্রম এবং নাগরিক পরিচয় নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে নাগরিক সেবা সহজীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্য ও প্রক্রিয়া জানার জন্য স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন সচিবালয়
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ
তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯ ফাল্গুন ১৪৩২
নং-১৭,০০,০০০০,০৮৭,৩২,০০১,২৪-১২০৯
পরিপত্র
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যে সকল বাংলাদেশি নাগরিকের বয়স ১৬/১৭ বছর পূর্ণ হয়েছে/হবে তাদের নিবন্ধন (Registration) কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছে।
০২। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো।
স্বাক্ষরিত
খান আবি শাহানুর খান
পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।



No comments
Your opinion here...