গণভোট-২০২৬ সফল করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেশব্যাপী প্রশিক্ষণ ও জনসচেতনতা কর্মসূচি জোরদার
গণভোট-২০২৬ সফল করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেশব্যাপী প্রশিক্ষণ ও জনসচেতনতা কর্মসূচি জোরদার
ঢাকা, ৮ জানুয়ারি ২০২৬:
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সফল করতে দেশব্যাপী ব্যাপক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গণভোটের ধারণা, সাংবিধানিক ভিত্তি এবং জুলাই জাতীয় সনদ সম্পর্কে জনগণকে অবহিত করতে বিভাগ, জেলা, উপজেলা ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সমন্বিতভাবে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নে একাধিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু হয়েছে।
দেশব্যাপী কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণ
নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের গণভোট বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করতে বলা হয়েছে। প্রয়োজনে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরই মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়, ৮টি বিভাগীয় অফিস, ৬৪টি জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ৬৭টি পিটিআই, ৫১৬টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং ৫০৯টি উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ সেন্টারসহ মোট ১১৬৪টি দপ্তরে গণভোট সংক্রান্ত নির্দেশনা পৃষ্ঠাংকনপূর্বক প্রেরণ করা হয়েছে।
অভিভাবক ও জনগণের মাঝে সচেতনতা
ডিপিই-এর আওতাধীন দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের সময় আয়োজিত মা/অভিভাবক সমাবেশে গণভোট বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ২ লাখ ৩৫ হাজার ৭৬২টি হোম ভিজিট এবং ৩৪ হাজার ৯২টি উঠান বৈঠকের মাধ্যমে গণভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে অভিভাবক ও সাধারণ জনগণকে অবহিত করা হয়েছে।
শিক্ষক ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা
৬৭টি পিটিআই-এর মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমে গণভোট বিষয়ক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিপিএড পাইলটিং কর্মশালা, বিটিপিটি কোর্স উদ্বোধনসহ বিভিন্ন প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রায় ৭ হাজারের বেশি শিক্ষক ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তিকে গণভোট প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে।
ডিজিটাল ও ভিজ্যুয়াল প্রচার জোরদার
তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত গণভোট বিষয়ক টিভিসি ও তথ্য কণিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ মাঠ পর্যায়ের দপ্তরগুলোর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে গণভোট বিষয়ক ব্যানার প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি ফেসবুক একাউন্টে প্রচারণার সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পৌরসভা প্রশাসক ও সিটি কর্পোরেশন প্রশাসকদের ট্যাগ করার বিষয়েও বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
সমন্বিত প্রচার ও প্রশাসনিক সহযোগিতা
গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম পরিচালনায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময়ে সময়ে প্রাপ্ত সকল নির্দেশনা তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
ডিপিই-এর প্রত্যাশা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা করছে, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণভোট-২০২৬ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভোটাধিকার প্রয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে এই সমন্বিত উদ্যোগ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭,৩৭.০০৪.২৫-৪৮
তারিখ: ২৪ পৌষ ১৪৩২ ০৮ জানুয়ারি ২০২৬
বিষয়: "গণভোট-২০২৬" বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত
সূত্র: প্রধান উপদেষ্টার কার্যালয় এর ০৭ জানুয়ারি ২০২৬ তারিখের ১০২ নম্বর পত্র
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে "গণভোট-২০২৬" বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গৃহীত সিদ্ধান্তের আলোকে নিম্নবর্ণিত কার্যক্রমের কর্মপরিকল্পনা (প্রশিক্ষণ ও সচেতনতা) প্রণয়নপূর্বক বাস্তবায়ণ প্রতিবেদন অদ্য ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ অফিস সময় (বিকাল ৫.০০ ঘটিকা) এর মধ্যে ই-মেইলে (adgeneraldpe@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
ক) বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানের কার্যালয়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের গণভোট বিষয়ক প্রশিক্ষণ আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীগণকে অনলাইনে যুক্ত করতে হবে;
খ) বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সাথে সমন্বিতভাবে প্রচার কার্যক্রম চালাবেন;
গ) সকল দপ্তর প্রধানের (বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের) সরকারি ফেসবুক একাউন্টে গণভোট বিষয়ক প্রচারণা চালাতে হবে। এক্ষেত্রে প্রচারণার ছবি/ভিডিও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/পৌরসভা প্রশাসক/জেলা প্রশাসক/সংশ্লিষ্ট দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা/বিভাগীয় কমিশনার/মেয়র বা প্রশাসক, সিটি কর্পোরেশন-দের ফেসবুক একাউন্টে ট্যাগ করে প্রচারকার্য চালাবেন;
ঘ) জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে "গণভোট-২০২৬" বিষয়ক ব্যানার প্রদর্শন এক কার্যদিবসের মধ্যে নিশ্চিত করতে হবে;
ঙ) সকল পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে যেন তারা সমাজে গণভোট বিষয়ে সচেতনতা তৈরীতে ভূমিকা রাখতে পারেন।
স্বাক্ষরিত
মোঃ মাসুদ হোসেন
পরিচালক (প্রশাসন)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.১০৭.৩৭.০০৪.২৫.৪৯
তারিখ: ২৪ পৌষ ১৪৩২ ০৮ জানুয়ারি ২০২৬
বিষয়: ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং গণভোট অনুষ্ঠানের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন
সূত্র: প্রাগম স্মারক নম্বর- ৩৮.০০.০০০০.০০৫.১৬.০০২.২০২৫-২৮, তারিখ- ০৫/০১/২০২৬ খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্ররিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং গণভোট অনুষ্ঠানের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন নিম্নরূপ প্রেরণ করা হলো।
কর্মপরিকল্পনা ১
১) গণভোটের ধারণা ও এর সাংবিধানিক ভিত্তি এবং জুলাই জাতীয় সনদের মূল তথ্য ও কাঠামো সম্পর্কে শিক্ষক ও কর্মচারীদের সম্যকভাবে অবহিতকরণঃ
অগ্রগতি/গৃহীত কার্যক্রমঃ ক) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল দপ্তরসমূহকে অবহিত করা হয়েছে। মাঠ পর্যায়ের ৮টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ৬৭টি পিটিআই, ৫১৬টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ৫০৯টি উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ সেন্টারসহ সর্বমোট ১১৬৪টি দপ্তরে পত্রটি পৃষ্ঠাং কনপূর্বক প্রেরণ করা হয়েছে;
খ) ৮টি বিভাগীয় দপ্তরসমুহের বিভাগীয় উপপরিচালকগণকে এ বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়েছে;
গ) ৬৪টি জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ৬৭টি পিটিআই-এর ডিসেম্বর ২০২৫ মাসের মাসিক সমন্বয় সভায় বিষয়টির গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে;
কর্মপরিকল্পনা ২
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ, হোম ভিজিট ও উঠান বৈঠকের মাধ্যমে গণভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ ও ভোটাধিকার প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ
অগ্রগতি/গৃহীত কার্যক্রমঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের ৬৫৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণের সময় আয়োজিত মা সমাবেশে বিষয়টি সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২,৩৫,৭৬২ টি হোম ভিজিট এবং ৩৪,০৯২ টি উঠান বৈঠকের মাধ্যমে গণভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে
কর্মপরিকল্পনা ৩
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৬৭টি পিটিআই এর মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গণভোট সম্পর্কে অবহিতকরণ
অগ্রগতি/গৃহীত কার্যক্রমঃ ১২টি ডিপিএড পাইলটিং কর্মশালায় উপস্থিত ১৫৫ জন ইন্সট্রাক্টরগণকে গণভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে। এছাড়াও ৮ বিভাগের অন্তর্গত ৬৭টি পিটিআই-এ বিটিপিটি কোর্স উদ্বোধনের সময় উপস্থিত ৮ জন ডিডি, ৬৭ জন সুপার, ৪৫০ জন পিটিআই ইন্সট্রাক্টর ও ৬৯০০ জন অংশগ্রহণকারী শিক্ষকগণকে গণভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে।
কর্মপরিকল্পনা ৪
তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন হতে প্রাপ্ত গণভোট সংশ্লিষ্ট টিভিসি/তথ্য কণিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন দপ্তর/সংস্থার ওয়েবসাইট, ফেসবুক পেজ এ আপলোড করা এবং শিক্ষক ও কর্মকর্তাদের হোয়াটস অ্যাপ গ্রুপে প্রচারের ব্যবস্থা গ্রহণ
অগ্রগতি/গৃহীত কার্যক্রমঃ গণভোট সংশ্লিষ্ট তথ্য কণিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন ৮টি বিভাগীয় ও ৬৪ জেলার দপ্তরসমূহের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং কর্মকর্তা ও কর্মচারীগণের হোয়াটস অ্যাপ গ্রুপে প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে।
কর্মপরিকল্পনা ৫
গনভোট সম্পর্কে নির্বাচন কমিশন হতে সময়ে সময়ে প্রাপ্ত নির্দেশনা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ
অগ্রগতি/গৃহীত কার্যক্রমঃ নির্বাচন কমিশন, মন্ত্রি পরিষদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রাপ্ত নির্বাচন ও গণভোট সংক্রান্ত সময়ে সময়ে প্রাপ্ত বিভিন্ন নির্দেশনাসমূহ তাৎক্ষনিকভাবে মাঠ পর্যায়ের ৮টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ৬৭টি পিটিআই, ৫১৬ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ৫০৯টি উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ সেন্টারসহ ৬৫৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অবহিত করা হচ্ছে।
সংযুক্তি: ১। নতুন কর্মপরিকল্পনা- ০১ ফর্দ
২। মাঠ পর্যায়ে প্রেরিত নির্দেশনা- ০১ ফর্দ।
স্বাক্ষরিত
মোঃ মাসুদ হোসেন
পরিচালক (প্রশাসন)
সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়
[দৃষ্টি আকর্ষণ- উপসচিব (প্রশাসন-২)]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা
www.dpe.gov.bd
বিষয়: গণভোটের বিষয়বস্তু তথা জুলাই সনদ সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান এবং সচেতনতামূলক প্রচার বিষয়ক কর্মপরিকল্পনা।
কার্যক্রমঃ ১) প্রশিক্ষণ প্রদান
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (প্রধান কার্যালয়) ও বিভাগীয় কার্যালয়
কার্যক্রমের বিবরণঃ প্রধান কার্যালয়সহ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফলাইন/অনলাইনে সংযুক্ত করে গণভোট ও জুলাই সনদ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান।
বাস্তবায়নকালঃ ১২ জানুয়ারি ২০২৬ সকাল ১০:৩০ মিনিট
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও PTI
কার্যক্রমের বিবরণঃ প্রধান কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের (ডিপিইও অফিস ও পিটিআই) গণভোট ও জুলাই সনদ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান।
বাস্তবায়নকালঃ ১৩ জানুয়ারি ২০২৬ সকাল ১০:৩০ মিনিট
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামঃ উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিস, UPTC/TPTC
কার্যক্রমের বিবরণঃ প্রধান কার্যালয়ের আয়োজনে উপজেলা/থানা (ইউপিটিসি/টিপিটিসিসহ) পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের গণভোট ও জুলাই সনদ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান।
বাস্তবায়নকালঃ ১৪ জানুয়ারি ২০২৬ সকাল ১০:৩০ মিনিট
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামঃ প্রাথমিক বিদ্যালয়
কার্যক্রমের বিবরণঃ উপজেলা/থানা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচিত শিক্ষকগণের জন্য গণভোট ও জুলাই সনদ সম্পর্কে সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন/ব্রিফিং আয়োজনের নির্দেশনা প্রদান।
বাস্তবায়নকালঃ ১৫ জানুয়ারি ২০২৬
কার্যক্রমঃ ২) সচেতনতামূলক প্রচার কার্যক্রম
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামঃ সচেতনতামূলক নির্দেশনা
কার্যক্রমের বিবরণঃ প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের গণভোট বিষয়ে সমন্বিত প্রচার কার্যক্রম পরিচালনার জন্য লিখিত নির্দেশনা প্রদান।
বাস্তবায়নকালঃ ০৮ জানুয়ারি ২০২৬
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামঃ সমন্বিত প্রচার
কার্যক্রমের বিবরণঃ বিভাগ, জেলা ও উপজেলা/থানা পর্যায়ের কর্মকর্তাগণ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সাথে সমন্বিতভাবে প্রচার কার্যক্রম চালাবেন।
প্রধান কার্যালয়সহ সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে গণভোট বিষয়ক প্রচারে সম্পৃক্ত করা।
বাস্তবায়নকালঃ ১১-১৫ জানুয়ারি ২০২৬
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামঃ ডিজিটাল প্রচার
কার্যক্রমের বিবরণঃ সকল দপ্তর প্রধানের (প্রধান কার্যালয়, বিভাগীয়, জেলা, উপজেলা/থানা পর্যায়) সরকারি ফেসবুক একাউন্টে গণভোট ও জুলাই সনদ সম্পর্কে সচেতন করতে প্রচার কার্যক্রম চালাবেন। পাশাপাশি প্রচারণার ছবি/ভিডিও সংশ্লিষ্ট ইউএনও/ পৌরসভা প্রশাসক। জেলা প্রশাসক/সংশ্লিষ্ট দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা/বিভাগীয় কমিশনার/মেয়র বা প্রশাসক/সিটি কর্পোরেশন অফিসের ফেসবুক একাউন্টে প্রচার কার্য চালাবেন।
বাস্তবায়নকালঃ ১১-১৫ জানুয়ারি ২০২৬
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামঃ ব্যানার/ভিজ্যুয়াল প্রচার
কার্যক্রমের বিবরণঃ জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণভোট বিষয়ক ব্যানার নির্ধারিত সময়ে প্রদর্শন নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করতে হবে।
বাস্তবায়নকালঃ ১১ জানুয়ারি ২০২৬
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামঃ শিক্ষক সম্পৃক্ততা
কার্যক্রমের বিবরণঃ বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, যেন তারা নিজ নিজ সমাজে গণভোট বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারেন।
বাস্তবায়নকালঃ ১১-১৫ জানুয়ারি ২০২৬
স্বাক্ষরিত
মো: মাসুদ হোসেন
পরিচালক (প্রশাসন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর




No comments
Your opinion here...