পিটিআইতে বহিঃতথ্যজ্ঞদের মাধ্যমে অধিবেশন পরিচালনার অনুমতি দিল নেপ
পিটিআইতে বহিঃতথ্যজ্ঞদের মাধ্যমে অধিবেশন পরিচালনার অনুমতি দিল নেপ
ময়মনসিংহ, ১৯ জানুয়ারি ২০২৬:
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ও পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) কোর্সকে আরও সমৃদ্ধ ও কার্যকর করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে (পিটিআই) বহিঃতথ্যজ্ঞ ব্যক্তিবর্গ কর্তৃক অধিবেশন পরিচালনার অনুমতি প্রদান করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) ডিপিএড বোর্ড, ময়মনসিংহ থেকে প্রকাশিত এক সরকারি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। স্মারক নং-৩৮.০৪.০০০০.৪১৮.১৮.০০৪.২৫-২৪৩ নম্বরের ওই পত্রে জানানো হয়, পিটিআই ইন্সট্রাক্টরদের পাশাপাশি অভিজ্ঞ ও স্বনামধন্য বহিঃতথ্যজ্ঞ ব্যক্তিরাও প্রশিক্ষণার্থীদের জন্য বিভিন্ন অধিবেশন পরিচালনা করতে পারবেন।
চিঠিতে উল্লেখ করা হয়, অধিবেশন পরিচালনার ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রাথমিক শিক্ষা বিভাগের জাতীয় ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা ও শিক্ষকগণ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এবং জাতীয়ভাবে স্বীকৃত ব্যক্তিবর্গ অগ্রাধিকার পাবেন।
এতে আরও বলা হয়, কোনো বহিঃতথ্যজ্ঞ ব্যক্তি যদি নির্ধারিত কোর্সের নিয়মিত রুটিনের বাইরে কোনো অধিবেশন পরিচালনা করেন, সেক্ষেত্রে নির্ধারিত নিয়মিত অধিবেশন অবশ্যই অন্য সময়ে গ্রহণ করতে হবে। প্রয়োজনে সান্ধ্যকালীন অধিবেশন আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই নিয়মিত অধিবেশন বাদ দেওয়া যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল পিটিআই কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির উপপরিচালক (মূল্যায়ন) এ কে এম মনিরুল হাসান স্বাক্ষর করেন।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে বাস্তব অভিজ্ঞতা ও বহুমাত্রিক জ্ঞান সংযোজন সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড ময়মনসিংহ।
www.nape.gov.bd
স্মারক নং-৩৮.০৪.০০০০.৪১৮.১৮.০০৪.২৫-২৪৩
তারিখ: ২৪ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: পিটিআইসমূহে বহিঃতথ্যজ্ঞ ব্যক্তিবর্গ কর্তৃক অধিবেশন পরিচালনা প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) এবং ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্স দুইটিকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে পিটিআইসমূহে পিটিআই ইন্সট্রাক্টরগণের পাশাপাশি অন্যান্য বহিঃতথ্যজ্ঞ ব্যক্তিবর্গও বিভিন্ন অধিবেশন পরিচালনা করতে পারবেন। অধিবেশন পরিচালনা করার ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রাথমিক শিক্ষা বিভাগের জাতীয়/বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তাগণ/শিক্ষকগণ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এবং জাতীয়ভাবে স্বনামধন্য ব্যক্তিবর্গ অগ্রাধিকার পাবেন।
০২। বহিঃতথ্যজ্ঞ কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত অধিবেশন উল্লিখিত দুইটি কোর্সের জন্য নির্ধারিত অধিবেশনের বাইরে হলে, রুটিনে নির্ধারিত নিয়মিত অধিবেশন অন্য সময়ে অবশ্যই পরিচালনা করতে হবে এবং প্রয়োজনে সান্ধ্যকালীন অধিবেশন নিতে হবে, কোনোভাবেই তা বাদ দেয়া যাবেনা।
০৩। এমতাবস্থায়, পিটিআইসমূহে বহিঃ তথ্যজ্ঞ ব্যক্তিবর্গ কর্তৃক অধিবেশন পরিচালনা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
এ কে এম মনিরুল হাসান
উপপরিচালক (মূল্যায়ন)



No comments
Your opinion here...